নাটোরের লালপুর উপজেলার গ্রীনভ্যালী পার্কে দুই রুশ নাগরিককে হেনস্তার ঘটনায় আমিনুল ইসলাম ও রাসেল ইসলাম নামে ২ টিকটকারকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ মে) রাতে অভিযান চালিয়ে রাজশাহীর আড়ানি ও তানোর থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই রুশ নাগরিক গত শুক্রবার লালপুর উপজেলার গ্রীনভ্যালী পার্কে বেড়াতে যান। সেখানে পিকনিকে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন কথিত টিকটকার। এ সময় টিকটকাররা ওই দুই রুশ নাগরিককে ঘিরে ধরে অশালীন ভাষায় হেনস্তা করেন। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তী সময়ে গ্রীনভ্যালী পার্কের ব্যবস্থাপক ওয়াজেদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।
বিদেশি নাগরিক হয়রানির ব্যাপারে আটকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে অন্য অভিযুক্তদের ধরতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।