আগামী পাঁচ বছরে ক্যানসার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সাধারণত ব্রেস্ট ক্যানসার, কলোরেক্টাল ক্যানসার ও ওরাল ক্যানসারে আক্রান্তের সংখ্যা বেশি। এসব ক্যানসার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।
ড. মুহিতের মতে, ক্যানসার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে আজকের অংশীজন পরামর্শ সভা একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ক্যানসার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত স্ক্রিনিং ও দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করা হবে।
ক্যানসার মোকাবিলা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।
এ লক্ষ্যে সরকার ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল প্রোগ্রাম ও ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল কাউন্সিল গঠন করবে বলেও জানান তিনি।
এর মাধ্যমে দেশে ক্যানসার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনি সভায় অংশ নেন।