নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের আড়াই বছর বয়সী মেয়ে শিউলী খাতুন ও আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (২)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে শিশু দুটি খেলছিল। এ সময় তারা পাশের পুকুরে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাদের পুকুর থেকে উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।