ইউএস-বাংলার ফ্লাইট
ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ফের ইউএস-বাংলার ফ্লাইট চালু
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থাটি।
ইউএস-বাংলা জানায়, আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে সপ্তাহে তিন দিন—শনিবার, বুধবার ও বৃহস্পতিবার—দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে। এ রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার, বুধবার ও বৃহস্পতিবার প্রতিদিন প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। একই উড়োজাহাজ সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দ্বিতীয় ফ্লাইটটি প্রতিদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। পরে সন্ধ্যা ৬টায় যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার সর্বনিম্ন একমুখী ভাড়া ৫ হাজার ৭৪৯ টাকা এবং যাওয়া-আসার ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।
২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে ঢাকার দ্রুত ও নিরাপদ আকাশ যোগাযোগ প্রতিষ্ঠায় কাজ করে আসছে এয়ারলাইন্সটি।
বর্তমানে ইউএস-বাংলা দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের বিমান যোগাযোগের চাহিদা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, পর্যটন এবং দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ রুটে ফ্লাইট চালু করা হচ্ছে।
যাত্রীদের চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে এ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে।
ঢাকা-যশোর রুটের ফ্লাইটের বুকিং, সময়সূচি, ভাড়া ও অন্যান্য তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
১ দিন আগে
ইউএস-বাংলার ফ্লাইট বাড়ল চেন্নাই ও মালেতে
বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে প্রতিদিন ঢাকা থেকে ভারতের চেন্নাই এবং আগামী ১৬ মার্চ থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সপ্তাহে তিনদিনের পরিবর্তে চারদিন ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে। চেন্নাই ও মালেতে অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট সংখ্যা বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে।
এত বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানিয়েছে, চেন্নাই ও মালেতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ ও সাতটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।
আরও পড়ুন: যাত্রী রেখে ফ্লাইট, ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগ
চেন্নাই ও মালে ছাড়াও আন্তর্জাতিক রুট কলকাতা, শারজাহ, দুবাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু-তে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। খুব শিগগিরই করোনার কারণে স্থগিত গন্তব্য ব্যাংককে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। নিকট ভবিষ্যতে কলম্বো, দিল্লি, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সকল গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু ১ জুন
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনো গন্তব্যের টিকেট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন- ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে।
১৬৩২ দিন আগে
স্বাস্থ্যবিধি মেনে ১৩ গন্তব্যে ইউএস-বাংলার ফ্লাইট
মহামারি করোনাভাইরাসের সময়ে স্বাস্থ্যবিধি মেনে ১৩ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
২১৫৩ দিন আগে
চেন্নাই থেকে ফিরছেন আরও ১৬৪ বাংলাদেশি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতের চেন্নাইয়ে আটকেপড়া আরও ১৬৪ বাংলাদেশিকে বুধবার ফিরিয়ে আনছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
২৩১৭ দিন আগে