সিলেট সীমান্ত
সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত যুবকের মরদেহ দেশে ফিরল
সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত যুবক খালেদ আহমদের (২৩) মরদেহ দেশে এনেছেন তার স্বজনরা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে স্থানীয় বাসিন্দারা ভারতের আকুয়া সীমান্ত এলাকা থেকে তার মরদেহ নিয়ে আসেন।
নিহত খালেদ কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। গতকাল (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে ভারতের অভ্যন্তরে আকুয়া সীমান্ত এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ১০ জনের একটি দলের সঙ্গে দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলার-সংলগ্ন মিকিরপাড়া এলাকা দিয়ে ভারতের আকুয়া এলাকায় যান খালেদ। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন জানান, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে খালেদের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় বাসিন্দারা ভারতের অভ্যন্তর থেকে খালেদের মরদেহ দেশে নিয়ে আসেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া এক যুবকের মরদেহ দেশে এনেছেন তার স্বজনরা। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
৩ দিন আগে
ভারতে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি গুলিবিদ্ধ, বিজিবির মামলা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. বাবলা লিটন (২৮) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনাটি জানাজানি হয়। এর আগে মঙ্গলবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) তামাবিল ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গোলাম মোস্তফা এ ঘটনায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেন।
বাবলা লিটনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার সকালে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ গুলি করলে তা লিটনের হাতে লাগে।
বাবলা লিটন নলজুড়ি এলাকার বাসিন্দা। ঘটনার সময় তার সঙ্গে আরও সাত থেকে আটজন ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় বিজিবির মামলায় তাদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সরকারি কাজে বাধা ও বিজিবি সদস্যদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সীমান্তের ১২৭৮/৪ নম্বর পিলারের কাছ দিয়ে বাবলা লিটনসহ সাত থেকে আটজন ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। তখন তারা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর ছুড়লে বিএসএফ সদস্যরা চারটি গুলি ছোড়েন। এতে বাবলা লিটন গুলিবিদ্ধ হন।
এজাহারে আরও বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পরও বাবলা লিটনসহ অন্যরা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেন। পরে খবর পেয়ে সিলেট বিজিবির তামাবিল ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করেও ইট-পাথর ছোড়া হয়। এতে বিজিবির কয়েকজন সদস্য সামান্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা পাঁচটি ফাঁকা গুলি ছোড়েন এবং অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হলে সতর্কতামূলকভাবে চার থেকে পাঁচটি গুলি ছোড়া হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।
২৫ দিন আগে
সিলেট সীমান্তে তরুণীকে ১৩ দিন আটকে রেখে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ১
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে এক তরুণীকে ১৩ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী তরুণী বুধবার (২ সেপ্টেম্বর) কানাইঘাট থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে নাঈম উদ্দিন (২২) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার লক্ষ্মীপ্রসাদপূর্ব ইউনিয়নের দনা পাত্তিছড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শেরপুর জেলার বাসিন্দা ওই তরুণী প্রায় ৯ মাস আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। হায়দ্রাবাদে তার কাপড়ের ব্যবসা রয়েছে।
গত ২০ আগস্ট জাহাঙ্গীর নামের এক আত্মীয়র সহযোগিতায় তিনি বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফের হাতে আটক হন ওই তরুণী। পরে তাকে কারাগারে না পাঠিয়ে কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সীমান্ত অতিক্রমের পর স্থানীয় শানুর আহমদ, নাঈম উদ্দিন, কাওছারসহ ছয় যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অপহরণ করেন। পরে তাকে শানুরের বাড়িতে ১৩ দিন আটকে রেখে পাশবিক নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনের সহায়তায় ওই তরুণী বন্দিদশা থেকে মুক্ত হন এবং গতকাল (বুধবার) কানাইঘাট থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি নাঈম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
৪৬ দিন আগে
সিলেট সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ঘিলাতৈল ফুলবাড়ি সেতুর কাছ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩), যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তার স্ত্রী রেশমা পারভীন (৩৪), নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তার ছেলে নূর মোহাম্মদ (১২) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের মিনা খাতুন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘিলাতৈল ফুলবাড়ি সেতু এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হবে।
৪৭ দিন আগে
সিলেট সীমান্তে ১ কোটি ৪২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৪২ লাখ টাকার ভারতীয় চোরাই পশু, পণ্য ও মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্য বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল দল জব্দ করে।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৫ মে) ভোরে ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের কাপড়, ক্রিম, সানগ্লাস, ফেস ওয়াশ, হেয়ার অয়েল, চকলেট, জিরা, নবরত্ন পাউডার, গরু ও সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও সুপারি জব্দ করা হয়।
এ ছাড়া, অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বাংলাদেশি বারকী নৌকাও জব্দ করে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব পণ্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।”
৫১২ দিন আগে
সিলেট সীমান্তে ২২ জনকে পুশ ইন করল বিএসএফ
সিলেটের কানাইঘাট উপজেলার সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে ফের ২২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের মধ্যে ১৩ জন পুরুষ, চার নারী ও পাঁচ শিশু রয়েছে।
শনিবার সকালেই ওই সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে ১৯ বিজিবির একটি টহল দল অনুপ্রবেশের সময় তাদের আটক করে।
আরও পড়ুন: ফুলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, অনুপ্রবেশকারীদের আটক করে পরিচয় যাচাইয়ের কাজ চলছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, বিজিবি তাদেরকে থানায় হস্তান্তর করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৫১৩ দিন আগে
বিএসএফের পুশ-ইন, সিলেট সীমান্তে নারী-শিশুসহ আটক ১৬
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কাল ৮টার দিকে বিজিবির ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল কানাইঘাটের আটগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করে।
আটকদের মধ্যে আটজন পুরুষ, ছয় জন নারী ও দুইজন শিশু রয়েছে।
বিজিবি জানিয়েছে, তারা সবাই দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হলে আটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, আটকরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। এরপর আজ (বুধবার) সকালে বিএসএফ তাদের পুশ-ইন করে।
আরও পড়ুন: সীমান্তে ভারতের পুশ-ইন: সরকারের নীরবতায় ক্ষোভ ঝাড়লেন রিজভী
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলম বলেন, ‘বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। তারা বাগেরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
তিনি আরও জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে, তবে এখনো তারা বিজিবির হেফাজতেই রয়েছেন।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘আটকদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
৫২৩ দিন আগে
সিলেট সীমান্তে ১ কোটি ৪৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫১০ টাকার চোরাই পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সিলেটের সোনালীচেলা, নোয়াকোট, বিছনাকান্দি, বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর ও সদর অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
পণ্যগুলো হলো— ভারতীয় নিমেসুলাইড ট্যাবলেট, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, স্কিন সানরাইজ ক্রিম, প্রিমিয়াম মিল্ক লাচ্ছা সেমাই, কর্ণফ্লেক্স মিক্স, ট্যাং, ফ্যাশন হার্বস গোল্ড ক্রিম, নূপুর, জিরা, মাল্টা, সুপারি, আঙ্গুর, গরু, চিনি, ছাগল ও মদ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে ৩ কেজি ৬ গ্রাম স্বর্ণ জব্দ, আটক ১
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এসব পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা এই বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করেছে। আটক মালামালগুলোর বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আটক মালামালের মূল্য ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫১০ টাকা বলেও জানান তিনি।
৫৭১ দিন আগে
সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৪ ভারতীয় আটক
দুদিনে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ভারতীয় চার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ও বুধবার (১ জানুয়ারি) তাদের আটক করা হয়। অনুপ্রবেশের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সুনামগঞ্জের লাফার্জ বিওপির আওতাধীন ১২৩৯ সীমান্ত পিলারের পার্শ্ববর্তী শ্যামারগাঁও এলাকা দিয়ে দুই ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেন। খবর পেয়ে বিজিবি তাদেরকে আটক করে।
আটকরা হলেন- ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের নান্টু বিশ্বাস ও একই গ্রামের সুবোধ বিশ্বাস।
পরে তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
তিনি জানান, গত বুধবার সিলেটের গোয়াইনঘাট দমদমা সীমান্ত থেকে একজনকে এবং ওই দিন একই জেলার আরেকজনকে আটক করা হয়।
আরও পড়ুন: বাগেরহাট জেল থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে
আটকরা হলেন- ভারতের মেঘালয়ের ইস্ট খাসি হিল জেলার ওয়ামলিংক এলাকার ব্লোমিং স্টার ও একই জেলার বার্মন টিলা এলাকার লোকাস।
তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।
৬৫৪ দিন আগে
সিলেট সীমান্তের ওপারে ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে অন্তত ১৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রবিবার (২২ ডিসেম্বর) রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
তবে এ বিষয়ে আটকদের পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানাপুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়নি।
সূত্র জানায়, রবিবার রাত ৮টার দিকে সিলেটের তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকার ওপারে অবৈধভাবে অবস্থানকালে ১৩ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে। পরদিন (২৩ ডিসেম্বর) দুপুরে ভারতীয় পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তবে আটকা পড়া শ্রমিকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ আটক করেছে বলে খবর শুনেছি। এর মধ্যে একজন গোয়াইনঘাটের ও বাকি ১২ জন জৈন্তাপুর উপজেলার। তবে অফিসিয়ালি কেউ কিছু আমাদের জানায়নি। ফলে আটকদের নাম-পরিচয়ও পাওয়া যায়নি।’
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘আমিও সোর্স মারফৎ বিষয়টি জেনেছি, তারা মনে হয় চোরাচালান করতে গিয়েছিল। তবে তাদের পরিবার বা বিএসএফয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।’
আরও পড়ুন: ভারতীয় পণ্য পাচারকালে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক
৬৬৫ দিন আগে