ভাষা শহিদদের স্মরণে প্রচলিতভাবে ফেব্রুয়ারি মাসে মাসব্যাপী অমর একুশে বইমেলা আয়োজিত হলেও ২০২৭ সালে এ মেলা শুরু হবে ৭ জানুয়ারি। এর মধ্য দিয়ে মেলার প্রচলিত সময়সূচিতে পরিবর্তন আসছে।
রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সম্মেলনকক্ষে প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও সচিব ইয়াসমিন বেগমও উপস্থিত ছিলেন।
সভায় প্রকাশক ও প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে মেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ এবং বাংলা ভাষা ও সাহিত্য উদযাপনে প্রতিবছর অমর একুশে বইমেলার আয়োজন করা হয়।