যমুনা নদী
বাড়ছে যমুনার পানি, ভাঙ্গন শুরু চরাঞ্চলে
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ক্রমাগতভাবে বাড়ছে। সেইসঙ্গে চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙ্গন শুরু হয়েছে। ইতোমধ্যেই অনেক জায়গা-জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রায় সপ্তাহ ধরে দফায় দফায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাছে যমুনা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বেড়েছে ২৮ সেন্টিমিটার । এ সময়ে সিরাজগঞ্জ পয়েন্টে ১৫ ও কাজিপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে যমুনা নদীর নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বর্ষণ ও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা নদীর চর এলাকার বেশ কয়েকটি স্থানে ভাঙ্গন শুরু হয়েছে। বিশেষ করে চৌহালী ও কাজিপুর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ ভাঙ্গন শুরু হয়েছে।
নাজমুল হোসাইন বলেন, ইতোমধ্যে চৌহালী উপজেলার চর সলিমাবাদ এলাকায় ভাঙ্গনে প্রায় ১০০ মিটার যমুনার তীর সংরক্ষণ বাঁধ ভেঙ্গে গেছে। এ ভাঙ্গন রোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। এছাড়া কাজিপুর উপজেলার চরাঞ্চলের ভাঙ্গনে অনেক জায়গা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। যমুনায় পানি বৃদ্ধি, ঢেউ ও নদীর তলদেশে ঘূর্ণাবর্তের কারণে এ ভাঙ্গন দেখা দিয়েছে।
এদিকে যমুনার তীরবর্তী শাহজাদপুর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনে ইতোমধ্যেই বহু জায়গা জমি যমুনা নদীর গর্ভে বিলীন হয়েছে বলে জানান স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, পাহাড়ি ঢল ও দফায় দফায় বর্ষণে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। এতে চরাঞ্চলের অনেক স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে এবং চৌহালীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। তবে বন্যার আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন।
২ দিন আগে
মানিকগঞ্জে যমুনায় গোসল করতে নেমে নারী-শিশু নিখোঁজ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক নারী ও শিশু নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি করেও তাদের সন্ধান পায়নি।
বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে বাচামারা ইউনিয়নের ইউসুছ আলী শেখের বাড়ির পেছনে যমুনা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় তারা।
নিখোঁজরা হলেন—বাচামারা পূর্ব পাড়া গ্রামের মো. আব্দুল বয়াতীর মেয়ে বর্ষা খাতুন (২০) এবং একই গ্রামের মো. রাহেজ বয়াতীর মেয়ে লামিয়া খাতুন (১০)। বর্ষা খাতুন অন্তঃসত্ত্বা ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে নারী ও শিশু মিলে পাঁচজন যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে হঠাৎ পানির স্রোতে তারা তলিয়ে যেতে থাকেন। সে সময় আশপাশের লোকজন তিনজনকে উদ্ধার করতে পারলেও বর্ষা ও লামিয়া পানিতে তলিয়ে যায়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু
স্থানীয় বাসিন্দা মো. জাহিদ বাবু বলেন, ‘দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও নিখোঁজ দুজনের খোঁজ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পরে শিবালয়ের আরিচা স্থল কাম নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে ডুবুরি দল এসে দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। তবে অন্ধকার ও নদীতে প্রবল স্রোতের কারণে তারাও উদ্ধারে ব্যর্থ হন।
এ বিষয়ে আরিচা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. নাদির হোসেন জানান, খবর পেয়ে চারজন ডুবুরি সেখানে প্রায় দুই ঘণ্টা কাজ করেন। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় পরে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দলকে সহায়তা করেছে। এই ঘটনায় যমুনার তীরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও শোক বিরাজ করছে।
৩৭৩ দিন আগে
সিরাজগঞ্জে যমুনায় ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে তীর সংরক্ষণ বাঁধ
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে সদর উপজেলার ভাটপিয়ারি এলাকায় যমুনা তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৪৫ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি ক্রমাগত বাড়ছে। এ কারণে যমুনা-তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সদর উপজেলার অভ্যন্তরীণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন নতুন এলাকাও পানিতে তলিয়ে যাচ্ছে।
বিশেষ করে, সদর উপজেলার ব্রাহ্মণবয়ড়া থেকে পাঁচঠাকুরি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে ভাটপিয়ারিতে বাঁধের প্রায় ৪৫ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি অন্যান্য এলাকাতেও ভাঙনের ফলে ফসলি জমি ও বসতবাড়ি নদীতে বিলীন হচ্ছে।
ভাঙন ঠেকাতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করছে। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দুই মাস আগে ব্রাহ্মণবয়ড়া, ভাটপিয়ারি ও পাঁচঠাকুরি এলাকায় ভাঙন শুরু হলেও তখন শুকনো মৌসুমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। ফলে এখন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বৃষ্টিতেই নির্মাণাধীন কোটি টাকার বাঁধে ধস
বৃহস্পতিবার (২২ মে) রাতে ভাটপিয়ারি বাঁধের প্রায় ৪৫ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় যমুনা পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আক্ষেপ করে বলেন, ভাঙন রোধে কোটি কোটি টাকা ব্যয় হলেও যথাসময়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাঁধ রক্ষা করা যায়নি।
এ বিষয়ে সিরাজগঞ্জ পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, যমুনায় পানি বৃদ্ধির ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভাঙন রোধে ব্রাহ্মণবয়ড়া, ভাটপিয়ারি ও পাঁচঠাকুরি এলাকায় জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।
তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
৩৯১ দিন আগে
যমুনা নদীতে নিখোঁজের ২ দিন পর ২ যুবকের লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর যমুনা নদী থেকে ফারুক মিয়া ও সোনামিয়া নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের যমুনা নদীতে শুক্রবার (২৮ জুন) সকালে লাশ দুটি ভেসে উঠে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খুশু বলেন, প্রতি রাতে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চরাঞ্চলে জুয়ার আসর বসত। আশে পাশের লোকজন জানলেও জুয়াড়িদের প্রতিবাদ করার সাহস কেউ পায়নি।
আরও পড়ুন: ফেনীতে ঈদের দিনে ৪ লাশ উদ্ধার
কিন্তু গত বুধবার রাতে আলো জালিয়ে ঢোল পিটিয়ে জুয়াড়িদের নিয়ে বসে আসর। রাত সাড়ে ১০টার দিকে পাশের গ্রামের লোকজন ও চরাঞ্চলের অনেকেই সংঘবদ্ধ হয়ে জুয়ার আসর বন্ধ করতে তাড়া করে।
খোরশেদ আলম খুশু আরও বলেন, এতে প্রাণ বাঁচাতে বিভিন্ন পালিয়ে যায় তারা। আবার কেউ কেউ ধরা পড়ার ভয়ে নদীতে লাফিয়ে পড়ে। এতে অনেকেই সাঁতরে নদী পার হতে পারলেও গ্রামের ফারুক মিয়া ও কাতলামারী গ্রামের সোনামিয়া নদীতে নিখোঁজ হয়ে যান।
পরে শুক্রবার সকালে তাদের লাশ নদীতে ভেসে উঠলে ফুলছড়ি ও গাইবান্ধা থেকে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, ঘটনার রাতে পুলিশ জুয়াড়ি ধরতে ওই স্থানে যায়নি।
তবে কারা টর্চ মেরে তাদের তাড়া করেছিল, যারা বেঁচে গেছে তাদের কাছে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে আগুন: ১ জনের লাশ উদ্ধার
৭২২ দিন আগে
সিরাজগঞ্জে যমুনার তীর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর তীরে মতিন সাহেবের ঘাট এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান খান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে ওই বৃদ্ধ যমুনা নদীর তীরে মতিন সাহেবের ঘাট এলাকায় একটি দোকানে রুটি খাওয়ার সময় মাটিতে ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ধারণা করছে- স্ট্রোক করে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে এবং তার বয়স ৭০ বছরের আশেপাশে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
মনপুরায় মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার
৮৮৯ দিন আগে
সিরাজগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে ক্রসবার-৩ এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কলেজ ছাত্র মাহবুবুর রহমানের (২২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
নিহত মাহবুবুর রহমান পৌর এলাকার কল্যাণী মহল্লার আব্দুল আজিজের ছেলে এবং স্থানীয় ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
আরও পড়ুন: রাজশাহীতে বাসার ছাদে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকালে ওই কলেজ ছাত্র বন্ধুদের সঙ্গে উল্লেখিত এলাকায় ফুটবল খেলছিল। এ সময় ভারী বৃষ্টি ও মেঘের তর্জন গর্জন শুরু হয় এবং বজ্রপাতে ওই কলেজ ছাত্রসহ ৪ জন আহত হয়।
তাদেরকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং ৩ জনকে ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক সপ্তাহ আগে মাহবুবুর রহমানের মা মারা যান। এদিকে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকার ব্যাপক শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
কুড়িগ্রামে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
১০৯৫ দিন আগে
যমুনা নদী প্রকল্প নিয়ে করা রিট খারিজ
যমুনা নদী ছোট করার জন্য নেওয়া প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
যমুনা নদী ছোট করা হচ্ছে না বলে হাইকোর্টকে জানানোর পর সোমবার (১২ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন- আইনজীবী মনজিল মোরসেদ এবং পানি উন্নয়ন বোর্ডের ছিলেন অরবিন্দ কুমার রায়।
আরও পড়ুন: যমুনা নদী ছোট করার চিন্তা,প্রকল্পের সব নথি হাইকোর্টে তলব
এছাড়া, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
মনজিল মোরসেদ বলেন, রাষ্ট্রপক্ষ আদালতে বলেছে, ভবিষ্যতে যে প্রজেক্ট নেওয়া হবে সেখানে যমুনা নদী ছোট করার কোনো পরিকল্পনা থাকবে না।
তিনি বলেন, আমরা চেয়েছিলাম যাতে নদী ছোট করা না হয়। ভবিষ্যতে কোন পক্ষই আর সাহস পাবেনা নদী ছোট করার।
এর আগে রবিবার যমুনা নদী ছোট করার পরিকল্পনা নেই বলে হাইকোর্টকে প্রতিবেদন দিয়ে জানায় পানি উন্নয়ন বোর্ড। পরে এই বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করা হয়।
এর আগে গত ১২ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘যমুনাকে ছোট করতে চায় পানি সম্পদ মন্ত্রণালয়’- শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, যমুনা নদী প্রতিবছর বড় হয়ে যাচ্ছে। বর্ষার সময় নদীটি ১৫ থেকে ২০ কিলোমিটার হয়ে যায়। এত বড় নদীর প্রয়োজন নেই। তাই এটির প্রশস্ততা সাড়ে ৬ কিলোমিটার সংকুচিত করা হবে।
দেশের দ্বিতীয় বৃহত্তম এবং প্রাকৃতিক পানি প্রবাহের অন্যতম উৎস যমুনাকে ছোট করার এমন আইডিয়া এসেছে খোদ পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্তাদের মাথা থেকে।
এজন্য তারা ১১শ’ কোটি টাকার একটি প্রকল্পও প্রণয়ন করেছেন। অর্থনৈতিক সংকটের কারণে যখন বারবার ব্যয় সংকোচনের তাগিদ দেওয়া হচ্ছে, সে সময় মন্ত্রণালয় এমন প্রকল্প নিয়েছে কোনো ধরনের গবেষণা ছাড়াই।
এছাড়া বিশেষজ্ঞরা বিরল এ প্রকল্পকে অবাস্তব বলছেন।
আরও পড়ুন: যমুনা নদী সংকীর্ণকরণ প্রকল্প বাতিলের দাবি বিএনপির
বেলকুচিতে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড
১১০৪ দিন আগে
যমুনা নদী ছোট করার চিন্তা,প্রকল্পের সব নথি হাইকোর্টে তলব
যমুনা নদী ছোট করার প্রকল্পের যাবতীয় নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী ১১ জুনের মধ্যে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) এসব নথি আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
‘যমুনা নদী ছোট করার চিন্তা’- শিরোনামে গত ১১ মার্চ প্রতিবেদন প্রকাশ করে একটি জাতয়ি দৈনিক। এই প্রতিবেদনটি যুক্ত করে চলতি মাসের প্রথম সপ্তাহে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী।
যমুনা নদী ছোট করার প্রকল্প নেওয়ার সঙ্গে জড়িত কর্মকর্তারা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ -এর বিধি ২ অনুসারে অসদাচরণ করেছেন। তাই বিধি ৩ অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয় রিটে। সেই সঙ্গে রুল চাওয়া হয়।
আরও পড়ুন: হাইকোর্ট বেঞ্চে ‘বকশিশ’ নিষিদ্ধ, নির্দেশনা জারি
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ বিদান অনুসারে এই প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তারা অসদাচরণ করেছেন। তাই তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়েছিলাম। গত ২১ মে হাইকোর্ট প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তাদের তালিকা চান। সেই সঙ্গে প্রকল্পটি চূড়ান্ত করা হয়েছে কিনা এবং প্রকাশিত প্রতিবেদনটির সত্যতা কতটুকু, তা জানতে চেয়েছিলেন। রবিবার রাষ্ট্রপক্ষ এসব তথ্য জানাতে সময় চাইলে হাইকোর্ট প্রকল্পের নথি তলব করেন।’
প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তারা কিভাবে অসদাচরণ করেছেন, জানতে চাইলে মনজিল মোরসেদ বলেন, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ -এর ২ বিধিতে অসদাচরণের সংজ্ঞা দেওয়া আছে। সে সংজ্ঞা অনুযায়ী সরকারি কর্মচারীরা সরকারের নির্দেশ অমান্য করলে অসদাচরণ হয়। আর কোনো কর্মচারীর অসদাচরণ প্রমাণ হলে বিধি ৩ অনুসারে সে কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।’
এ আইনজীবী বলেন, ‘নদী খনন করে প্রবাহ ঠিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, একনেকের সিদ্ধান্ত আছে। আরেকটা সিদ্ধান্ত আছে নদী-খাল-জলাশয় দখল করে কোনো প্রকল্প নেওয়া যাবে না। ফলে যেসব কর্মকর্তারা এই প্রকল্প নিয়েছেন তারা সরকারের সিদ্ধান্ত অমান্য করেছেন। এটা অসদাচরণ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যমুনা নদীকে ছোট করতে চায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আপাতত দেশের দু’টি স্থানে পরীক্ষামূলকভাবে গ্রোয়েন বাঁধ দিয়ে নদী ছোট করা হবে।
যমুনা নদীকে ছোট করার পেছনে যুক্তি তুলে ধরে পাউবো বলছে, প্রতিবছর বর্ষা মৌসুমে যমুনা নদী চওড়া হচ্ছে। নদী কোথাও কোথাও ১০ থেকে ১৫ কিলোমিটার প্রশস্ত হচ্ছে। এতে নদীভাঙন বাড়ছে।
পাউবো মনে করে, এত চওড়া নদীর প্রয়োজন নেই। এটি সংকুচিত করে সাড়ে ছয় কিলোমিটারে নামিয়ে আনা হবে। যমুনা নদী ছোট করলে দু’টি সুফল পাওয়ার কথা বলছে পাউবো। একটি হলো, নদীর ভাঙন কমবে। অন্যটি বিপুল পরিমাণে ভূমি পুনরুদ্ধার করা যাবে।
নদী বিশেষজ্ঞরা বলছেন, নদীকে ছোট করার চিন্তা নির্বুদ্ধিতার। যাদের মাথা থেকে এসব চিন্তা আসে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। কোনো যুক্তিতেই যমুনাকে সংকুচিত করা যাবে না। এটি বিশ্বে এক অনন্য নদী। এ নদীকে নিয়ে যেকোনো ধরনের পরীক্ষা যেন সাবধানে করা হয়। তবে বিস্তারিত সমীক্ষা না করে গ্রোয়েন প্রযুক্তির প্রস্তাবে আপত্তি জানিয়েছে পরিকল্পনা কমিশন।
আরও পড়ুন: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের সাক্ষাৎ
১১১৯ দিন আগে
জেলের জালে বিরল প্রজাতির ডলফিন!
সিরাজগঞ্জের যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ডলফিন (গাঙ্গেয় শুশুক)। রবিবার সকালে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর এলাকায় জেলেদের জালে ডলফিনটি ধরা পড়ে।
ডলফিনটির ওজন প্রায় ২১ কেজি। এ ডলফিন দেখতে এলাকার নারী পুরুষেরা ভিড় জমায়।
আরও পড়ুন: হালদা নদীতে দুইদিনে আরও ২টি ডলফিনের মৃত্যু
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত এলাকায় জেলেদের জালে ওই ডলফিন ধরা পরার পর স্থানীয় মৎস্য ব্যবসায়ী তিন হাজার টাকায় ডলফিনটি কিনে নেয় এবং একই এলাকার নৌকা ঘাটে বিক্রি করতে নিয়ে আসে।
বিশিষ্টজনেরা বলছেন, এ প্রাণীটি এখন প্রায় বিপন্ন। এরা দেখতে ধূসর-বাদামি রঙের এবং এদের প্রধান খাদ্য ছোট মাছ। বিপন্ন প্রায় প্রাণীর শিকার বন্ধ করার ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে।
মৎস্যজীবী ও সাধারণ মানুষের অজ্ঞতায় নির্বিচারে প্রতিদিন অসংখ্য বিরল ও উপকারী প্রাণী ধ্বংস হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
ডলফিন অত্যন্ত উপকারী ও নিরীহ একটা প্রাণী। জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব অনেক।
এছাড়া ডলফিনকে বলা হয় উপকূলীয় প্রতিবেশের প্রহরী।
তবে স্থানীয় মৎস্যবিদ বলছেন, নদীর মিলনস্থল, নদীর মোড় এবং নদীর গভীর অংশে এ প্রাণী বেশি দেখা যায়।
এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যমুনা নদীতে জেলেদের জালে বিরল প্রজাতির এ ডলফিন ধরা পড়েছে বলে জানতে পেরেছি।
প্রাকৃতিক ভারসাম্য এবং প্রাণী বৈচিত্র্য রক্ষায় সকলকে সচেতন হতে হবে। যমুনায় নির্বিচারে প্রাণীহত্যা বন্ধে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেয়া হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো হবে বলে।
আরও পড়ুন: হালদা নদীতে বিপন্ন ডলফিন, রক্ষার উদ্যোগ নেই
কক্সবাজার সৈকতে ভেসে এলো জীবিত ডলফিন
১২২৪ দিন আগে
ঘোড়ার গাড়িই যেখানে ভরসা
যমুনা নদীর বিভিন্ন স্থানে অসংখ্য চর জেগে উঠেছে। ধূ-ধূ এ বালুর চর পাড়ি দিতে চরাঞ্চলবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে চরাঞ্চলের অনেক স্থানে দীর্ঘদিন ধরে যাত্রীসহ মালামাল পরিবহনে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের শাহজাদপুর, চৌহালী, কাজিপুর, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে এ ঘোড়ার গাড়িই এখন একমাত্র ও প্রধান বাহন। বিশেষ করে কাজিপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে এ ঘোড়ার গাড়ি বেশি চলাচল করছে। এসব চরাঞ্চলে এলাকাভিত্তিক কোনো সড়ক নেই। এ কারণে তারা সুবিধাজনক সড়ক বেছে নিয়ে থাকে এবং এসব সড়কে তারা পায়ে হেঁটে যাতায়াত করে থাকে। এমনকি দুর্গম সড়কে মোটরসাইকেলেও যাত্রী পরিবহন করা হয়। তবে ভাড়া বেশি হওয়ায় মোটরসাইকেলে চলাচলকারী যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। সাধারণ যাত্রীরা ঘোড়ার গাড়ি বেছে নিয়েছে। যাত্রী ও পণ্য বহনে ঘোড়ার গাড়ি এখন অন্যতম।
তবে বিশিষ্টজনেরা বলছেন, জেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে কাঁচা পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। চরবাসীর ঘরে ঘরে বিদ্যুৎও দেয়া হয়েছে। বন্যা ও প্রবল বৃষ্টিতে অনেক রাস্তাঘাট ধসে যায়। এ কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। তবে যমুনার পানি কমে যাওয়ার পর থেকেই জেগে উঠেছে অসংখ্য চর। এজন্য চরবাসীর চলাচল ও যোগাযোগ করতে দুর্ভোগের শিকার হতে হয়। বিশেষ করে নৌকাযোগে আসা মালামাল অথবা ফসলি জমি থেকে কৃষিপণ্য পরিবহনে এখনও একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি।
আরও পড়ুন: গরুর দাম বেশি হওয়ায় ঘোড়া দিয়ে হালচাষ
কাওয়াকোলা চরের ঘোড়ার গাড়ির চালক আব্দুর রহিমসহ অনেকেই বলেন, আমরা ওপার চরাঞ্চলের মানুষ। মাঠের কাজের ফাঁকে সেই আমল থেকে এই চরাঞ্চলে ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। জমির ফসল আনা নেয়া ও বিক্রিসহ যাত্রী পরিবহনে এ ঘোড়ার গাড়িই একমাত্র বাহন।
এ বিষয়ে কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সী বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের মাঝখানে এই ইউনিয়ন পরিষদ। ইতিমধ্যেই চরাঞ্চলের বিভিন্ন স্থানে পাকা রাস্তাঘাট, বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। যমুনা নদীর তীরবর্তী বিস্তৃর্ণ চরাঞ্চলে যাত্রী চলাচল ও পণ্য বহনে যানবাহন ঘোড়ার গাড়ি। তবে চরবাসীর ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: ঘোড়ার মাংস হালাল: আদালত
ঝালকাঠিতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
১২৩৭ দিন আগে