দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার (১২ এপ্রিল) দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিসহ নানা কারণে দেশের মানুষ শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব।
তিনি বলেন, ভোজ্যতেল নিয়ে আমরা নিয়মিত বসি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হোন। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে এ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর আগে তারা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব জানায়। প্রস্তাবটি যাচাই-বাছাই শেষে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
আজ অনুষ্ঠিত দুদফা বৈঠকে তেল সরবরাহকারীদের দাম না বাড়িয়ে মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।