কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ও বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) প্রশিক্ষক ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার হোটেল মকটেল থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বগুড়া সদর থানায় নেওয়া হয়।
ডা. মিশু বগুড়া মহানগরীর জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। পলাতক হাসিনা সরকারের আমলে তিনি ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখা এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক বন্ধু স্বপনের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গতকাল (মঙ্গলবার) রাতে হোটেল মকটেলে যান ডা. মিশু। সেখানে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে শেরপুর থানায় নিয়ে যায়। এরপর বগুড়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় এজাহার নামীয় আসামী হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, বগুড়া সদর থানার একটি মামলার ভিত্তিতে ডা. মিশুকে থানায় আনা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।