নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান (৪১) উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাটের আক্কেলপুর শাখায় সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে কর্মস্থলের উদ্দেশে রওনা হন হান্নান। কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি হন তিনি।
এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে ধাক্কা দেন তিনি। এতে সড়কে ছিটকে পড়লে ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হন হান্নান।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ট্রাক ও ট্রাক্টরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।