নোবেল শান্তি পুরস্কার
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক নাভানেথেম ‘নাভি’ পিল্লাই।
শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রাইদনেস বিজয়ী হিসেবে ৮৫ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান বিচারকের নাম ঘোষণা করেন।
শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক আইনের প্রসারে তার অসামান্য অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত সকল মানুষের জন্য পিল্লাইয়ের কর্মজীবন আশা ও অনুপ্রেরণার এক অনন্য উৎস।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোবেল কমিটি উল্লেখ করে, ‘সংঘাত ও যুদ্ধের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং আন্তর্জাতিক আদালতের বিচারক ও আইনি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আক্রমণের মুখে পড়ার এই কঠিন সময়ে আন্তর্জাতিক আইনের গুরুত্ব মনে করিয়ে দিতেই এই পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে বলপ্রয়োগ বা সহিংসতা ছাড়াই যেকোনো সংকট সমাধান করা সম্ভব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শান্তিপূর্ণ বিশ্বের অন্যতম পূর্বশর্ত হলো এমন একটি আন্তর্জাতিক আইনি ব্যবস্থা যেখানে যুদ্ধাপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা হয় এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।’
এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছিল, যার এক-চতুর্থাংশের বেশি ছিল বিভিন্ন প্রতিষ্ঠান। বিশেষজ্ঞদের মতে, টেকসই শান্তি, আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং শান্তিকামী সংস্থাগুলোর নীরব ও ধারাবাহিক কাজকে নোবেল কমিটি সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে।
গত বছর দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। অন্ধকারের মাঝেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রাখার অনন্য সাহসিকতার জন্য তাকে সম্মানিত করা হয়েছিল।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পররাষ্ট্র নীতিবিষয়ক ইনস্টিটিউটের পরিচালক, সাবেক নোবেলজয়ী এবং নোবেল কমিটির সদস্যরা বিশিষ্ট ব্যক্তি ও সংস্থাকে এই পুরস্কারের জন্য মনোনীত করে থাকেন।
এর আগে, চলতি সপ্তাহে আরও চারটি বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। চিকিৎসাবিজ্ঞানে আলো ব্যবহারের মাধ্যমে মস্তিষ্কের কার্যপ্রণালী উন্মোচনের পদ্ধতি আবিষ্কার করায় তিন বিজ্ঞানী চিকিৎসায় নোবেল লাভ করেন। পদার্থবিজ্ঞানে বিরল নিউট্রিনো কণার রহস্য উন্মোচনের স্বীকৃতি পান এক বিজ্ঞানী। রসায়নশাস্ত্রে অণুর প্রতিবিম্ব রূপ উন্মোচনের মাধ্যমে নতুন ওষুধ উদ্ভাবনের পথ সুগম করায় পুরস্কার পান দুই বিজ্ঞানী।
অন্যদিকে, ধ্রুপদী ও আধুনিক সাহিত্যের সংমিশ্রণে অনন্য রচনার জন্য গত বৃহস্পতিবার নোবেল সাহিত্য পুরস্কার অর্জন করেন কানাডীয় কবি ও অনুবাদক অ্যানে কার্সন। আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
এ বছর বিজয়ী ব্যক্তি বা সংস্থা পুরস্কারমূল্য হিসেবে পাবেন ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)।
১২৫তম বর্ষে নোবেল শান্তি পুরস্কার
১৯০১ সালে প্রবর্তনের পর থেকে এ বছর নোবেল শান্তি পুরস্কার ১২৫তম বার্ষিকীতে পদার্পণ করেছে। এ পর্যন্ত ১১২ জন ব্যক্তি ও ২৮টি প্রতিষ্ঠানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে রেড ক্রস তিনবার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) দুইবার এ পুরস্কার পেয়েছে।
বিশ্বযুদ্ধের সময়সহ মোট ১৯ বার এই পুরস্কার প্রদান স্থগিত ছিল। ১৯৪৮ সালে মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডের শিকার হওয়ার বছরও কাউকেই পুরস্কৃত করা হয়নি। উল্লেখ্য, তাকে মোট ১২ বার মনোনীত করা হলেও তিনি কখনও নোবেল পাননি।
এমনকি ১৯৩৯ সালে সুইডেনের এক সংসদ সদস্য অ্যাডলফ হিটলারের নাম নোবেল শান্তির জন্য প্রস্তাব করেছিলেন, যদিও পরে তিনি এটি নিছক কৌতুক ছিল জানিয়ে তা প্রত্যাহার করে নেন।
১০ দিন আগে
নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন ট্রাম্প
ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) মার্কিন কংগ্রেসের জর্জিয়া অঙ্গরাজ্যের প্রতিনিধি বাডি কার্টার নরওয়ের নোবেল কমিটির কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্পের মনোনয়ন সুপারিশ করেন।
চিঠিতে তিনি বলেন, ‘সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে ঐতিহাসিক চুক্তি সাফল্যের সঙ্গে বাস্তবায়নে ট্রাম্পের অসাধারণ ভূমিকা বিশ্ব শান্তির জন্য এক মাইলফলক।’
কার্টার আরও বলেন, ‘অনেকের কাছে যা অসম্ভব বলে মনে হয়েছিল, সেই যুদ্ধবিরতি চুক্তি ট্রাম্পের দৃঢ় নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।’
সোমবার (২৩ জুন) ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। যদিও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে। তবে, ট্রাম্পের প্রচেষ্টাকে আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই বিবেচনা করা হচ্ছে।
কার্টার আরও উল্লেখ করেন, ‘ইরানের পরমাণু কর্মসূচি থামাতে প্রেসিডেন্ট ট্রাম্প সাহসী পদক্ষেপ নিয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রটি যাতে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করেছেন।’
আরও পড়ুন: ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন করতে চান না ট্রাম্প
এর আগেও ট্রাম্প মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম চুক্তি’ বাস্তবায়নের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য আলোচনায় ছিলেন। এবার ইরান-ইসরায়েল সংকটে তার ভূমিকা তাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
সবশেষ ২৪ জুন ইরানে হামলা চালিয়ে দুই জেনারেলসহ দেশটির অভিজাত বাহিনী আইআরসিজির সাত সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এখন পর্যন্ত দেশ ইসরায়েলের হামলায় ৬১০ জন ইরানি নিহত হয়েছেন। অপর দিকে ইরানের মিসাইল হামলায় ২৪ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। ধ্বংস হয়ে গেছে উভয় পক্ষের গুরুত্বপূর্ণ অনেক সামরিক ও বেসামরিক স্থাপনা।
উল্লেখ্য, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে তা ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান।
সূত্র: বিভিন্ন সংবাদ সংস্থা
৪৮২ দিন আগে
ইউনূস সেন্টারের আয়োজনে দ্বাদশ বার্ষিক সামাজিক ব্যবসা সম্মেলন শুরু ২৭ জুন
নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় আগামী ২৭-৩০ অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সামাজিক ব্যবসা দিবস। এ বছরের সামাজিক ব্যবসা দিবসের বিষয়বস্তু হচ্ছে বর্তমান সভ্যতা আমাদের ধ্বংস করে ফেলার আগেই একটি নতুন সভ্যতা বিনির্মাণ।
এ বছর পূর্ব আফ্রিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়, যেমন ক্যাথলিক ইউনিভার্সিটি অব জিম্বাবুয়ে এবং তার সহযোগী হিসেবে উগান্ডার কাম্পালা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ম্যাকেরেরে ইউনিভার্সিটি বিজনেস স্কুল, কেনিয়ার তানগাজা ইউনিভার্সিটি কলেজ, বেনিনের আবোমে কালাবি এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সি.এ.এম. স্কুল অব বিজনেস সম্মেলনের বৈশ্বিক আয়োজনের সমান্তরালে স্থানীয়ভাবে সামাজিক ব্যবসা দিবসের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।
তিরিশ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ছাড়াও এ বছরের সম্মেলনে ১৫০ জনেরেও বেশি বক্তা তাঁদের বক্তব্য রাখবেন। চার দিনের এই সম্মেলনে থাকছে ১৪টি কান্ট্রি ফোরাম ও ১৬টি সেশন। পৃথিবীর ৬৬টি দেশ থেকে ৭০০-এর বেশি নিবন্ধিত অংশগ্রহণকারী সম্মেলনে যোগ দিচ্ছেন।
আরও পড়ুন: দেশে ইইউ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত
মূল বক্তাদের মধ্যে থাকছেন নোবেল শান্তি পুরস্কার ১৯৯৬ জয়ী পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস অরতা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ, নোবেল শান্তি পুরস্কার জয়ী এবং নোবেল উইমেন’স ইনিশিয়েটিভ এর সভাপতি জোডি উইলিয়ামস, জাতিসংঘের আন্ডার-সেক্রেটারী জেনারেল আরমিডা সালসিয়াহ আলিসজাবানা, জেন গুডআল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা এবং জাতিসংঘের শুভেচ্ছা দূত জেন গুডআল, ডিবিই, -এর নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা, নোবেল শান্তি পুরস্কার জয়ী মেইরিড ম্যাগুয়াইয়ার, এবং নারায়ণ রূদয়ালয় -এর ব্যবস্থাপনা পরিচালক ডা. দেবী শেঠী।
উল্লেখযোগ্য অন্য বক্তাদের মধ্যে আরো রয়েছেন মেক্সিকোর প্রাক্তন প্রেসিডেন্ট ভিনসেন্ট ফক্স কেসাদা, ব্রাজিলের প্রাক্তন পরিবেশমন্ত্রী মারিনা সিলভা, সমাজকর্মী ও অভিনেত্রী লিলি কোল, সমাজকর্মী ও অভিনেত্রী শ্যারন স্টোন, মাস্টার অব ইউনিভার্সিটি কলেজ অক্সফোর্ড ব্যারোনেস ভ্যালেরী আমোস, ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির প্রেসিডেন্ট চিকিৎসাবিদ্যা ও সংক্রামক রোগের অধ্যাপক আদীবা কামারুলজামান, সীড গ্লোবাল হেলথ-এর প্রতিষ্ঠাতা হার্ভার্ড মেডিকেল স্কুল-এর ড. ভ্যানেসা কেরী, ইউগেনা-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিৎসুুরু ইজুমো, সোশ্যাল এন্টারপ্রাইজ ইউকে-এর প্রধান নির্বাহী পিটার হলব্রুক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কেনিয়ার পল টেরগাট প্রমূখ।
আরও পড়ুন: উৎসে কর আগামী ৫ বছরের জন্য ০.৫ শতাংশ বহাল চায় বিজিএমইএ
সমাপনী বক্তব্য রাখবেন লেখিকা ও মানবাধিকার কর্মী মারিনা মাহাথির, মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডী হিউমান রাইটস-এর প্রেসিডেন্ট কেরী কেনেডী, গ্রামীণ আমেরিকা’র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অ্যান্ড্রিয়া জাং, থিংক-অস্ট্রিয়া এর হেড অব স্ট্র্যাটেজী ইউনিট এবং ফেডারেল চ্যান্সেলর এর বিশেষ উপদেষ্টা ড. অ্যান্টোনেলা মেই-পচলার, জাতিসংঘ এসডিজি অ্যাডভোকেট এবং হুইটেকার পিস এন্ড ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফরেস্ট হুইটেকার, এবং নোবেল শান্তি পুরস্কার ২০০৩ জয়ী শিরিন এবাদি।
এ বছরের বিষয়বস্তুর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, বেকারত্ব দূরীকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তঃদেশীয় সহযোগিতা, সামাজিক ব্যবসায়ে ক্রীড়ার ভূমিকা, থ্রি-জিরো ক্লাব, এবং সামাজিক ব্যবসার উপর একাডেমিক গবেষণা ইত্যাদি।
১৫৭৫ দিন আগে
ইউক্রেনের শিশুদের জন্য নিলামে রুশ সাংবাদিকের নোবেল পদক
ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সাহায্য করতে রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাটভ তার নোবেল শান্তি পুরস্কারের পদক নিলামে তুলেছেন। নিলামে প্রাপ্ত অর্থ ইউনিসেফের মাধ্যমে সরাসরি ইউক্রেনের অসহায় শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।
সোমবার রাতে দিমিত্রি মুরাটভ তার নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদকটি নিলামে তোলা হবে, যেটি তিনি ২০২১ সালের অক্টোবরে পেয়েছিলেন। তখন তিনি রাশিয়ান স্বাধীন সংবাদপত্র নোভায়া গাজেটার প্রধান সম্পাদক ছিলেন। পরে অবশ্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের ওপর ক্রেমলিনের বাধা এবং জনগণের অসন্তোষের মধ্যে মার্চ মাসে প্রকাশনাটি বন্ধ করে দেয়া হয়।
তিনি ইতোমধ্যে ঘোষণা করেছেন নগদ পাঁচ লাখ মার্কিন ডলার দাতব্য প্রতিষ্ঠানে দান করছেন। মুরাটভ বলেন,‘এটা শিশু শরণার্থীদের ভবিষ্যতের জন্য একটি সুযোগ দেয়া।’
আরও পড়ুন: আসামে বন্যায় আরও ৮ জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬২
দ্য অ্যাসোসিয়েটেড প্রেসে দেয়া এক সাক্ষাত্কারে মুরাটভ বলেছেন, তিনি বিশেষত ইউক্রেনে সংঘাতের কারণে এতিম হওয়া শিশুদের বিষয়ে উদ্বিগ্ন।
তিনি বলেন, ‘আমরা তাদের ভবিষ্যত ফিরিয়ে দিতে চাই।’
তিনি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোর কারণে চিকিৎসা সংক্রান্ত মানবিক সহায়তা যেন তাদের কাছে পৌঁছাতে কোনো বাধার সৃষ্টি না করে সে বিষয়টি লক্ষ্য রাখা জরুরি।
আরও পড়ুন: লুহানস্কের ৯৭ শতাংশ নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার
১৫৮২ দিন আগে
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনিত ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তি আনাতে নিজের প্রচেষ্টার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কারের মনোনয়ন পেয়েছেন, খবর এপি।
২২৩১ দিন আগে