ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে বের করে এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য (এমপি) রোকন উদ্দিন বাবুল।
তিনি বলেছেন, ‘ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবে এবং দেশের অর্থনীতিতে তারাও ব্যাপক অবদান রাখবে। আমাদের সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে।’
শনিবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এমপি বাবুল বলেন, ‘ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ। বর্তমান সরকার এই পেশা নির্মূল করতে ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। তাদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে দক্ষ কর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। একদিন তারাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
তিনি বলেন, ‘আমাদের সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। বিগত সরকার ভিক্ষুক পুনর্বাসনের নামে কী করেছে, তা দেশের মানুষ জানে। আমরা তা বলতে চাই না, জনগণই তার মূল্যায়ন করবে।’
এই সংসদ সদস্য জানান, প্রথম পর্যায়ে লালমনিরহাটের প্রতিটি উপজেলায় দুই লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ভিক্ষুককে ৫০ হাজার টাকা মূল্যের দোকানঘর ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসার মাধ্যমে পরিবার চালাতে পারবেন।
তিনি বলেন, ‘আজ যে কার্যক্রম শুরু হলো, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করে গোটা দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে।’
ভিক্ষুকদের মধ্যে দোকানঘর ও ব্যবসার পসরা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেবুজ্জামান প্রামানিক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপুসহ অন্যান্যরা।