ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদুল ফিতরের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে।
ঈদের ছুটি শুরুর আগের দিন ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটি। এরপর ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা। তবে আজ মন্ত্রিপরিষদে ১৮ মার্চ সাধারণ ছুটির অনুমোদন পাওয়ায় নতুন করে আরও একদিন ছুটি যোগ হলো। সব মিলিয়ে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।