রাজবাড়ীর পাংশায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. আকাশ মাহমুদকে (২৫) মারধরের ঘটনায় জড়িত মো. বিশু সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড এলাকা থেকে পাংশা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বিশু সরদার পাংশা উপজেলার কুলটিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই সন্ধ্যা ৬টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নাদুরিয়া ঘাটগামী ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ডে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্যের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে অটোরিকশা চালকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে ঘটনাস্থলে উপস্থিত দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি আকাশ মাহমুদ পেশাগত কাজের জন্য মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকেন।
বিষয়টি দেখে ফেলায় কয়েকজন অটোরিকশাচালক লাঠিসোঁটা নিয়ে সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলা চালায়। নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এতে তার শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তিনি কোনোভাবে প্রাণে রক্ষা পান। পরে সাংবাদিক আকাশ মাহমুদকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পরবর্তী সময়ে এ ঘটনায় আহত সাংবাদিক আকাশ মাহমুদ বাদী হয়ে হামলার গত ২৬ জুলাই পাংশা মডেল থানায় একটি মামলা করেন। মামলার তদন্তের আলোকে পুলিশ অভিযান চালিয়ে আজ (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ার পর মৈশালা বাসস্ট্যান্ড থেকে বিশু সরদারকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘মামলা দায়েরের পর তথ্য-উপাত্তের ভিত্তিতে পুলিশ ঘটনার সঙ্গে বিশু সরদারের সম্পৃক্ততা খুঁজে পায়। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আজ সকালে বিশু সরদারকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে পাঠানো হয়।
হামলার সঙ্গে জড়িত অপর আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।