বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে অর্থনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছিল, প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নেই।
শুক্রবার (১২ জুন) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বাজেটে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা বাস্তবতাবিবর্জিত। তাই এ বাজেট বাস্তবায়নও সম্ভব নয়।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী লুটেরাদের বিচার এবং বিদেশে পাচার করা টাকা ফেরত আনার বিষয়ে কোনো দিকনির্দেশনা দেননি বলেও মন্তব্য করেছেন তিনি।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারত সীমান্তে পুশইন করে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। একইসঙ্গে ভারত দেশে আওয়ামী লীগকে মাঠে নামাতে চাচ্ছে। এ ব্যাপারে সরকার এখনও নমনীয়।
এর আগে, দুই নেতা চট্টগ্রামে এসে নগরীর ষোলশহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন। পরে তারা মাদ্রাসার মাঠে ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য রাখেন।