প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মোংলা থেকে সড়কপথে মাজারে পৌঁছান প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ও মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম তাকে স্বাগত জানান।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খান জাহান আলীর মাজারে এটিই তারেক রহমানের প্রথম সফর।
এর আগে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।