বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ ও অন্যান্য পণ্য আমদানি এবং দক্ষ কর্মী নিয়োগের জন্য স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বঙ্গভবনে ঘানার নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনার এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাদের গার্ড অব অনার প্রদান করে।
পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য ও আইসিটি সেবার আমদানি বাড়াতে দেশগুলোর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সুলভ মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন এবং রপ্তানি করে।
সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্যও দেশগুলোকে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।
প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগের জন্য স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
গিনি ও ঘানাকে বাংলাদেশের দক্ষ কৃষক ও কৃষিবিজ্ঞানীদের নিয়োগের মাধ্যমে কৃষি-সংক্রান্ত অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন।
অনাবাসিক রাষ্ট্রদূত টমাস মেন্সিনকে রাষ্ট্রপতি স্লোভেনিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।
তিনি মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন।
অনাবাসিক হাইকমিশনার প্রফেসর কোয়াসি অবিরি-ডানসোকে রাষ্ট্রপতি কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতে উদ্ভাবনী উদ্যোগ কাজে লাগানোর আহ্বান জানান।
এ সময় তিনি ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতিও এ উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
গিনির অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইং ও প্রিন্টিংয়ে দেশটিকে কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের কাছে রাষ্ট্রপতি দেশটির ডিজিটাল গভর্ন্যান্সে অগ্রযাত্রার প্রশংসা করেন।
আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও ফিনটেক খাতে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহায়তা গ্রহণে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান মির্জা ফখরুল।
একই সঙ্গে বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে এস্তোনিয়াকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আশা প্রকাশ করেন, দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।