জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিএনপি সরকারকে পুনরায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণ দলটির পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করবে। তাই বিরোধী দলকে ঘন ঘন আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন তিনি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে। তাই ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে।
বিরোধী পক্ষের লংমার্চ দেশ পুনর্গঠনের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন চিফ হুইপ।
তিনি বলেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া দেশটির ভঙ্গুর অর্থনীতি নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে। লংমার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয়।
বিদ্যুৎ সংকটের বিষয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ সংকট কাটাতে সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য করছাড় দিয়েছেন।
এই সুযোগ কাজে লাগাতে পারলে এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।
নুরুল ইসলাম মনি বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করে ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়ে বর্তমান সরকার দেশকে পুনর্গঠনের চেষ্টা করছে।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, তিনি মুক্তিযুদ্ধে সম্মুখসারিতে থেকে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বও পালন করেছেন।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাকে জেল, জুলুম ও নির্যাতন সহ্য করতে হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরীন ও সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
এ সময় বরিশাল বিভাগের মহানগর ও বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।