বর্ষা মৌসুমে ডেঙ্গুরোগবাহী এডিস মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটি রাজধানী ঢাকার বিভিন্ন বাসা, বাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান পরিচালনাসহ মনিটরিং কার্যক্রম চালাবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৪ জুন) ‘সারা দেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্স কমিটি’ কর্তৃক বাসাবাড়িতে এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস করার অভিযান পরিচালনার অংশ হিসেবে গুলশান ২-এর ১০৭ ও ১১২ নম্বর সড়কের কয়েকটি স্থাপনায় অভিযান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
এ সময় প্রতিমন্ত্রী নগরবাসীকে নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে নিজেদের নিরাপত্তার জন্য তাদের প্রতিটি বাড়ির বেলকনি, ছাদ বাগান ও বাড়ির নিচের অংশগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
অভিযান শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস সাংবাদিকদের জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে ডিএনসিসির গৃহীত ৩ মাসের কর্মসূচির আওতায় প্রতিটি বাসাবাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতামূলক কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় তিনি নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও বাড়ির ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে এডিস মশা নিধনে সিটি করপোরেশনকে সহযোগিতার অনুরোধ করেন।
অভিযানকালে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী ১০৭ নম্বর সড়কের চয়েজ রেস্টুরেন্টের মালিককে এডিস মশার বংশবিস্তার রোধে আইন লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে দুই মাসের কারাদণ্ডেরও আদেশ দেন তিনি।
অভিযান কার্যক্রম পরিচালনার সময় মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি এডিস মশার বংশবৃদ্ধি রোধে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্টিকারের মাধ্যমে নাগরিকদের সচেতন করা হয়।