রাজধানীর শাহাবাগের বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাসার গাছ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুর পৌনে একটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বয়স আনুমানিক ২৮ বছর।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, আজ (শনিবার) সকালের দিকে খবর পেয়ে ২৫ নম্বর বাংলামোটরের কাজী নজরুল ইসলাম এভিনিউতে সাইফুল ইসলামের একটি পরিত্যক্ত বাড়িতে যাই। সেখানে একটি গাছের সঙ্গে গলায় ইন্টারনেটের তার দিয়ে প্যাচানো ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা এখনও ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার জন্য ইতোমধ্যেই সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
এটি হত্যা নাকি আত্মহত্যা, প্রাথমিকভাবে সে বিষয়ে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।