সোমবার (৭ সেপ্টেম্বর) আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়াল ৪০টিতে।
নবগঠিত চারটি কমিটি হলো—কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত সংসদীয় কমিটি, সরকারের প্রতিশ্রুতি-সম্পর্কিত কমিটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।
কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত কমিটি ও পিটিশন কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। অন্যদিকে সরকারের প্রতিশ্রুতি-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনকে (নোয়াখালী-১) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে (বগুড়া-৬)।
প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আর পিটিশন কমিটি গঠনের প্রস্তাব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পরে সংসদে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।
জাতীয় সংসদে ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি ও বিষয়ভিত্তিক ১১টি কমিটি রয়েছে।
এ পর্যন্ত ৪০টি সংসদীয় কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত ৩১টি স্থায়ী কমিটি ও বিষয়ভিত্তিক ৯টি কমিটি রয়েছে।