ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (২ নভেম্বর) রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার জানায়, বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
ধুনট পৌরসভা এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে জন্মগ্রহণকারী আবুল কালাম আজাদ প্রায় ৩০ বছর আগে সাংবাদিকতা শুরু করেন।
তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) ও বগুড়া প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য ছিলেন।
বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি দৈনিক উত্তরকোণে কাজ করেন।
এছাড়া দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিসেও স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
আজাদ বাংলাদেশ টেলিভিশনের বগুড়া অফিস ও দৈনিক সংগ্রামের বগুড়া অফিসেরও দায়িত্ব পালন করেছেন।
তিনি বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ পদে একাধিকবার দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি এক মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে সহকর্মী ও বগুড়া প্রেসক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।