চট্টগ্রাম
মিয়ানমারে পাচারকালে সীতাকুণ্ড থেকে ৩০ হাজার কেজি সার জব্দ
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকা থেকে সারসহ তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের ভাটিয়ারী স্টেশন। অভিযানের সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় ৩০ হাজার কেজি বা ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।
অভিযানে সার পাচারে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ ও দুজনকে আটক করা হয়েছে জানিয়ে কোস্ট গার্ড বলেছে, জব্দ করা সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর একই এলাকায় মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রাকে থাকা ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছিল কোস্ট গার্ড। ওই চালানে ৩৫ হাজার কেজি সার ছিল, যার আনুমানিক মূল্য ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা। সে সময়ও তিনটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়।
চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তারা।
৮ ঘণ্টা আগে
কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল (বুধবার) রাত থেকে থেকে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় মোট ৬২৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তার পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলার ১৮ টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে কুমিল্লা নগরীর প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে বখাটেদের উৎপাত রয়েছে, সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
কিশোর গ্যাংয়ের সদস্যরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।
এদিকে কুমিল্লার দাউদকান্দিতে আটক ২৮ কিশোরকে থানায় নিয়ে আসাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টির খবর পাওয়া গেছে। গতকাল (বুধবার) রাত ১০টার দিকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে থানার দরজা ভেঙে বেরিয়ে যায় ২২ কিশোর। থানার সামনে তারা ও তাদের অভিভাবকদের একটি হট্টগোলের ভিডিও অনলাইনেও ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, তেমন কিছু হয়নি। অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়। তাদের স্বজনরা একসঙ্গে আসলে একটু ভিড় হয়। রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনের বিষয়ে যাছাই-বাছাই চলছে।
১২ ঘণ্টা আগে
ফেনী সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় চালানো বিশেষ অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
জব্দ করা মালামালের আনুমানিক মূল্য মোট ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এসব মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার ও অনুপ্রবেশ রোধ, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।
সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১ দিন আগে
ঘুষ নেওয়ার সময় দুদকের অভিযানে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩
চট্টগ্রামে দলিল রেজিস্ট্রির জন্য দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করেছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।
দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনো ধরনের ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার কাজটি ইচ্ছাকৃতভাবে আটকে রাখেন।
পরবর্তীতে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির বিনিময়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন এবং পরবর্তীতে দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন দাখিল করেন।
পরে অভিযানে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশকে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘুষের দুই লাখ টাকাও জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
২ দিন আগে
কুমিল্লায় ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়লের (১০ বিজিবি) আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে। পরে দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এদিন আমানগন্ডা বিওপির টহল দল সীমান্ত থেকে বাংলাদেশের ১০০ গজ ভেতরে সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
৩ দিন আগে
কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে ‘কুপিয়ে হত্যা’, যুবক আটক
কুমিল্লার দেবিদ্বারে মাকে ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঈমন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তার বড় ভাবি রাবেয়া বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: ওই গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬২) এবং তার ৮ মাস বয়সী ভাতিজি ইশরাত।
স্থানীয় বাসিন্দা মো. শামীম আহসান বলেন, সকালে চিৎকার শুনে তারা ওই বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে পেয়ারা বেগমের মরদেহ এবং খাটের ওপর শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন।
তিনি বলেন, স্থানীয় লোকজন ঈমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। তবে কী কারণে সে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটালো, তার কিছুই বলতে পারছি না।
আহত রাবেয়া বেগমকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনাটি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি। ঈমনকে আটক করা হয়েছে।
ওসি বলেন, ঈমন দীর্ঘদিন ধরে অসুস্থ বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
৩ দিন আগে
চট্টগ্রামে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি অটোরিকশা লেভেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন ধাক্কা দিয়েছে। এতে চালকসহ দুজন নিহত হন।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় বিওসির মোড় লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু তাহের (৫০) ও অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)।
আবু তাহের কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে। অন্যদিকে আব্দুস শুক্কুর ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, লেভেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনগণ রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
৪ দিন আগে
মাদকের টাকা জোগাড় করতে ২০ মাসের মেয়েকে বিক্রির চেষ্টা
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে ২০ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদক সেবনের টাকা জোগাড় করতে শিশুটিকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে তার বাবা বাসা থেকে নিয়ে গেছেন—এমন অভিযোগ পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পায় পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ। তিনি জানান, ৯৯৯-এ ফোন করে সীমা (২৬) নামে এক নারী অভিযোগ করেন, তার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) মাদকাসক্ত। তিনি সদরঘাট থানাধীন পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার বাসায় বসবাস করেন।
অভিযোগ অনুযায়ী, ওই রাতে লোকমান তার ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে মাদক সেবনের টাকা জোগাড়ের উদ্দেশ্যে বিক্রি করে দেওয়ার জন্য বাসা থেকে নিয়ে বের হন। খবর পেয়ে সদরঘাট থানার মোবাইল টহল ডিউটির স্পেশাল-২৪ (নৈশ) টিম অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা অভিযান চালানোর পর রাতেই পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা শিশু ফাতেমা আক্তারকে তার মা সীমার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
৪ দিন আগে
২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী
দেশের জ্বালানি খাতের বড় ঘাটতি মেটাতে ২০৩০ সালের মধ্যে গ্যাসের চাহিদা ও সরবরাহের পার্থক্য শূন্যে নামিয়ে আনার আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দেশের জ্বালানি চাহিদা পূরণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। নতুন এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে ১৫০টি কূপ খননের যে পরিকল্পনা নিয়েছে, তার অংশ হিসেবে ইতোমধ্যে ২৯টি কূপ খনন করা হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি সংকটের কারণে আমরা বেশ কিছুদিন ধরে কষ্টের মধ্যে আছি। তবে স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। এর মধ্যে তিতাস ২৮ নম্বর কূপ থেকে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ ২০৩০ সাল নাগাদ চাহিদা ও সরবরাহের মধ্যে পার্থক্য দূর করতে সহায়তা করবে। এই কূপের গ্যাস মানুষের মাঝে স্বস্তি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আশা প্রকাশ করেন, গ্যাসের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চাহিদা ও সরবরাহের মধ্যে পার্থক্য শূন্যে নামিয়ে আনা হবে। এতে শিল্প, বিদ্যুৎ ও গৃহস্থালি খাত বর্তমানে যে সংকটে পড়েছে, তার একটি স্থায়ী সমাধান হবে।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর সদর উপজেলার সুহিলপুর এলাকায় তিতাস ২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়ে শেষ হয় গত ২৭ মে। এরপর পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয় গত ১৯ জুন। ইতোমধ্যে কূপটি থেকে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস সরবরাহ করা হয়েছে।
২৮ নম্বর কূপের প্রকল্প পরিচালক জসিম উদ্দিন মুন্না জানান, কূপটির ওয়েলহেড শাট-ইন প্রেসার তিন হাজার ৬০০ পিএসআই এবং ফ্লোয়িং প্রেসার দুই হাজার ১০০ পিএসআই। দীর্ঘসময় কূপটি থেকে গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা যাচ্ছে।
তিনি আরও বলেন, চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসির খননকৃত এই কূপের গভীরতা তিন হাজার ৬০১ মিটার। মূসক ও আয়করসহ এতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এখন প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামানিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবুসাঈদ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
৫ দিন আগে
কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল (শুক্রবার) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওই দিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ পাওয়া গেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
এদিকে, অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
৫ দিন আগে