সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৭ অক্টোবর) সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা।
এ লক্ষ্য অর্জনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমন্বিত পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি, যাতে বিশ্ববিদ্যালয়গুলো দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে সক্ষম স্নাতক তৈরি করতে পারে এবং কেউ বেকার না থাকে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করারও আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, দেশে বিপুলসংখ্যক স্নাতক বেকার থাকা সত্ত্বেও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, কারখানা, করপোরেট প্রতিষ্ঠান, বিশেষায়িত সংস্থা, এমনকি বেসরকারি সংস্থাগুলোকে বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে হচ্ছে।
এ পরিস্থিতিতে প্রযুক্তি, প্রকৌশল ও প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে আধুনিক ও উচ্চমানের শিক্ষা দেওয়ার ওপর বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
দক্ষ ও চাকরির উপযোগী জনশক্তি গড়ে তুলতে শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে উপযুক্ত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরামর্শও দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়টির সার্বিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি মূলত দাতব্য ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হওয়ার চেষ্টা করছে।
মেধাবী, আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ কোটার আওতাভুক্ত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর গড়ে প্রায় ৩২ কোটি টাকার টিউশন ফি মওকুফ ও বৃত্তি দিয়ে থাকে বলেও জানান তিনি।
এ সময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব, ট্রাস্টি, সহ-উপাচার্য, রেজিস্ট্রার ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।