রাজধানীর বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন— সেলুনের কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭), শাকিব (১৭); কাস্টমার মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), মো. রফিক (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দশ জনকে দগ্ধ অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে শমসেদের শরীরে ১৫ শতাংশ, ফারুকের শরীরে ৫০ শতাংশ, রিংকুর শরীরে ২১ শতাংশ, রাজুর শরীরে ১৮ শতাংশ, পাপ্পুর শরীরে ১৮ শতাংশ, রনির শরীরে ১০ শতাংশ, জসিমের শরীরে ৮ শতাংশ, আরমানের শরীরে ১৫ শতাংশ, রফিকের শরীরে ১২ শতাংশ ও শাকিবের শরীরে ১ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধের পরিমাণ কম থাকায় শাকিবকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।