জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় গৃহবধূ সাজেদা ইসলাম ওরফে সাজু হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাসিবুল হক এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (২৮) ও একই এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন (২৭)।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর জয়পুরহাট শহরের নতুনহাট-সংলগ্ন জানিয়ার বাগান এলাকায় ভাড়া বাসায় গৃহবধূ সাজেদাকে হত্যা করা হয়। পরে হাত বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভুক্তভোগী সাজেদা ওই বাসায় মেয়ে আরিফাকে নিয়ে থাকতেন। তার স্বামী হাফিজুল ইসলাম জেলার বাইরে চাকরি করতেন। সাজেদার মেয়ে যে স্কুলে পড়াশোনা করত, ওই স্কুলের কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন আবু সাঈদ। স্কুলে যাওয়া-আসার সূত্রে সাজেদার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
ওই সম্পর্কের জেরে আবু সাঈদ ও রাব্বী হোসেন সাজেদাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তারা সাজেদার মুখে কসটেপ লাগিয়ে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ঘটনার দুই দিন পর ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আবু সাঈদ ও রাব্বী হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তারা আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ (সোমবার) দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।