অন্যান্য
সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটসহ নানাদিক থেকে বাংলাদেশ ও ভারত একে অপরের ওপর নির্ভরশীল। তাই সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে।
সোমবার (১০ আগস্ট) মন্ত্রীর সঙ্গে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটসহ নানা দিক থেকে বাংলাদেশ ও ভারত একে অপরের ওপর নির্ভরশীল। অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা বা ফ্রেশ স্টার্ট জরুরি। তিনি বলেন, দুই দেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য বা ইস্যু রয়েছে যেগুলো পারস্পরিক সহযোগিতা ও আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে। তবে এ বিষয়ে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা কেবল ভৌগোলিক সীমানা ভাগাভাগি করি না, আমরা সমৃদ্ধির স্বপ্নও ভাগাভাগি করি।’
গণতান্ত্রিক সংস্কৃতিতে বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ইস্যু থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য, ইস্যু না থাকলে সেটা প্রকৃত গণতন্ত্র হতে পারে না। তবে সকল চ্যালেঞ্জ অতিক্রম করে দুই দেশের জনগণের একটাই মূল প্রত্যাশা—তা হলো একটি সুদৃঢ় ও চমৎকার সম্পর্ক, যা উভয় পক্ষের জন্য কল্যাণকর (উইন-উইন সিচুয়েশ) পরিবেশ তৈরি করবে।
দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমাধান করা যাবে না—দুই দেশের মধ্যে এমন কোনো জটিল ইস্যু নেই। এ সময় তিনি আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় ও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যমান বন্দি বিনিময় ও এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত সকল চিহ্নিত পলাতক অপরাধীকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করার লক্ষ্যে ফেরত পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানান। তাছাড়া শহিদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী যথাশীঘ্র সম্ভব বাংলাদেশে ফেরত প্রদানের অনুরোধ জানানো হয়। এ সময় ভারতের পক্ষ থেকে আইনগত পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ভারতীয় হাইকমিশনার।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগে
প্রত্যেক নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় ও অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনবে সরকার
বর্তমান সরকারের চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে দেশের সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় ও অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, প্রান্তিক কৃষক, স্বল্প আয়ের পরিবার ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সরাসরি ভর্তুকি, কৃষি উপকরণ, আর্থিক সহায়তা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে সরকারের সহায়তা নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।
সোমবার (১০ আগস্ট) ‘ন্যাভিগেটিং ফাইভ-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস: পলিসি, পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিজ’ শীর্ষক জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশ যেভাবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে সাফল্য দেখিয়েছে, একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নেও যথাযথ পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করে চলেছে।
এসডিজির ‘কাউকে পেছনে ফেলে নয়’ নীতির সঙ্গে বর্তমান সরকারের জননীতিরও সামঞ্জস্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থ নিশ্চিত করাই সরকারের নীতি। এ ক্ষেত্রে সরকারের মূলনীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’।
বিএনপির জননীতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে কেন্দ্র করেই দলটির সব পরিকল্পনা ও কর্মসূচি প্রণীত হয়েছে। তার ভাষ্যে, ‘সব সময়ই বিএনপির সকল পরিকল্পনা এবং কর্মসূচি ছিল জনবান্ধব। যেমন দেশ এবং জনগণের উন্নয়নে আমরা এখানে উপস্থাপিত একটি ডকুমেন্টারিতেও দেখেছি—স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার “ভিশন ২০৩০” এবং বর্তমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঐতিহাসিকভাবেই প্রতিটি ভিশন এবং মিশনের সঙ্গে এমডিজি কিংবা বর্তমানে এসডিজির খুব বেশি অমিল নেই।’
তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শোষণ-শাসনে বাংলাদেশ একটি ঋণ ও আমদানিনির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছিল। এখন শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ সব ক্ষেত্রে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। এই পুনর্গঠনের যাত্রায় এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার পাঁচ বছর মেয়াদি কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, এই কাঠামোর মাধ্যমে দেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘ-ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির সঙ্গে সমন্বয় করা হয়েছে।
সরকারের সংস্কার ও উন্নয়নের পাঁচ স্তম্ভের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সর্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, লিঙ্গ সমতা, জলবায়ু সহনশীলতা এবং সুশাসনের মতো এসডিজির মূল অগ্রাধিকারগুলো প্রতিফলিত হয়েছে বলে জানান তিনি।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অগ্রগতি এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর ক্রমবর্ধমান গুরুত্বের প্রেক্ষাপটে ১০ থেকে ১২ আগস্ট বাংলাদেশ সফর করছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।
সফরকালে তার সঙ্গে থাকবেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি। এ সফর বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে অগ্রগতি এবং ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবসায়িক পরিকল্পনায় বাংলাদেশের গুরুত্ব তুলে ধরছে।
সফরকালে স্টিফেন কারপিন সরকারের প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক কোম্পানি, ব্যবসায়ী ও মার্চেন্টসহ দেশের পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এসব বৈঠকে ডিজিটাল বাণিজ্যের প্রসার ত্বরান্বিত করা, পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা আরও জোরদার করা এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এশিয়া প্যাসিফিক বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় ও দ্রুত পরিবর্তনশীল অঞ্চল। ভিসার এ অঞ্চলের প্রেসিডেন্ট হিসেবে স্টিফেন কারপিন প্রতিষ্ঠানটির ব্যবসা পরিচালনার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশল বাস্তবায়ন, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা এবং ডিজিটাল পেমেন্ট, আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তায় উদ্ভাবন নিয়ে কাজ করছেন।
ডিজিটাল আর্থিক সেবার দ্রুত সম্প্রসারণ, ই-কমার্সের ক্রমবর্ধমান প্রসার এবং আর্থিক অবকাঠামোয় ধারাবাহিক বিনিয়োগের ফলে বাংলাদেশ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার নতুন পর্যায়ে প্রবেশ করছে। ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও লেনদেনে নতুন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এতে বাংলাদেশ এ অঞ্চলের অন্যতম গতিশীল বাজার হিসেবে গুরুত্ব পাচ্ছে।
স্টিফেন কারপিনের এই সফরের মধ্য দিয়ে ভিসা বাংলাদেশের ভোক্তা, ব্যবসা ও সামগ্রিক অর্থনীতির অগ্রগতিতে ডিজিটাল পেমেন্ট প্রযুক্তি ও বিভিন্ন অংশীদারত্বের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও তুলে ধরবে ভিসা।
১৩ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমেদের পক্ষে জামায়াত জোটের মনোনয়ন সংগ্রহ
রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
সোমবার (১০ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে জোটের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
সংসদে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে জামায়াত জোটের প্রার্থী বিজয়ী হতেন বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ‘যদি সংস্কার হতো কর্নেল (অব.) অলি সাহেব নিশ্চিতভাবে বিজয়ী হতেন এবং সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হতেন। এই সম্ভাবনাটা সমজ্জ্বল ছিল। কিন্তু দুর্ভাগ্য এটা জাতির জন্য। আমরা সেই জায়গাটা বিএনপির দ্বিচারিতার কারণে অথবা তাদের সংস্কারের ব্যাপারে ইতিবাচক মানসিকতা না থাকার কারণে জাতি এখান থেকে বঞ্চিত হলো। একজন দক্ষ, যোগ্য লোকের সার্ভিস থেকে রাষ্ট্র বঞ্চিত হলো।’
বেলা ১১টার পরে ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দল ইসিতে আসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, কামাল হোসেন, রাশেদুল ইসলাম, নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিজয়ী হবে, তারপরও জামায়াত জোট কী কারণে প্রার্থী দিল—এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, এখানে জয়-পরাজয় বিষয় নয়। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটা সামনে নিয়ে আসছি। সংবিধানের ৫৯ অনুচ্ছেদ বলা আছে, রাষ্ট্রের সর্বস্তরের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে পরিচালনা। এখানে যদিও প্রতিনিধি সেভাবে না, রাষ্ট্রের তো প্রধান ব্যক্তি, পদমর্যাদাসম্পন্ন, রাষ্ট্রের অভিভাবকত্বের জায়গা হলো রাষ্ট্রপতির পদ। এখানেও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায়, তাহলে তো গণতন্ত্র চর্চা হয় না। আমরা গণতান্ত্রিক ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, সুস্থ ধারার রাজনীতিকে নিয়ে যেতে চাই। দেশকে পরিচালনা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।
১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাবনার জায়গা্ থেকে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এবার হয়তো বলতে পারেন সেই সম্ভাবনাটা তো নেই। অর্থাৎ একানব্বইয়ে ভোটার সংখ্যার হিসাবনিকাশে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছিল না; আমরা সমর্থন দিয়ে বিএনপিকে সেইবার সরকার গঠনের সুযোগ দিয়েছিলাম। সেখানে সব দল বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে তাদের প্রার্থী পরাজিত হতো। সেই সম্ভাবনা থেকে একানব্বইয়ে প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়েছিল।
এইবার সেই সম্ভাবনা না থাকলেও জামায়াতের জোটের মনোনয়ন সংগ্রহ করার কারণ হিসেবে আযাদ বলেন, বিএনপির রাষ্ট্র ও জনগণের সঙ্গে দ্বিচারিতাটা করেছে সেটা জাতির সামনে আনতে চাই। গণভোটের রায়, জনগণের রায় বিএনপি বাস্তবায়ন করে নাই। সেটা বাস্তবায়ন হলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের মধ্যেই চলে আসত।
তিনি বলেন, এখন সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না। এখানে তাদের ভোটাধিকার দিয়ে তার অধিকারের ওপর আপনি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ আরোপ করে গেছেন। আমরা এই জায়গা থেকেই জাতিকে মুক্ত করতে চেয়েছি। সংসদ সদস্যদের এই স্বাধীনতা, ভোটাধিকার যে নিয়ন্ত্রিত, সেই জায়গাটাকে মুক্ত করতে চেয়েছি। গণভোটের রায় বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি নির্বাচনে সঠিক গণতন্ত্রের প্রতিফলন ঘটত।
১১ দলীয় ঐক্য জোটের এই নেতা আরও বলেন, রাষ্ট্রের ধাপে ধাপে যে বাধা, মানুষের অধিকার যে বাধাগ্রস্ত হচ্ছে, এটাকে আমরা উঠিয়ে দিতে চাই। এজন্য আমরা সংস্কারের কথা বলেছি। সংসদেও বলেছি, সংসদের বাইরে আন্দোলন কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
সংস্কার বাস্তবায়ন না করার প্রধান কারণ হিসেবে দাবি করে হামিদুর রহমান আযাদ বলেন, এখানে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না। যদি ভোট দিতে পারতেন, আমাদের প্রার্থী দিয়েছি একজন বর্ষীয়ান নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। জাতির পক্ষ থেকে জনগণের পক্ষ থেকেও প্রতিনিধিরা একটা যোগ্য প্রার্থী এখানে পেত। তার সমান্তরাল কোনো প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতায় আসত না।
১৯৯১ সালের রাষ্ট্রপতি পদের নির্বাচনে জাতীয় পার্টি ভোটদান থেকে বিরত থাকলেও জামায়াত বিএনপির প্রার্থীকে ভোট দিয়েছিল বলেও দাবি করেন তিনি।
১৬ ঘণ্টা আগে
রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন এবং এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
গতকাল (রবিবার) রিয়াদের মুসা সানাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে বলে এক বার্তায় জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, নিহতদের পরিচয় নিশ্চিতকরণ, আইনি প্রক্রিয়া সম্পন্নকরণ এবং সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তায় দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তদানুযায়ী প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
১৭ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি গঠন
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিগুলো গঠন করে রবিবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে মহামান্য রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সুচারু ও সফলভাবে পরিচালনার লক্ষ্যে এ কমিটিগুলো গঠন করা হলো।
কমিটিগুলোর মধ্যে রয়েছে—মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি; প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি; সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি; কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আসন ব্যবস্থাপনা কমিটি এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে অভ্যর্থনা কমিটি।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটিগুলো প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করতে পারবে। পত্র পাওয়ার পর কমিটিগুলো দ্রুত সভা আহ্বান করে কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
এছাড়া উপকমিটির আহ্বায়করা তাদের কার্যক্রম নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) অবহিত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা নেবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১ দিন আগে
ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে গিয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রবিবার (৯ আগস্ট) সকালে তিনি স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঝালকাঠির ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারার বাজার ও বিভিন্ন পেয়ারা বাগান ঘুরে দেখেন।
এ সময় তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে বিভিন্ন তথ্য জানেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, ‘ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে। এখানের বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম ও উৎপাদিত পেয়ারার গুণগত মানও আমাকে আকৃষ্ট করেছে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়ে থাকে। দেশটির ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন করা হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে।’এ বিষয়ে তিনি তার দেশের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। এখানে বর্ষা মৌসুমে খালবিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে।
রাষ্ট্রদূতের এ পরিদর্শন স্থানীয় পেয়ারা চাষিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।
১ দিন আগে
আড়াই মাসে দেশে ভোটার বেড়েছে ৩,০৯,৩১৫ জন
দেশে ৩১ জুলাই পর্যন্ত মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত আড়াই মাসে দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
রবিবার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন ধরে ভোটার তালিকা হালনাগাদ করেছে ইসি। সে অনুযায়ী, গত ৩১ জুলাই পর্যন্ত ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছিল।
বিষয়টির দিকে ইঙ্গিত করে আখতার আহমেদ বলেন, ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫।
তিনি বলেন, যদি স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পরিবর্তন হয় বা কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা সম্পূরক তালিকা হিসেবে আসবে।
১ দিন আগে
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি সমন্বিত জ্বালানি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন।
রবিবার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন।
সফরসূচি অনুযায়ী, বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাডে অবতরণ করেন। পরে তিনি প্রকল্পের প্রশাসনিক ভবনে যান।
সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রী প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিদ্যুৎকেন্দ্রের বর্তমান অবস্থা, বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা, প্ল্যান্টের পরিচালন দক্ষতা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামো সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনাও তার সামনে তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী জানতে পারেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রটি শতভাগ দেশীয় প্রকৌশলী ও জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং দেশীয় প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা ও সক্ষমতার প্রশংসা করে তাদের উৎসাহ দেন। এ সময় প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী একটি নিমের চারা রোপণ করেন।
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রটি দুটি ৬০০ মেগাওয়াট ইউনিটের সমন্বয়ে মোট ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন। বিদ্যুৎকেন্দ্রটিতে আধুনিক আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
প্রকল্পের আওতায় বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি কয়লা পরিবহনের জন্য বন্দর সুবিধা, বিদ্যুৎ সঞ্চালন লাইন, অ্যাকসেস রোড এবং সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামো রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ সহায়তা দিয়েছে।
ব্রিফিং শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী প্রকল্পের বিভিন্ন স্থাপনা ও প্রস্তাবিত প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শনে বের হন।
দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি প্রস্তাবিত ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন এবং ১২টা ২৯ মিনিটে সেখানে পৌঁছান। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় তাকে প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা ও সম্ভাব্য উৎপাদন সক্ষমতা সম্পর্কে জানান।
একই এলাকায় প্রধানমন্ত্রীকে প্রস্তাবিত এলএনজি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোকেমিক্যাল প্রকল্প এবং নতুন রিফাইনারির জন্য নির্ধারিত স্থানও দেখানো হয়।
১ দিন আগে
রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।
রবিবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ মনোনয়ন সংগ্রহ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।
চিফ হুইপ নূরুল ইসলাম মণি গণমাধ্যমকে বলেন, ফরম একজনের জন্য নিয়েছি, কিন্তু কোনো ধরনের ভুল ত্রুটি যেন না হয় এ জন্য দুইটা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তবে কারও নামে সেটি সংগ্রহ করা হয়নি। তফসিল অনুযায়ী আমরা মনোনয়ন জমা দেব।
এর আগে, ২০২৩ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিল। সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামে দুটো মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছিল।
একজনের একাধিক মনোনয়ন ফরম জমা দেয়ার সুযোগ আছে। এক্ষেত্রে একটি বৈধ হলে বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ই আগস্ট। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ই আগস্ট। আর ভোটগ্রহণ ২০ আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকক্ষ জাতীয় সংসদকক্ষ।
এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দল জামায়াত।
প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদের অধিবেশন না থাকলে স্পিকারের পরামর্শে এক দিনের বৈঠক আহ্বান করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোট হবে। শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে তার সাত দিন আগে এক দিনের বৈঠক আহ্বান করবেন সিইসি। তবে সেটি সংসদের নিয়মিত অধিবেশন হিসেব গণ্য হবে না।
১ দিন আগে