কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখা এবং দলটিকে তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) রাত ২টার দিকে অফিসার্স মেস থেকে পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
পাঁচলাইশ থানায় শনিবার রাতে মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর রাত সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী মামলাটি দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জাহাঙ্গীরকে নজরদারিতে রাখা হয়েছিল। তার মুঠোফোন দুটিও জব্দ করা হয়েছে।
সিএমপি কমিশনার বলেন, ‘শুক্রবার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছি। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করে।’
এর আগে গত ১০ নভেম্বর তথ্য পাচারের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার ব্যক্তিগত ও দাপ্তরিক—দুটি মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামও বিভাগীয় তদন্ত করেন।
তিনি বলেন, তদন্তে জাহাঙ্গীরের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর ফেনী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন।