রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। বাসটির চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর বাসটি হেফাজতে নিয়েছে পুলিশ।
এছাড়া বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন।
মরদেহ দুটি উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।