ট্রেন
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়ার বাগমারার আদমদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক উজ্জল হোসেন ইউএনবিকে জানিয়েছেন, ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে নীলসাগর এক্সপ্রেস নামের ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন পার হয়ে দুপুর আড়াইটার দিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম নামক স্থানে পৌঁছালে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের বহু যাত্রী আহত হয়েছেন।
এ দুর্ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি উজ্জল হোসেন।
সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন কহিনুর বলেন, সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরই ট্রেনটি লাইনচ্যুত হয়। এখন পর্যন্ত কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় নিচে পড়ে অনেকে আহত হয়েছেন।
বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে বলে জানান তিনি।
৩ দিন আগে
এক ট্রেনেই চলছে ঢাকা–নড়াইল–খুলনা ও ঢাকা–নড়াইল–বেনাপোল রুট, ট্রেন বাড়ানোর দাবি
একটি মাত্র ট্রেন দিয়ে চলছে ঢাকা–নড়াইল–খুলনা ও ঢাকা–নড়াইল–বেনাপোল রেলপথের যাত্রীসেবা। একই ট্রেন ভিন্ন সময়ে ভিন্ন নামে চলাচল করায় দিনে নির্দিষ্ট সময় ছাড়া যাতায়াতের সুযোগ নেই। ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় প্রথমবারের মতো রেলপথের সঙ্গে যুক্ত হয় নড়াইল জেলা। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর এই রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে একটি মাত্র ট্রেন ‘রূপসী বাংলা’ ও ‘জাহানাবাদ’—এই দুই নামে ঢাকা থেকে যশোরের বেনাপোল এবং খুলনা রুটে চলাচল করছে।
‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামে ট্রেনটি সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে সকাল সোয়া ৭টায় নড়াইলে পৌঁছায়। একই ট্রেন বেনাপোল থেকে ‘রূপসী বাংলা’ নামে বিকেল ৩টায় ছেড়ে নড়াইলে আসে বিকেল পৌনে ৫টায়। নড়াইল থেকে প্রায় আড়াই ঘণ্টায় ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছানো যায়। তবে রাতে রাজধানীতে যাওয়ার কোনো ট্রেন না থাকায় অনেক যাত্রীকে পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়।
রেলযাত্রী রেজাউল করিম বলেন, ‘নড়াইল থেকে স্বল্প সময়ে ঢাকায় যাতায়াতের সবচেয়ে আরামদায়ক মাধ্যম এখন রেলপথ। কিন্তু সকাল ও বিকেল ছাড়া অন্য সময়ে ট্রেনে যাওয়ার সুযোগ নেই। তাই দ্রুত ট্রেনের সংখ্যা বাড়ানো প্রয়োজন।’
আরেক যাত্রী আ. আল-মারজান বলেন, ‘কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে এই রেলপথ নির্মাণ করা হয়েছে। এতে যোগাযোগের সুবিধা হয়েছে ঠিকই, তবে মাত্র একটি ট্রেন দুটি নামে চলায় আমরা পুরো সুবিধা পাচ্ছি না। নতুন সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করছি।’
আমেনা বেগম বলেন, ‘রেল চালু হওয়ায় অনেক সুবিধা হয়েছে। সকালে নড়াইল থেকে ঢাকায় গিয়ে অফিস করতে পারি, আবার রাতে বাড়ি ফিরি। তবে ট্রেনের সংখ্যা বাড়লে যাতায়াত আরও সহজ হবে।’
নড়াইল রেলস্টেশনের স্টেশন মাস্টার উজ্জ্বল বিশ্বাস জানান, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। ট্রেন চালুর ফলে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে। ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বাড়তে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (১১ মার্চ) সকালে নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ‘ঢাকা–নড়াইল–খুলনা রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।’
নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, ‘নড়াইলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে ট্রেন চালুর মাধ্যমে। তবে চাহিদা অনুযায়ী রেলসেবা এখনও পাওয়া যাচ্ছে না। দ্রুত ট্রেনের সংখ্যা বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। ২০২৪ সালে প্রকল্পের কাজ সম্পন্ন হয়। পদ্মা সেতুর ওপর দিয়ে রেললাইন নির্মাণসহ পুরো প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করেছে ১৮ হাজার ২১০ কোটি টাকা এবং বাকি ২১ হাজার ৩৬ কোটি টাকা দিয়েছে চীন।
৮ দিন আগে
১৮০ দিনের মধ্যে বুড়িমারী থেকে এক্সপ্রেস ট্রেন চলবে: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী ১৮০ দিনের মধ্যে বুড়িমারী থেকেই ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী লালমনিরহাট বিমানবন্দর, ফোরলেন সড়ক, অর্থনৈতিক অঞ্চল এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রকল্পগুলো নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে অগ্রগতি ত্বরান্বিত করা হবে, যাতে কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন করা যায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে ৮টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পর্যায়ক্রমে সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রত্যেক পরিবারকে এই কার্ডের আওতায় এনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।
তিনি আরও জানান, লালমনিরহাটে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আগামী ১৮০ দিনে জেলায় কী কী উন্নয়নকাজ বাস্তবায়ন করা সম্ভব—সে বিষয়ে আলোচনা করা হয়েছে। কর্মকর্তারা আগামী ২৮ তারিখের মধ্যে প্রস্তাবনা উপস্থাপন করবেন। সে অনুযায়ী লালমনিরহাটের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল উপস্থিত ছিলেন।
২৭ দিন আগে
৯ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-রাজশাহী রুটে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জ্বালানি তেলবাহী একটি ট্রেনের ৪টি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রহনপুর-রাজশাহী রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরে উদ্ধারকারী ট্রেন এসে কাজ সম্পন্ন করলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
আমনুরা রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, খুলনা থেকে আমনুরা পাওয়ার প্লান্টের উদ্দেশে তেলবাহী একটি ট্রেন আসছিল। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলওয়ে জংশনের কছেই ট্রেনটির ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার আরও জানান, খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুপুর সোয়া ২টার দিকে লাইনচ্যুত ওয়াগনগুলো সরিয়ে লাইন সচল করা সম্ভব হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
৩০ দিন আগে
বিকল্প পথে ময়মনসিংহ থেকে ট্রেন চলাচল শুরু
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন খুলে নেওয়ার ঘটনায় ট্রেন লাইনচ্যুতির কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কয়েক ঘণ্টা পরে বিকল্প পথে ময়মনসিংহ-ভৈরব হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ২ কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি।
রেলওয়ে স্টেশন ও পুলিশ সূত্রে জানা গেছে, তারাকান্দি থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। রেলপথের ওই স্থানটিতে ২০ ফুটের একটি লোহার দণ্ড দুপাশ থেকে নাট খুলে সরিয়ে ফেলা হয়েছে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেন লাইচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ চালাচ্ছে।
এদিকে, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সকাল ৯টা ৪০ মিনিটে ময়মনসিংহ স্টেশনে এসে অস্থান করে। এরপর বিকল্প রুট হিসেবে গৌরীপুর, কিশোরগঞ্জ ও ভৈরব হয়ে ঢাকা পাঠানো হয় ট্রেনটিকে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন বলেন, আজ বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটি ময়মনসিংহ ছেড়ে যায়। এছাড়া ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ভৈরব হয়ে ময়মনসিংহে আসবে বলেও জানান তিনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ হয়ে পড়ায় ঢাকা-তারাকান্দি রুটের আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫ নম্বর) ট্রেন, তারাকান্দি-ঢাকা রুটের আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬ নম্বর) ট্রেন, দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটের আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৪ নম্বর) ট্রেন, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকা রুটের আন্তঃনগর হাওর এক্সপ্রেস (৭৭৮ নম্বর) ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এসব ট্রেনের জন্য কাটা টিকিটের মূল্য ফেরত পেতে অনলাইনে লগইন করে রিফান্ড গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ রেলওয়ের পরিবহন পরিদর্শক শাহীনুর ইসলাম বলেন, উদ্ধারকারী ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধারকাজ শেষ হতে আরও ২ থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।
৮২ দিন আগে
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কালীগঞ্জ পৌরসভার দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪) ও একই এলাকার বাবু মিয়ার মেয়ে অনাদি আক্তার (১৩) এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজালের কমলা বেগম (৫৫)। অনাদি ও কমলা সম্পর্কে নাতনি ও নানী। সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশি।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানী-নাতনি ও সাদিয়া বেগম একসঙ্গে হাঁটতে বের হয়ে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
রেলওয়ের নরসিংদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
৮৫ দিন আগে
৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় তেলবাহী মালগাড়ি ৯৫২-এর একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওয়াগনটি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত তেলবাহী ওয়াগন ট্রেনটি উদ্ধার করার পর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা ও চট্টগ্রামগামী দুটি ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে শনিবার ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা বিশেষ ট্যাংক ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ফিরছিল। রাত সাড়ে ৯টায় মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনের বাইরে চলে যায়।
১১২ দিন আগে
তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা স্টেশনের কাছে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে নোয়াপাড়া স্টেশনের মাস্টার মো. মনির হোসেন জানান, সকাল সোয়া ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি নোয়াপড়া স্টেশন থেকে ছেড়ে যায়। পরবর্তীতে ইটাখোলা স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে অন্য কোনো ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।
আখাউড়া থেকে রিলিফ ইঞ্জিন এনে বেলা দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান তিনি।
১১৪ দিন আগে
ট্রেন সেবা লাভজনক করতে লোকোমোটিভ কেনার উদ্যোগ
বাংলাদেশে ট্রেন সেবা থেকে ক্ষতি কমে এলেও এখনো পুরোপুরি লাভজনক হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। তাই এ খাতকে আরও লাভজনক করতে আধুনিক লোকোমোটিভ কেনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
ইউএনবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ মঈনুদ্দিন বলেন, রেল খাতকে লাভজনক করতে হলে আমাদের আরও আধুনিক লোকোমোটিভ কেনা প্রয়োজন। লোকোমোটিভের অভাবই এখন সবচেয়ে বড় সমস্যা। নতুন লোকোমোটিভ ক্রয় করা হলে ট্রেন চলাচল বাড়বে, যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং খরচও কমে আসবে।
তার ভাষ্যে, ট্রেনে যাত্রীর অভাব নেই। আমরা যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে চাই। লোকোমোটিভের ঘাটতি পূরণ করতে পারলে ট্রেন সার্ভিস আরও দ্রুত ও কার্যকর হবে।
শেখ মঈনুদ্দিন আরও বলেন, বিশ্বের অনেক দেশেই পাবলিক ট্রান্সপোর্ট খাত সরাসরি লাভজনক নয়। কিন্তু খরচ কমিয়ে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এটি টেকসই করা সম্ভব। এজন্য আমাদের প্রশাসনিক দক্ষতা ও নীতিনির্ধারণে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শেখ মঈনুদ্দিন জানান, নতুন ট্রেন সংযোগের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে মাস্টার প্ল্যানে ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে কিছু অংশে কাজ শুরু করেছি। ঈশ্বরদী এলাকায় ট্রেনলাইন সোজা করার উদ্যোগ নেওয়া হয়েছে, এতে অনেক কিলোমিটার পথ কমে যাবে।
লোকোমোটিভ কেনার বিষয়ে তিনি বলেন, প্রয়োজনের চেয়ে কিছু বেশি লোকোমোটিভ কেনার পরিকল্পনা আছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে।
হাই-স্পিড বা পাতাল ট্রেন বিষয়ে প্রশ্নের জবাবে শেখ মঈনুদ্দিন বলেন, আমাদের দেশে এখনো সে ধরনের অবকাঠামো প্রস্তুত নয়। গ্রীন রেলওয়ে নিয়ে আলোচনা চলছে, তবে এগুলো বাস্তবায়নে আরও সময় লাগবে।
যমুনা ট্রেন প্রকল্প সম্পর্কে তিনি জানান, পুরনো লাইনের সংস্কারকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। নতুন প্রকল্পের কাজও আগামী মাসের মধ্যেই শুরু করার পরিকল্পনা রয়েছে।
১৫০ দিন আগে
১৯টি বগি পটিয়ায় রেখেই চলে গেল পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন
কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ও হোস পাইপ ভেঙে ইঞ্জিন থেকে ১৯টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মাঝপথে বগিগুলো রেখেই চট্টগ্রাম পৌঁছে যায় ইঞ্জিন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পটিয়ার কমলমুন্সির হাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টা পর্যন্ত বগিগুলো রেললাইনে দাঁড়িয়ে ছিল। পরে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়।
ট্রেনটিতে প্রায় ৯০০ যাত্রী ছিলেন। হতাহতের ঘটনা না ঘটলেও দীর্ঘ সময় ভোগান্তির শিকার হন তারা। অনেকে আতঙ্কিত হয়ে পড়লেও শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: বিমানবন্দর এলাকায় ট্রেন লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচলে বিঘ্ন
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে আসার পর কমল মুন্সির হাট স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের বাফার হুক ও হোস পাইপ ভেঙে যায়। এতে বগিগুলো থেকে ইঞ্জিন আলাদা হয়ে যায়। এ সময় চালক ইঞ্জিন নিয়ে চট্টগ্রামের দিকে চলে যান, আর যাত্রীবাহী বগিগুলো স্টেশনেই দাঁড়িয়ে থাকে। পরে বগিগুলোকে গন্তব্যে পৌঁছে দিতে রাত ১১টার দিকে পাহাড়তলী থেকে উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়।
পটিয়া রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ পাভেল জানান, উদ্ধারকারী ইঞ্জিন পৌঁছালে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এর আগে, গত ২৬ জুলাই কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে গিয়ে মূল ট্রেন থেকে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিট ট্রেনটি সেখানে আটকে ছিল। পরে বিচ্ছিন্ন বগি ফেলে মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
একের পর এক এ ধরনের ঘটনায় রেলওয়ের যান্ত্রিক ত্রুটি ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
২০১ দিন আগে