সীমান্তের ওপার থেকে দেশের কলকারখানা ধ্বংসের চেষ্টা চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান হুঁশিয়ারি দিয়েছেন, ২০২৪ সালের মতো দেশের মানুষ এর উপযুক্ত জবাব দেবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৪ সালে বাংলাদেশের মানুষ যেভাবে উপযুক্ত জবাব দিয়েছিল, সামনের দিনগুলোতেও আমরা তাদের উচিত জবাব দেব।’
দেশের শিল্পকারখানা ও উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মানুষকে, বিশেষ করে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, কোনো শ্রমজীবী, শ্রমিক কখনও কোনো শিল্পকারখানার ক্ষতি করতে চাইবেন না। এসব কলকারখানা জাতীয় সম্পদ। এগুলো এ দেশের মানুষের, শ্রমিকদের।’
তারেক রহমান বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং পরিকল্পনা তৈরি করেছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা এসব উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ‘এখন দেশ গড়ার ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সময়। আসুন, খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা আমাদের সব শক্তি দিয়ে এসব ষড়যন্ত্রকারীকে উপযুক্ত জবাব দিই।’
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, গত ১৫ থেকে ১৬ বছরে যারা মানুষের জীবনমান উন্নত করতে পারেনি, তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তারাই এখন সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, কলকারখানা ধ্বংস হলে শ্রমিক ও তাদের পরিবারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের জীবিকা ও সন্তানদের ভবিষ্যৎ এসব কারখানার ওপর নির্ভরশীল।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, নির্বাচিত সরকার দেশের সমস্যা সমাধান এবং শিল্প ও বাণিজ্যের প্রসারে দিনরাত কাজ করছে।