কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্থী ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনকে (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।
কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন। ঝাড়ফুঁক ও কবিরাজির কাজের পাশাপাশি তিনি নগরীর বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।
রায় অনুযায়ী, সুমাইয়া আফরিনকে হত্যার দায়ে মোবারককে দুই লাখ টাকা ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুবির লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিনই অভিযান চালিয়ে কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে মোবারক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
জিজ্ঞাসাবাদে মোবারক জানান, ঝাড়ফুঁকের সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে তার পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।
স্বীকারোক্তিতে তিনি আরও জানান, সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। বিষয়টি তার মা দেখে ফেলায় প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। পরে সুমাইয়াকেও হত্যা করেন মোবারক।
দ্রুত রায় কার্যকর হবে বলে আশা প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী মোতালেব হোসেন জানান, আদালতের এই রায়ে তারা সন্তুষ্ট।