বগুড়ায় নবনির্মিত জেলা আইনজীবী সমিতি ভবনের ফলক উন্মোচন এবং বগুড়াসহ সাতটি জেলায় ‘ই-বেইল বন্ড’ (ই-জামিননামা) সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন তিনি। এরপর তিনি জেলা আদালত প্রাঙ্গণ থেকে বগুড়াসহ সাতটি জেলায় ডিজিটাল পদ্ধতিতে জামিননামা দাখিলের ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী গাড়ীবহর সকাল ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। প্রধানমন্ত্রী সকাল ৬টা ১০ মিনিটে তার স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছিলেন।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটিই তার নিজ জেলা বগুড়ায় প্রথম সফর।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী এরপর বগুড়া পৌরসভা ভবনের একটি ফলক উন্মোচন করবেন। দুপুর পৌনে ১টার দিকে তিনি গাবতলীর বাগবাড়ী এলাকায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।
বেলা ১টায় তিনি শহিদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং পরবর্তীতে নশিপুরে চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন করবেন। এরপর তিনি বাগবাড়ীতে অবস্থিত তার পৈতৃক নিবাস পরিদর্শন করবেন।
বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাব ভবন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।