রাজধানীর ধানমণ্ডি থানার তিন নম্বর রোডে ফুটপাতে পিঠা বিক্রেতার সঙ্গে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রনি খন্দকার (৪৭) নামে এক গাড়িচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পরে আজ (বুধবার) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজালাল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে রাতে ধানমণ্ডির একটি আমরা বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গতকাল রাতে ধানমণ্ডির তিন নম্বর রোডের ফুটপাতে একটি পিঠার দোকানে পিঠা খাওয়াকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে ঝগড়া হয় ওই ব্যক্তির। একপর্যায়ে পিঠাওয়ালা তার পিঠে ও বুকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানান এসআই শাহজালাল।
নিহতের ছেলে মো. রায়হান খন্দকার বলেন, আমার বাবা একটি প্রাইভেট কোম্পানির গাড়িচালক ছিলেন। আমরা জানতে পেরেছি, পিঠা খাওয়াকে কেন্দ্র করে পিঠা বিক্রেতার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ওই বিক্রেতা আমার বাবাকে ছুরিকাঘাত করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। কী কারণে ওই পিঠা বিক্রেতা বাবাকে ছুরিকাঘাত করেছেন, আগে থেকে কোনো শত্রুতা ছিল কি না—এ বিষয়ে আমরা বলতে পারি না।
তিনি আরও জানান, তাদের বাড়ি বাগেরহাট জেলা চিতলমারী থানার শ্যামপাড়া গ্রামে। বর্তমানে রাজধানীর হাজারীবাগের বউবাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন রনি খন্দকার।