শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ৩০ মিনিটের জন্য বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। তবে বৈরী আবহাওয়ার কারণে পরে সড়ক ছেড়ে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক মুল্যায়ন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না।
সরেজমিনে দেখা যায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আজ দুপুরের পর শিক্ষাবোর্ডের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড গিয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে শুরু হয় তীব্র জানজট ।
সড়ক অবরোধের কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে তারা অবরোধ ভেঙে শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষারোর্ড এলাকা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।
একপর্যায়ে শিক্ষা বোর্ড ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এক দফা দাবিতে অনড় থাকায় আন্দোলনস্থল ত্যাগ করননি তারা।
শিক্ষার্থী আন্দোলন চললেও বরিশাল-ঢাকাসহ সকল রুটের বাস চলাচল করছে। বিকেল ৪টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।