চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ নিয়ে আত্মসাতের অভিযোগে পুলিশের কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে এবং বাকি স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার কনস্টেবল জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অধীনে অফিসার্স মেসে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে। এ ঘটনায় গ্রেপ্তার অপর ব্যক্তি মোহাম্মদ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলমপুরের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গত ৮ আগস্ট বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর এলাকায় অভিযানের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ ওঠে পুলিশের কনস্টেবল জাকির হোসেন ও মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল (শনিবার) সদর থানায় তাদের তিনজনের নামে মামলা করেন রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী নিঝুম।
এরপর শনিবার রাতেই জাকির ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। মোহাম্মদ আলীর কাছ থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।