প্রবাস
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে
সৌদি আরবের রিয়াদের শিফা থানা এলাকার সোফা কারখানার অগ্নিকাণ্ডে নওগাঁর নিহত আরও ৩ জনের পরিচয় মিলেছে। এ নিয়ে ওই সোফা কারখানায় নিহত ১৬ জনের মধ্যে নওগাঁর ১৩ জনের পরিচয় মিলেছে।
সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল (রবিাবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি এ ঘটনায় নিহত নওগাঁর ১০ জনের নাম-পরিচয় নিশ্চিত করেন।
পরিচয় পাওয়া ১৩ জন নিহতের মধ্যে আত্রাই উপজেলার ১২ জন এবং নওগাঁ সদর উপজেলার একজন প্রবাসী রয়েছেন।
নিহতরা হলেন—নওগাঁর আত্রাই উপজেলার বোয়ালা গ্রামের মিনহাজুল ইসলাম, একই গ্রামের হৃদয় হোসেন ও নওগাঁ সদর উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকার মজনুর রহমানের ছেলে মোহাম্মদ শাহিন হোসেন, নওগাঁর আত্রাই উপজেলার পাচুপুর ইউনিয়নের পারকাসু্ন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের বাদল হোসেনের ছেলে সুমন হোসেন, ডুবাই গ্রামের সাগর হোসেন, চঞ্চল হাসানের ছেলে হাসিবুল হাসান শুভ, মাধবপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মজিদুল ইসলাম, কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের গোফফার প্রামাণিকের ছেলে মোহন প্রামাণিক ও সুমন প্রামানিক, জাননার হোসেনের ছেলে রুবেল হোসেন, ফজলু প্রামাণিকের ছেলে কলি উদ্দিন প্রামানিক এবং সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ। নিহতদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন জানায়, নওগাঁর বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদের মানফুয়া এলাকার ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। রবিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ভয়াবহ আকার ধারণ করে। এ অগ্নিদুর্ঘটনায় ১৬ জন নিহত হন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘নিহতদের মধ্যে এখন পর্যন্ত আত্রাই উপজেলার ১২ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসন এবং মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’
নিহতরা সবাই জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। অনেক পরিবার এখনও তাদের স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে। প্রবাসের মাটিতে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যাওয়া এসব মানুষের এমন করুণ মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
১৩ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার ২ যুবক নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ের জেবদীন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।
সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুরে এই হামলা ঘটে বলে নিশ্চিত করেছে লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে নাহিদুল ইসলাম নাহিদ।
ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ ওই দুই ব্যক্তির পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি জেনেছেন বলে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়েছে, বর্তমানে মরদেহ দুটি নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।
স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল ওই এলাকায় ইসরায়েলি বাহিনী দফায় দফায় হামলা চালায়। নিহত বাংলাদেশিরা সেখানে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে নতুন করে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন।
৯০ দিন আগে
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ ৪ মে ঢাকায় পৌঁছাবে
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে ঢাকায় পৌঁছাবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তোজা এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
তিনি জানান, লিমনের মরদেহ ইতোমধ্যে ফিউনারেল হোমে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটসের একটি ফ্লাইটে পাঠানো হবে। ফ্লাইটটি ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা দেবে।
তিনি আরও জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার জোহরের নামাজের পর ফ্লোরিডার টাম্পায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এলাকায় লিমনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির ব্যাপারে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান গোলাম মোর্তোজা।
লিমন ও বৃষ্টি দুজনেই ছিলেন ২৭ বছর বয়সী বাংলাদেশি নাগরিক। তারা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল থেকে তারা নিখোঁজ ছিলেন।
তদন্তকারী কর্মকর্তারা জানান, লিমনকে সর্বশেষ ক্যাম্পাসের বাইরে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দেখা যায়। সেখানে তিনি হত্যাকাণ্ডে সন্দেহভাজন ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়েহ এবং আরও একজন রুমমেটের সঙ্গে থাকতেন।
পরে তদন্তকারীরা মোবাইল ফোনের অবস্থান এবং লাইসেন্স প্লেটের তথ্য ব্যবহার করে সন্দেহভাজন আবুঘারবিয়েহর গাড়ি এবং লিমনের অবস্থান অনুসরণ করেন। এর সূত্র ধরে ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রসিকিউটরদের দাখিল করা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হত্যা করার আগে তাকে বেঁধে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, বৃষ্টির খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর গত ২৬ এপ্রিল টাম্পার কাছাকাছি একটি জলপথ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলাবাহিনী। তবে ওই মরদেহের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনও এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদ্নত কর্মকর্তারা।
এদিকে, গ্রেপ্তার হওয়া এই হত্যাকাণ্ডের সন্দেহভাজনকে জামিন ছাড়াই কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) টাম্পায় এক সংক্ষিপ্ত শুনানিতে হিলসবরো কাউন্টির বিচারক লোগান মারফি এই আদেশ দেন। কয়েকদিন আগে একটি সোয়াট টিম সন্দেহভাজনকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
আদালতের আদেশ অনুযায়ী, হিশাম আবুঘারবিয়েহ সাক্ষী কিংবা ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবেন না।
আদালতের নথিতে বলা হয়েছে, আবুঘারবিয়েহর বিরুদ্ধে এই দুটি পূর্বপরিকল্পিত খুনের অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এতে দোষী সাব্যস্ত হলে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। তবে প্রসিকিউটররা তার সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করবেন কি না, এ বিষয়ে তারা এখনও কিছু জানাননি।
নিহত বাংলাদেশি শিক্ষার্থীরা নিখোঁজ হওয়ার কয়েকদিন পর তদন্ত কর্মকর্তারা আবুঘারবিয়েহকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এ সময় হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তিনি।
তবে তার কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল বলে বিচার-পূর্ব আটকের প্রতিবেদনে উল্লেখ করেছেন তদন্তকারীরা। পরে বাড়িটির ব্যবস্থাপকের সহযোগিতায় তদন্তকারীরা লিমন ও আবুঘারবিয়েহর বসবাস করা ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন।
অ্যাপার্টমেন্টটিতে বসবাসকারী তাদের অপর রুমমেট পুলিশকে জানান, ১৬ এপ্রিল রাতে আবুঘারবিয়েহ একটি ট্রলি ব্যবহার করে নিজের কক্ষ থেকে কয়েকটি কার্ডবোর্ডের বাক্স ট্র্যাশ কমপ্যাক্টরে নিয়ে গিয়েছিলেন।
১০২ দিন আগে
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি বেঁচে নেই, জানালেন ভাই
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে নাহিদার মরদেহ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত তার বোনের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে জানায়, গতকাল (শুক্রবার) নিখোঁজ আরেক বাংলাদেশি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। এ ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউএসএফ শিক্ষার্থী হিশাম আবুঘারবেইহকে গ্রেপ্তার করা হয়েছে।
হিলসবরো কাউন্টির প্রধান ডেপুটি জোসেফ মাউরার জানান, শুক্রবার (২৪ এপ্রিল) টাম্পা উপসাগরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে জামিলের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবেইহকে প্রাথমিক অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগগুলোর মধ্যে রয়েছে অবৈধভাবে মৃতদেহ সরানো, মৃত্যুর খবর না দেওয়া, প্রমাণ নষ্ট করা, অবৈধভাবে আটকে রাখা এবং হামলা। এসব অভিযোগের ভিত্তিতে আজ (শনিবার) সকালে তাকে আদালতে হাজির হতে হবে বলে জানিয়েছে পুলিশ।
মাউরার বলেন, ‘আমরা নাহিদাকে খুঁজতে যথাসাধ্য চেষ্টা করছি।’ এ বিষয়ে তিনি জনসাধারণকে যেকোনো কার্যকর তথ্য শেয়ার করার আহ্বান জানান।
শেরিফের দপ্তর জানিয়েছে, এই প্রচেষ্টার অংশ হিসেবে আইন প্রয়োগকারী ডুবুরি দল ইতোমধ্যে সেতুর কাছাকাছি উপসাগরে তল্লাশি চালাচ্ছে।
শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, এটি একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা যা আমাদের নাড়া দিয়েছে। জামিল লিমনের দেহাবশেষ পাওয়ার ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। আমি জনসাধারণকে জানাতে চাই যে আমাদের গোয়েন্দারা এই বিষয়ের প্রকৃত সত্য উদঘাটনের জন্য অক্লান্ত ও নিরলসভাবে কাজ করে চলেছেন।
লিমনের এক আত্মীয় জানান, লিমন ও বৃষ্টি দুজনেরই বয়স ২৭। সম্প্রতি বিয়ের কথা ভাবছিলেন তারা। ১৬ এপ্রিল লিমনকে শেষবারের মত দেখা যায় তার অফ-ক্যাম্পাস অ্যাপার্টমেন্টে, যেখানে তিনি আবুঘারবেইহের সঙ্গে থাকতেন। একই দিনে ভার্সিটির ক্যাম্পাসে বসবাসকারী বৃষ্টিকে এক ঘণ্টা পর একটি বিজ্ঞান ভবনে শেষবারের মতো দেখা যায়।
ইউএসএফ পুলিশ জানায়, দুজনের কারো সঙ্গেই যোগাযোগ করতে না পেরে এক পারিবারিক বন্ধু শুক্রবার তাদের সঙ্গে যোগাযোগ করেন।
তদন্তকারীরা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবুঘারবেইহের সঙ্গে কথা বলে জানতে পারেন, তিনি জন্মসূত্রে একজন মার্কিন নাগরিক। তবে প্রাথমিক কিছু কথা বলার পর তিনি আর কথা বলতে চাচ্ছিলেন না। তিনি জানান, শুক্রবার সকালে গ্রেপ্তারের পর আবুঘারবেইহ আবারও গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছেন।
মাউরার জানান, আবুগারবেইহে ছাড়া তদন্তে এই মুহূর্তে অন্য কোনো সন্দেহভাজন ব্যক্তি নেই।
তিনি আরও জানান, লিমনের মৃত্যুর ধরন ও কারণ নির্ধারণের জন্য মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে, এবং এর ফলাফল শনিবার সকালে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানান, আবুঘারবেইহ আগে ইউএসএফ-এর শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী, তিনি ২০২১ সাল থেকে ২০২৩ সালে পর্যন্ত সেখানে পড়াশোনা করেন এবং ব্যবস্থাপনায় বিএস ডিগ্রি অর্জন করেন।
জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নাহিদা একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী ছিলেন।
১০৭ দিন আগে
ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে বাড়ি ফিরল রনির লাশ
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর সাত দিন পর প্রবাসী ফরহাদ আহমেদ রনির (৩১) লাশ দেশে তার নিজ গ্রামে পৌঁছেছে।
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি গ্রামের মাহামুদ আলীর ছেলে রনি ৫ জুলাই মালয়েশিয়ায় একটি নির্মাণস্থলে কাজ করার সময় নিহত হন।
মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটের মাধ্যমে শুক্রবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন পৌঁছায়। আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকার চেক প্রদান করে।
আরও পড়ুন: লালমনিরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
এরপর অ্যাম্বুলেন্সে করে রনির লাশ তার গ্রামে নিয়ে যাওয়া হয়, যেখানে তার পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
পরে রাত ১১টার দিকে পারিবারিক কবরস্থানে রনিকে দাফন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং বাসিন্দারা জানাজায় অংশ নেন।
রনির পরিবারের ভাষ্যমতে, রনি প্রায় তিন বছর আগে উন্নত জীবিকার সন্ধানে মালয়েশিয়া গিয়েছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে গভীর শোক এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তার পরিবার।
৩৯৪ দিন আগে
মেক্সিকোতে বাংলা বর্ষবরণ, রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও ঈদ পুনমির্লনী অনুষ্ঠিত
বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মেক্সিকো সিটিতে কবিতা, গান ও উৎসবে বর্ষবরণ, রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি দূতাবাসের এই বিশেষ আয়োজনে অংশ নেন মেক্সিকো প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও গণ্যমান্য ব্যক্তিরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মেক্সিকোর বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এই আয়োজনে একযোগে বাংলা নববর্ষ ১৪৩২, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী ও ঈদ-উল-আযহা পরবর্তী পুনর্মিলনী উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী উপস্থিত সবাইকে স্বাগত জানান। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘১৪০০ সাল’ আবৃত্তি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ ‘রাজবন্দীর জবানবন্দী’ পাঠ করেন।
সাংস্কৃতিক পর্বে দুই ক্ষুদে শিল্পীর মনোমুগ্ধকর বাংলা গান পরিবেশন করে। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। দূতাবাস প্রাঙ্গণকে সাজানো হয়েছিল বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির রূপে, যা উপস্থিত সবার মধ্যে বাংলাদেশের একটি আবহ সৃষ্টি করেছিল।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দূতাবাসের উদ্যোগে আগামী দিনে আয়োজন করা হবে এমন বিভিন্ন অনুষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন এবং উপস্থিত সকলকে এসব আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রদূত বলেন, ‘প্রবাসে বসবাস করেও আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে চলেছি। এমন আয়োজনের মাধ্যমে আমরা ল্যাটিন আমেরিকায় বেড়ে ওঠা প্রজন্মের মাঝে বাংলার চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই।’
৪০৬ দিন আগে
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী নিহত কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে।
কামরুলের বড় ভাই কামরুজ্জামান ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
কামরুজ্জামান জানান, ‘১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিল কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দেয় সে। কিছুদিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল তার। তার জন্য বিয়ের জন্য পাত্রীও খোঁজা হচ্ছিল। তবে তার আগেই সব শেষ হয়ে গেল।’
তিনি জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তার দোকানে ডাকাতি করতে আসে দুই কৃষ্ণাঙ্গ ডাকাত। এ সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও নগদ অর্থ আছে ভেবে তাকে গাড়ির কাছে নিয়ে যায়। সেখানেই তার বুকের বাঁ পাশে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে প্রতক্ষ্যদর্শীরা।
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আমাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তার লাশ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে। এ বিষয়ে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা চলছে।’
৫১৪ দিন আগে
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত
যুদ্ধবিধ্বস্ত লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননে বাংলাদেশের দূতাবাস।
নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে। তিনি বৈরুতে একটি কফি শপে কর্মরত ছিলেন।
স্থানীয় সময় শনিবার বিকেলে নিজাম উদ্দিন বৈরুতের হাজমিয়ে এলাকায় নিজ কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে জানান, নিহতের স্ত্রী বর্তমানে লেবাননে অবস্থান করছেন। লেবাননে বাংলাদেশের দূতাবাস তার সঙ্গে যোগাযোগ রাখছে।
আরও পড়ুন: যুদ্ধবিরতি প্রচেষ্টা বারবার প্রত্যাখ্যান করছে ইসরায়েল: লেবাননের প্রধানমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকায় মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে জানান ওই কর্মকর্তা।
খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানান, জীবিকার তাগিদে গত ১২ বছর আগে মোহাম্মদ নিজাম লেবাননে যান। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন বলে তার বড় ভাই আমাকে নিশ্চিত করেছেন। তার লাশ সেখানে হিমঘরে রাখা আছে।
নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫২, আহত ৭২
৬৪৫ দিন আগে
ছাত্রলীগকে নিষিদ্ধের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ
দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।
এক যৌথ বিবৃতিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, 'অপশক্তির অবৈধ সরকার ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ২৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে। এই অপচেষ্টার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'
তারা আরও বলেন, 'ব্রিটিশ পরাধীনতার কবল থেকে মুক্ত হয়ে পাকিস্তানি পরাধীনতায় প্রবেশের এক বছরের মাথায় সময়ের প্রয়োজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। '৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর সাধারণ নির্বাচন, ’৫৮-এর আইয়ুব বিরোধী আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ৬ দফা আন্দোলন, '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭০-এর নির্বাচন, '৭১-এর মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন এবং '৭৫ পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের উত্তরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ইতিহাসের সাধারণ পাঠক মাত্রই জানেন, বাংলা ও বাঙালির যা কিছু সোনালি অর্জন তার সবকিছুরই গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ।'
বিবৃতিতে আরও বলা হয়, 'ছাত্রলীগ সবসময় সৃষ্টি করে গেছে। যে শক্তি সৃষ্টি করে, সে শক্তি অবিনশ্বর। ছাত্রলীগ অবিনশ্বর।'
৬৫৫ দিন আগে
বিবিসি বাংলার প্রয়াত পাঁচ সাংবাদিককে শ্রদ্ধাভরে স্মরণ
আবেগঘন স্মৃতিচারণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধায় ও ভালবাসায় পাঁচ সাংবাদিককে স্মরণ করলেন তাদের সহকর্মীরা।
শুক্রবার (১৮ অক্টোবর) লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
বিবিসিখ্যাত এই পাঁচ সাংবাদিক হলেন ঊর্মি রহমান, গোলাম কাদের, কাদের মাহমুদ, গোলাম মুর্শিদ ও শাহীন জামান। বিবিসি বাংলা বিভাগে কাজ করে সুনাম অর্জন করেন তারা।
একইসঙ্গে লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত ও নতুন দিনের প্রকাশনায়ও তাদের অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করেন এই পাঁচ বিশিষ্ট সাংবাদিক।
বিলেতে বাংলা ভাষার চর্চা ও বিকাশে এবং বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতির প্রচার ও প্রসারে তাদের তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা সহকর্মীদের স্মৃতিকথায় উঠে আসে।
লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবায়ের।
সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় প্রয়াত সাংবাদিকদের কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কের স্মৃতি তুলে ধরেন- মুহিব চৌধুরী, কামাল আহমেদ, দানেশ আহমেদ, খুররম মতিন, নবাব উদ্দিন, জাকি রেজওয়ানা আনোয়ার, মোস্তফা কামাল মিলন, শামসুল আলম লিটন, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, তারেক চৌধুরী, জাহেদী ক্যারোল প্রমুখ।
তাদের বক্তব্যে উঠে আসে প্রয়াত এই পাঁচ সাংবাদিকের কর্মনিষ্ঠা, বন্ধুত্ব, সহকর্মীদের প্রতি গভীর আন্তরিকতা, শ্রদ্ধাবোধ এবং বাংলা ভাষার প্রতি তাদের মমতার কথা।
এ সময় ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।
বিবিসি বাংলার সাবেক সাংবাদিক কামাল আহমেদ বলেন, মূলত পাঁচজন নয়, সৈয়দ আফসার উদ্দিনসহ বিবিসি বাংলার ছয়জন প্রয়াত সাংবাদিকের মধ্যে একটি বিষয়ে অভিন্ন মিল ছিল, আর তা হলো- ব্রিটেনে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা ও প্রসারে তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। গোলাম মুরশিদ তার সাহিত্য কর্মের মাধ্যমে বাংলা ভাষার প্রসারে বিশেষ ভূমিকা রাখেন। শাহীন জামান শিল্পচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সাপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন বলেন, গোলাম মুর্শিদ বাংলার পণ্ডিত ছিলেন। মালবারি স্কুলের বাংলা বিভাগের প্রধান থাকাকালে তিনি মালবারি গুচ্ছ প্রকাশ করেন যা বাংলা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপ্তাহিক জনমত এ মালবারি গুচ্ছ প্রকাশের দায়িত্ব পালন করে। বইগুলো বাঙালির জীবন কাহিনী নিয়ে সরল ভাষায় রচিত। একইসঙ্গে তিনি বাংলা ও ইংরেজিতে অভিধান রচনা করেন। তিনি ‘কালাপানির হাতছানি’ নামে একটি বই লেখেন যা বিতর্কের সৃষ্টি করে।
৬৫৯ দিন আগে