যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (২১ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ছুফি উল্লাহ বলেন, গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালায় সিআইডি। এ সময় সোহাগ ফকির (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষাটি গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়। এরপর মতিঝিল থানায় ১১ অক্টোবর পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইনের ৪, ৫ ও ৯(ক) ধারায় মামলা করা হয়।
গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।