ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সদস্য ও দ্য ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক তাসনিম মহসিন মিশুর মা মোহসিনা আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
ডিকাবের নির্বাহী কমিটির পক্ষে সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক যৌথ শোকবার্তা দেন।
শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
ডিকাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘মোহসিনা আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকের এই কঠিন সময়ে আমরা তার পরিবারের পাশে আছি এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন পরিবারটিকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।’
বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি সাবেক বিচারপতি সৈয়দ আবু কাউছারের স্ত্রী।
বৃহস্পতিবার জোহরের নামাজের পর সিদ্ধেশ্বরীর বায়তুস সুজুত মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।