মাগুরায় পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের হাতুড়ির আঘাতে গুরুতর আহত আমেনা বেগম (৫০) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৭ জানুয়ারি সকালে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারপর থেকেই চিকিৎসাধীন ছিলেন ওই নারী। তবে রবিবার (১ ফেব্রুয়ারি) তিনি মৃত্যুবরণ করেন।
নিহত আমেনা বেগম ওই গ্রামের কামরুজ্জামানের স্ত্রী ছিলেন। কামরুজ্জামান স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে আমেনা বেগমের সঙ্গে তার সৎ ছেলে খালিদের (১৮) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খালিদ তার হাতে থাকা একটি হাতুড়ি দিয়ে আমেনা বেগমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ে অবশেষে তিনি গতকাল (রবিবার) মারা যান।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এ ঘটনায় মাগুরা থানায় মামলা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারও গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।