বাস
সুইজারল্যান্ডে বাসে আগুন লেগে নিহত ৬
পশ্চিম সুইজারল্যান্ডে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে দেশটির রাজধানী বার্ন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফ্রিবুর্গ কান্টনের কেরজেরসের কেন্দ্রস্থলে (যা ফরাসি ভাষায় শিয়েট্রেস নামে পরিচিত) এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৩ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন।
তবে ঘটনাটি উদ্দেশ্যমূলক কি না, তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, এক ব্যক্তি নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করায় এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই সঙ্গে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখছেন বলে জানাচ্ছেন একজন স্থানীয় বাসিন্দা।
জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি মূলত কেরজেরস থেকে ১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ডুডিঙ্গেন পৌরসভা থেকে আসছিল।
একটি এক্স পোস্টে সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন বলেছেন, ‘এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আমি সত্যিই হতবাক এবং ব্যাথিত।’
এর আগেও বছরের শুরুর দিকে সুইজারল্যান্ডের একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছিল।
১০ দিন আগে
মতলবে স্ট্যান্ডে থাকা তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাস স্ট্যান্ডে জৈনপুর এক্সপ্রেস নামক দাঁড়িয়ে থাকা ৩টি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ যাত্রীবাহী বাসগুলো নিয়মিত চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।খবর পেয়ে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি বাস সম্পূর্ণ এবং অপর ২টি বাস আংশিক পুড়ে গেছে । এছাড়া মতলব দক্ষিণ থানা পুলিশও অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়রা জানান, উপজেলার প্রাচীন ও ব্যস্ত মুন্সীরহাট দক্ষিণ বাজারে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেস বাসে আগুন দেখতে পান পথচারীরা। সঙ্গে সঙ্গে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।এরইমধ্যে স্থানীয় লোকজন মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা করে রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইউসুফ আলী ইউএনবিকে বলেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে জৈনপুর এক্সপ্রেসের একটি বাস পুড়ে গেছে এবং আরও দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি এই কর্মকর্তা।বাস মালিক কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি ঢাকায় আছি, না এসে কিছু বলা যাচ্ছে না।’ তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থার নেওয়ার দাবি জানান তিনি।
২২ দিন আগে
যাত্রাবাড়ীতে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মীরহাজারীবাগে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তার পিতার নাম সালামৃধা। সাইফুল ইসলাম একটি মোটরের দোকানে কর্মচারী ছিলেন। তিনিও সতীশ সরকার রোডে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার পিতার নাম লোকমান খন্দকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনা আহত দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
২৭ দিন আগে
সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষ, পিকআপচালক নিহত, আহত ৮
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানটির চালক ছিলেন। এ দুর্ঘটনায় বাসচালকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী এনা পরিবহনের একটি বাস ঘোড়ারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং এনা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ছোট খালে পড়ে যায়। এ সময় পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে গিয়ে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়।
দুর্ঘটনায় আহত ৮ জনের মধ্যে বাসের চালক ও পিকআপের সামনের আসনে থাকা এক যাত্রী গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসি। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা যশোর থেকে সুনামগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন।’
দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি সুমন কুমার চৌধুরী।
৬৩ দিন আগে
নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন
নোয়াখালীর সোনাপুর পৌর বাস টার্মিনালে একটি বাসে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে বাসটির ভেতরের কয়েকটি আসন পুড়ে যায়। এ সময় বাসটির দরজা-জানালা বন্ধ ছিল। ভেতরে কোনো লোকজন ছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাপুর পৌর বাস টার্মিনালে থাকা সোনাপুর-সুবর্ণচর রুটে যাতায়াতকারী সুবর্ণ সার্ভিসের একটি বাসের ভেতর থেকে আগুন দেখতে পান। তখন টার্মিনাল ও আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটির সহকারী জানান যে, তিনি অগ্নিকাণ্ডের কিছু সময় আগে একটি মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে যান।
ওসি জানান, এটি কোনো নাশকতামূলক ঘটনা নয়। মশার কয়েল থেকেই এই আগুনের সূত্রপাত হয় বলে নিজের ধারণার কথা জানান তিনি।
৯৮ দিন আগে
কুমিল্লায় অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় হতাহত ৫
কুমিল্লার বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন।
রবিবার (২৭ এপ্রিল) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০) নরসিংদীর কামাড়গাঁও গ্রামের মোস্তফা কামালের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা মুরাদনগরগামী রয়েল সুপার এসি বাসটি মহাসড়কের দেবপুর এলাকায় পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
এ সময় অটোরিকশায় থাকা একটি শিশুসহ পাঁচ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাসটি আটক ভাঙচুর করে। এ সময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘নিহতের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৩২৮ দিন আগে
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু বাস চালিয়ে গেলেন চালক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে উড়ে গেছে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদিকে না থামিয়ে ছাদবিহীন বাসটি চালিয়ে নিয়ে যান চালক। পরে জনরোষে বাস থামাতে বাধ্য হন চালক।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে শ্রীনগরের সমষপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক-যাত্রী নিহত
বাসে থাকা এক যাত্রী জানান, বরিশাল এক্সপ্রেস বাসটি বরিশালের উদ্দেশে সায়েদাবাদ থেকে সাড়ে ৮টার দিকে ছেড়ে আসলে ঘণ্টাখানেকের পর ঢাকা মাওয়া সড়কে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়। এর ফলে কয়েকজন আহত হন। তবুও চালক বাস না থামিয়ে এই অবস্থায় বাস চালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতার বাস থামাতে বাধ্য হয় চালক। বাস থামিয়ে চালক পালিয়ে যায়। আমরা গাড়িতে ৬০ জন যাত্রী ছিলাম আল্লাহর রহমতে বেঁচে গেছি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গা থেকে আহত ৮ জনকে উদ্ধার করেছি। এর মধ্যে একজনের মাথা ফেটেছে। একজন চলন্ত বাস থেকে লাফিয়ে কোথায় পড়েছেন তার এখনও হদিস পাওয়া যায়নি।’
৩৩৮ দিন আগে
সাভারে চলন্ত বাসে ছিনতাই, দুই এএসআই প্রত্যাহার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।
ছিনতাই রোধে জেলা পুলিশের তল্লাশিতে অবহেলার অভিযোগে সোমবার (১৪ এপ্রিল) সাভার মডেল থানার দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহার করা দুই এএসআই হলেন- আব্দুল সাত্তার ও সারোয়ার হোসেন।
আরও পড়ুন: বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে রেলের অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
জানা যায়, সম্প্রতি সাভারে একাধিকবার চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় চলন্ত বাসে তল্লাশির জন্য চেক পোস্ট বসানো হয়। আজ দুপুরে সেই তল্লাশির দায়িত্বে ছিলেন আব্দুল সাত্তার ও সারোয়ার হোসেন। কিন্তু তারা বাসে তল্লাশি না করে সড়কের পাশে বসে ছিলেন। পরে তাদের দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, তারা বাসে তল্লাশি না করে সড়কে বসে ছিলেন। তাদের দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করা হয়েছে।
৩৪১ দিন আগে
রাজশাহীতে ট্রাকের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসের সংঘর্ষে নিহত ৩
রাজশাহী নগরীর উপকণ্ঠে খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাকের সঙ্গে জামায়াতের সফররত দুইটি বাসের সংঘর্ষ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত অর্ধশত জামায়াতের নেতা-কর্মী।
রবিবার(৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংঘর্ষে একটি বাস ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে এসব হতাহতের ঘটনা ঘটে।
নিহতরাা হলেন— জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের ঘোড়া পাখিয়া গ্রামে।
আরও পড়ুন: লোহাগাড়ায় সড়কে নিহত বেড়ে ১১, শিশু আরাধ্যাকে ঢাকায় স্থানান্তর
আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতারা।
৩৪৯ দিন আগে
লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় উপজেলার চুনতি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহনের সঙ্গে দুটি হায়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। এরমধ্যে ঘটনাস্থলে ৭ জন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং লোহাগাড়া স্বাস্থ্যকেন্দ্র একজনের মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন: ঈদমেলায় ফুচকা খেয়ে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু হাসপাতালে
লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি হায়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।
‘হতাহতদের মধ্যে অন্তত ছয়জনকে উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কেন্দ্রে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
তিনি বলেন, নিহতরা সবাই হায়েস গাড়ির যাত্রী ছিলেন। গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
৩৫৪ দিন আগে