সরকার প্রত্যর্পণ প্রক্রিয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চায়। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর ক্ষেত্রে সরকার কোনো আইনি জটিলতা দেখছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘সরকার মনে করে, একজন দণ্ডিত আসামিকে আমরা প্রত্যর্পণ করব। ভারত সরকারকে আমাদের এটি করতে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা নয়, কারণ যাকে প্রত্যর্পণ করার কথা, তিনিই আসতে চান।’
ডা. জাহেদ বলেন, শেখ হাসিনা শুধু অভিযুক্তই নন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তিনি দণ্ডিতও হয়েছেন। তার বিরুদ্ধে অপরাধের বিচার শেষ হয়েছে। এখন তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে চায় সরকার।
এ প্রক্রিয়া সম্পর্কে উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ তথ্য চাইতে পারে এবং তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানাতে পারে।
তিনি আরও বলেন, ‘আমাদের চুক্তি আছে, অপরাধী যদি সেখানে পালিয়ে গিয়ে থাকেন, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা তথ্য চাইতে পারি, গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দিতে বলতে পারি। এটা আমরা পারি।’
শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে আগ্রহী হলে প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতা থাকার কথা নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তার মতে, প্রত্যর্পণের আইনি প্রক্রিয়ায় কেউ আদালতে গেলে যে ধরনের জটিলতা তৈরি হতে পারে, শেখ হাসিনা নিজে ফিরতে চাইলে সেই পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন-সংক্রান্ত খবরের বিষয়টিও এদিন তুলে ধরেন ডা. জাহেদ।
তিনি বলেন, এখন পর্যন্ত শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি। দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার একটি আইনি প্রতিষ্ঠানের কাছ থেকে চিঠি পেয়েছেন। ওই চিঠিতে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে সেটি শেখ হাসিনার নিজের আবেদন নয়।
পাসপোর্ট দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান আগেই জানানো হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শেখ হাসিনা এখনও আবেদনই করেননি। তাই বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন নেই।
এছাড়া ভারতে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, তিনি ভারতে আছেন, এটি নিশ্চিত। ভারত সরকারও সেখানে তার অবস্থানের বিষয়টি স্বীকার করেছে।
এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ একাধিকবার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। এখন প্রত্যর্পণ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।