নোয়াখালী
নোয়াখালীতে স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় কোচিং শিক্ষকের মৃত্যুদণ্ড
নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় আসামি কোচিং শিক্ষক আব্দুর রহিম রনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে বিষয়টি ধামাচাপা দিতেই অদিতাকে হত্যা করা হয় বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. সেলিম শাহী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে স্কুলছাত্রী অদিতার গলা ও হাত-পায়ের রগ কাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনার দিন রাতেই অদিতার সাবেক কোচিং শিক্ষক স্থানীয় আব্দুর রহিম রনিকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। পরে নিজের অপরাধ স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন রনি।
গ্রেপ্তারের সময় রনির মাথা, ঘাড়, গলাসহ শরীরের একাধিক স্থানে অদিতার নখের আঁচড় দেখতে পায় পুলিশ। এমনকি তার পরিহিত জামায়ও রক্তের দাগও পাওয়া যায়। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ।
চাঞ্চল্যকর এ মামলায় বাদীপক্ষের ৪১ জন সাক্ষী গ্রহণ করা হয়। আসামিপক্ষের পাঁচজন সাফাই সাক্ষীর সাক্ষ্যও গ্রহণ করেন বিচারক।
হত্যাকাণ্ডের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ করে আসামির ফাঁসির দাবি জানায়। একইসঙ্গে স্থানীয় সচেতন মহল এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি তোলে।
তাসনিয়া হোসেন অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার প্রয়াত রিয়াজ হোসেন সরকারের মেয়ে ছিল। তার মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। রিয়াজ হোসেন সরকার ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় মারা যান। এরপর রাজিয়া সুলতানা দুই মেয়েকে নিয়ে লক্ষ্মীনারায়ণপুরের জাহান মঞ্জিলে থাকতেন।
ঘটনার দিন সকালে বাসা থেকে স্কুলে যায় অদিতা। দুপুর ১২টার দিকে প্রাইভেট পড়া শেষে সে বাসায় একা ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের মূল দরজায় তালা দেখতে পান তার মা। তালা খুলে ভেতরে ঢুকে সামনের কক্ষে আলমারির জিনিসপত্র এলোমেলো দেখতে পান তিনি। সে সময় তিনি ঘরে অদিতাকে দেখতে পাননি। কিছুক্ষণ পর অন্য একটি কক্ষ খুলে মেয়ের বিছানায় তার গলা ও দুই হাতের রগ কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
রাজিয়া সুলতানা জানান, ঘটনার কিছুদিন আগে রনির কোচিংয়ে পড়া বন্ধ করে দিয়ে অন্য জায়গায় প্রাইভেট পড়তে শুরু করে অদিতা। এতে ক্ষিপ্ত হন রনি। যদিও বিষয়টি তাদের বুঝতে না দিয়ে অদিতাদের বাসায় বিভিন্ন সময় আসা-যাওয়া করতেন তিনি।
ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে দুপুর ১২টা থেকে ২টার মধ্যে অদিতাকে ধর্ষণের চেষ্টা করেন রনি। পরে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য ঘরে আলমারিতে থাকা মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রাখেন তিনি।
ঘটনার পর পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আব্দুর রহিম রনিসহ চারজনকে গ্রেপ্তার করে। পরে তদন্ত শেষে অন্যদের অব্যাহতি দিয়ে রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
রায় ঘোষণার পর নিহতের মা সন্তোষ প্রকাশ করেছেন। মামলায় সহযোগিতাকারী আইনজীবী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। একইসঙ্গে তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন। তিনি বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
অন্যদিকে, আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির হিরু। তিনি রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, আসামিপক্ষ ন্যায়বিচার পাননি। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
৭ দিন আগে
নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন
নোয়াখালীর সোনাপুর পৌর বাস টার্মিনালে একটি বাসে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে বাসটির ভেতরের কয়েকটি আসন পুড়ে যায়। এ সময় বাসটির দরজা-জানালা বন্ধ ছিল। ভেতরে কোনো লোকজন ছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাপুর পৌর বাস টার্মিনালে থাকা সোনাপুর-সুবর্ণচর রুটে যাতায়াতকারী সুবর্ণ সার্ভিসের একটি বাসের ভেতর থেকে আগুন দেখতে পান। তখন টার্মিনাল ও আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটির সহকারী জানান যে, তিনি অগ্নিকাণ্ডের কিছু সময় আগে একটি মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে যান।
ওসি জানান, এটি কোনো নাশকতামূলক ঘটনা নয়। মশার কয়েল থেকেই এই আগুনের সূত্রপাত হয় বলে নিজের ধারণার কথা জানান তিনি।
১৪৪ দিন আগে
নোয়াখালীতে পুকুরের ঘাটে শামুক কুড়াতে গিয়ে ২ বোনের মৃত্যু
নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, তারা উভয়ই স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন একসঙ্গে ঘরের পাশের পুকুর ঘাটে যায়। সে মুহূর্তে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখতে পায় বড় বোন অহি পুকুরে ঘাটে থাকা শামুক কুড়াতে গিয়ে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করতে গিয়ে তার ছোট বোন বড় বোন ছহির ও পুকুরে ডুবে যায়।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত
পরে সকাল ৭টার দিকে দুই বোনকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখে তাদের বাড়ির এক চাচা উদ্ধার করে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার উপরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, পুকুরের ঘাটলায় শামুক কুড়াতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৬০ দিন আগে
নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
নোয়াখালীর সেনবাগে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দুটি কারখানাসহ মোট ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সেবারহাটে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মধ্যরাতে সেবারহাটের দক্ষিণ অংশে পলি প্লাইউড কারখানায় প্রথমে ধোঁয়া ও পরে আগুন দেখা যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা বেড়ে যাওয়ায় দ্রুতই আগুন পাশের দোকান ও কারখানাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সেনবাগ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে ওই কারখানার বয়লার অতিরিক্ত হিট হওয়ায় সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩০ দোকান, আহত ৫
স্থানীয় ব্যবসায়ী আবুল বাশার বলেন, বাজারের মধ্যে বিভিন্ন দোকান রয়েছে। সেখানে এ ধরনের কারখানা বাজারের বাইরে পরিবেশবান্ধব এবং নিরাপদ স্থানে স্থাপন করা প্রয়োজন।
ফায়ার সার্ভিস ও ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে সেনবাগ ছাড়া ও চৌমুহনী এবং মাইজদী স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও সেনা সদস্যরাও সহায়তা করেন।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে একটি প্লাইউড ও একটি মেটাল কারখানা ছাড়াও বিভিন্ন ধরনের মোট ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান মালামালসহ ক্ষতিগ্রস্থ হয়েছে। তদন্ত শেষে মোট ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যাবে।
২৬৯ দিন আগে
ওমানফেরত প্রবাসীকে আনতে গিয়েই লাশ হলেন ৪ নারী ও ৩ শিশু
ওমান প্রবাসী বাহার উদ্দিনের দেশে ফেরা উপলক্ষে তাকে অভ্যর্থনা জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন তার স্বজনরা। তবে ফেরার পথে এক দুর্ঘটনা কেড়ে নিল তার স্ত্রী-কন্যাসহ পরিবারের সাত সদস্যকে।
বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরে এলে বাহার উদ্দিনের পরিবারকে বহন করা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে ডুবে যায়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা নারী ও শিশুদের কেউ প্রাণে বাঁচতে পারেনি।
নিহতরা হলেন— বাহার উদ্দিনের নানি মোছা. ফয়জুন্নেসা (৮০), মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০) ও ভাবি লাবনী আক্তার (৩০) এবং মেয়ে মিম আক্তার (২), ভাতিজী রেশমী আক্তার (১০) ও লামিয়া (৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লীতে গ্রামের বাড়ি ফিরছিলেন তারা। মাইক্রোবাসটিতে যাত্রী ছিলেন নারী ও শিশুসহ মোট ১১ জন। পথিমধ্যে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক থেকে খালে পড়ে যায়। এরপর চালকসহ পুরুষদের পাঁচজন কোনোমতে বাইরে বেরিয়ে আসতে পারলেও পানির গভীরতা বেশি থাকায় নারী ও শিশুরা আটকা পড়েন।
আরও পড়ুন: নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে এক পরিবারের ৭ জন নিহত
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিমের তথ্য অনুসারে, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সকাল ৬টা ৫ মিনিটে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
তবে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস যখন উদ্ধারকাজ শুরু করেছে, ততক্ষণে একে একে নিভে গেছে সাতটি জীবনপ্রদীপ। বাহারের বাবা ছগীর আলী এবং মাইক্রোবাসচালকসহ পাঁচজন আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যুর কথা নিশ্চিত করেন চিকিৎসক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায়। কয়েকজন বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের সবাই নারী ও শিশু।
তিনি বলেন, গাড়িটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় রেখেছে।
২৭৩ দিন আগে
নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে এক পরিবারের ৭ জন নিহত
নোয়াখালীতে বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের আটজন হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন।
বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদিশপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই নারী ও শিশু। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানানো হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের নিয়ে ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ভোরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক থেকে খালে পড়ে যায়। এ সময় বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে মিমসহ ৭ জন নিহত হন।
এদিকে, এক বার্তায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানিয়েছেন, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সকাল ৬টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করেছে।
২৭৩ দিন আগে
নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহীম (৪) ও নাদিম হোসেন (৩) নামে দুই আপন চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল লালের বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুরা একই ইউনিয়নের চৌধুরীহাট বাজার সংলগ্ন রবিউল লালের বাড়ির মো. আবু সুফিয়ান সজিবের ছেলে ইব্রাহীম ও মো. শরীফের ছেলে নাদিম হোসেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, রবিবার সকালে দুই শিশুর মা ও পরিবারের নারী সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুরা বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে জাল ফেলে খোঁজ শুরু করেন।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত
পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও হৃদরোগ কনসালটেন্ট ডা. মো. সাহাদাত হোসেন সাগর বলেন, ‘শিশুদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। স্বজনদের ভাষ্যমতে, তারা পানিতে ডুবে মারা গেছে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২৮৩ দিন আগে
নোয়াখালীতে ট্রাকচাপায় দুই শিশু নিহত
নোয়াখালীতে মাদ্রাসায় যাওয়ার পথে ট্রাকচাপায় আরাফাত ও আসমা নামে দুই শিশু নিহত হয়েছে। এ সময় অপর একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মাইজদী নতুন হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বৈকুণ্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা আক্তার (৬) এবং চরমটুয়ার ফরিদাবাদ গ্রামের আরাফাত হোসেন (৬)।
এছাড়া গুরুতর আহত অবস্থায় চরমটুয়ার ফরিদাবাদ গ্রামের বাসিন্দা আবুল কালামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: পাবনায় ট্রলির ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে আবুল কালাম শ্বশুর বাড়ি থেকে বাইসাইকেলে করে ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে বৈকুণ্ঠপুর দারুসসালাম ইসলামিয়া আলিয়া মাদরাসায় নামিয়ে দিতে যাচ্ছিলেন। পথে নতুনহাট বাজারগামী একটি ট্রাক সাইকেলটিকে চাপা দিলে তিন আরোহী গুরুতর আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদুটিকে মৃত ঘোষণা করেন।
মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন বলেন, ‘পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
৪৪৮ দিন আগে
নোয়াখালীতে বিএনপিকর্মীকে গুলির পর গলা কেটে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে কবির হোসেন নামের এক বিএনপিকর্মীকে গুলি করার পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর গ্রামের পূর্ব জামে মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫) ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে। তিনি স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকায় ফেরেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যান। ইমামের পেছনে জুমার ফরজ নামাজ আদায় করেই তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশে বের হয়ে যান। এ সময় মুখোশ পরা ৫-৬ জন ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে কবির মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার বাঁ পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: পাবনায় চরমপন্থি নেতাকে গলা কেটে হত্যা
তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল বলে জানান স্থানীয়রা। তবে পুলিশ ও তার স্বজনরা এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ্-আল-ফারুক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারব।’
৪৯৪ দিন আগে
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের দুই লাইনম্যানসহ এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকাল ও দুপুরের দিকে উপজেলার আমিন বাজার এলাকা ও মীরওয়ারিশপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির দুই লাইনম্যান মো. ইব্রাহিম (২২) ও মো. জাকির হোসেন (২৮) এবং বেগমগঞ্জ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র সাব্বির আহমেদ (১৭)।
আরও পড়ুন: লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
স্থানীয়রা জানায়, জাকির দুপুর দেড়টার দিকে উপজেলার আমিনবাজার এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করতে গেলে পানিতে পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
অপরদিকে, লাইনম্যান ইব্রাহিম বিকেল ৫টার দিকে একই উপজেলার মীরওয়ারিশপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
অন্যদিকে, সাব্বির তার বসতঘরের মালামাল বন্যার পানিতে নষ্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ঘরের মালামাল সরানোর সময় মাল্টিপ্লাগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ওএন্ডএম) মো. মাহবুবুর রহমান দাবি করেন, বন্যার কারণে পল্লী বিদ্যুৎ সমিতির সাবস্টেশন আগে থেকেই বন্ধ। সোমবার সকালের দিকে বেশ কয়েকজন গ্রাহক অফিসে বিদ্যুৎ সরবরাহ চালু করতে খুবই দুর্ব্যহার এবং চাপ সৃষ্টি করে। পরে দুপুরের দিকে বন্যার লাইন পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই লাইনম্যান ঘটনাস্থলে মারা যান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
৬১৬ দিন আগে