কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদনান আলতাফ ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বাসিন্দা। তিনি ওই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের অনিয়মিত শিক্ষার্থী ছিলেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কলেজ কর্তৃপক্ষ ও আদনানের মা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গত ৩১ অক্টোবর আদনান তার মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা অনেকটা জোর করেই তাকে বাংলাদেশে নিয়ে আসেন। গত ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও তার মা মঙ্গলবার বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়।
সহপাঠীরা জানান, আদনান মানসিক স্বাস্থ্যজনিত কিছু সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার পড়াশোনা অনিয়মিত হয়ে পড়ে। অন্য সহপাঠীরা চূড়ান্ত পরীক্ষা শেষ করে বেরিয়ে গেলেও তিনি এখনও পরীক্ষায় অংশ নিতে পারেননি।
কলেজ কর্তৃপক্ষও জানিয়েছে, আদনান মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। এ কারণে কলেজ ক্যাম্পাসে তার মায়ের থাকার ব্যবস্থা করা হয়েছিল। নিখোঁজ হওয়ার পর আদনানকে খোঁজাখুঁজি করা হয় এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে আদনানের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।