খুলনার রুপসা উপজেলায় যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই ফখরুলকে (৩২) গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুরে রূপসা ব্রিকস নামক ইটভাটায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে তিনি রাতে সেখানে পাহারা দিতেন। গতকাল রাতে ভাটার ভেতরে অবস্থান করছিলেন ফখরুল। এ সময় রাত ১টার দিকে দুর্বৃত্তরা সেখানে গিয়ে তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
খবর পেয়ে তার বড় ভাই ফরহাদ দ্রুত সেখানে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।