গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ছবি ও ভিডিও ফুটেজে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার বাংলাদেশে কোনো নাশকতা সহ্য করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি।
তিনি আরও বলেন, ‘সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা কোনোভাবেই সরকার সহ্য করবে না।’
যৌথবাহিনী দায়িত্ব পালন করছে উল্লেখ করে ডা. জাহেদ বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, তারা গ্রেপ্তার হবেন এবং নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের বিষয়ে তিনি বলেন, পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় বলপ্রয়োগের মাত্রা যেন বেশি না হয়, সেটি গুরুত্বপূর্ণ।
অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে যে সমালোচনা হয়েছে, সরকার তার পুনরাবৃত্তি চায় না বলেও জানান তিনি।
এছাড়া সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন।
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এসব অপরাধের দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বহন করতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ডা. জাহেদ বলেন, এ ধরনের কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশে বড় ধরনের সমস্যা হবে বলে সরকার মনে করছে না।
তিনি আরও বলেন, এর আগেও আওয়ামী লীগের কর্মসূচি ছিল। ওই কর্মসূচির বিষয়ে আগের ব্রিফিংয়েও সরকারের অবস্থান জানানো হয়েছিল। এসব কর্মসূচি নিয়ে সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখছে না।