ট্রেন দুর্ঘটনা
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ প্রাণহানি: তদন্তে ৩ কমিটি, ২ গেটম্যান বরখাস্ত
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে কর্তব্যে অবহেলার দায়ে সংশ্লিষ্ট রেললাইনের দুই গেটম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে পদুয়া বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এর মধ্যে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) আনিসুর রহমানকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কমিটি এবং জোনাল পর্যায়ে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে আহ্বায়ক করে আরও একটি ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সদস্য হিসেবে রাখা হয়েছে।
এছাড়া দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গেটম্যান মেহেদী হাসান ও মো. হেলাল উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ৫ জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত বাসটি লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, দুর্ঘটনার পর সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রাম অভিমুখে ট্রেন ছেড়ে গেছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার খবর শোনার পরপরই জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২৮ মিনিট আগে
কুমিল্লায় ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১২
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের ১২ যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫ যাত্রী। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ নারী ও ২ শিশু রয়েছে।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধার কাজ চালান।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রমকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাস ওই লেভেল ক্রসিং পার হচ্ছিল। সে সময় চলন্ত ট্রেনের সঙ্গে বাসটির ধাক্কায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাসটি আটকে যায়। এরপর ইঞ্জিনের সঙ্গে বাসটি আটকে থাকায় ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে এসে দাঁড়িয়ে যায়। এতে করে বাসটি দুমড়েমুচড়ে যাওয়ায় যাত্রীরা গুরুতর আহত হয়।
এ সময় ট্রেন যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠান।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে তারা তিন জনের মরদেহ উদ্ধার করে। পরে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে আজ সকাল ৭টা ১৮ মিনিট থেকে চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় চট্টগ্রাম অভিমুখী চট্টগ্রাম মেইল কুমিল্লা স্টেশন ছেড়ে যায়।
দুর্ঘটনার পর জেলা প্রশাসক রেজা হাসান ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১ ঘণ্টা আগে
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়ার বাগমারার আদমদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক উজ্জল হোসেন ইউএনবিকে জানিয়েছেন, ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে নীলসাগর এক্সপ্রেস নামের ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন পার হয়ে দুপুর আড়াইটার দিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম নামক স্থানে পৌঁছালে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের বহু যাত্রী আহত হয়েছেন।
এ দুর্ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি উজ্জল হোসেন।
সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন কহিনুর বলেন, সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরই ট্রেনটি লাইনচ্যুত হয়। এখন পর্যন্ত কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় নিচে পড়ে অনেকে আহত হয়েছেন।
বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে বলে জানান তিনি।
৩ দিন আগে
গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
গাজীপুরের পূবাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ জন আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গাজীপুর মহানগরের পূবাইল মৃধাবাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে সজিব মিয়া (৪০) এবং সাতানিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শেখ হাবিব বাপ্পী (৩৫)।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, টঙ্গী ঘোড়াশাল সড়কের পূবাইল রেলক্রসিং এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
দুর্ঘটনার পর নিহতদের স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
১৫ দিন আগে
গাজীপুরে ট্রেনের ধাক্কায় হাত-পা বিচ্ছিন্ন রেলওয়ে পুলিশের
গাজীপুরে রেলওয়ে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। এতে তার ডান হাত ও ডান পা কেটে গেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরের জয়দেবপুর রেলওয়ে ষ্টেশনের ৪ নম্বর লাইনে অসাবধানতাবসত তিনি মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী জানান, আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত এসআই হাবীব ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা কেটে গেছে। তাকে প্রথমে শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
৩০ দিন আগে
কিশোরগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রাম অভিমুখী ‘ঢাকা মেইল-২’ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছেড়ে কিছু দূর যাওয়ার পরই ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।
আজ (মঙ্গলবার) সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বগিটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় এই রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এই বিষয়ে আজ সকালে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, রাতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে। পরে সামনে অগ্রসর হওয়ার সংকেত পেয়ে জংশনের প্রায় ১৫০ মিটার দূরে গিয়ে ইঞ্জিন থেকে চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই লাইন থেকে ট্রেন সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে উদ্ধার কাজ চলছে।
৫৪ দিন আগে
থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৬৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) দেশটির নাখন রাতচাসিমা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
প্রদেশের জনসংযোগ বিভাগ জানায়, দ্রুতগতির উড়াল রেলপথ নির্মাণে ব্যবহৃত ক্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশগামী চলন্ত ট্রেনটির ওপর ভেঙে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়।
৬৭ দিন আগে
নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু
নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় ২ জন অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ রেললাইনের চল্লিশা রেলস্টেশনের নিকট দু্র্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন— শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) এবং দিনাজপুরের চিরিবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)।
তারা দুইজনই চল্লিশার জীবন কুমার সাহার মালিকানাধীন ‘তমাল তম্ময়’ অটো রাইসমিলের শ্রমিক হিসেবে এক বছর ধরে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, গতকাল (শনিবার) সন্ধ্যার দিকে রাসেল ও আকাশ তাদের মিলের ৭-৮ জন সহকর্মীর সঙ্গে মিলের পাশের রেললাইনে ঘুরতে যান। তারা রেললাইনের ওপর দিয়ে হেঁটে চল্লিশা স্টেশনে যাওয়ার সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ২ জন রাস্তার পাশে ছিটকে পড়েন। তাদের সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় রাসেল ও আকাশকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ তাদের মৃত ঘোষণা করেন।
ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, আকাশ ও রাসেলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা নিহত হয়েছেন। তাদের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সঙ্গে আসা লোকজনের তথ্য মতে, তারা ট্রেনের ধাক্কায় মারা গেছেন।
শ্যামগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, নেত্রকোণার চল্লিশায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ২ জন লোক মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭০ দিন আগে
বিকল্প পথে ময়মনসিংহ থেকে ট্রেন চলাচল শুরু
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন খুলে নেওয়ার ঘটনায় ট্রেন লাইনচ্যুতির কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কয়েক ঘণ্টা পরে বিকল্প পথে ময়মনসিংহ-ভৈরব হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ২ কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি।
রেলওয়ে স্টেশন ও পুলিশ সূত্রে জানা গেছে, তারাকান্দি থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। রেলপথের ওই স্থানটিতে ২০ ফুটের একটি লোহার দণ্ড দুপাশ থেকে নাট খুলে সরিয়ে ফেলা হয়েছে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেন লাইচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ চালাচ্ছে।
এদিকে, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সকাল ৯টা ৪০ মিনিটে ময়মনসিংহ স্টেশনে এসে অস্থান করে। এরপর বিকল্প রুট হিসেবে গৌরীপুর, কিশোরগঞ্জ ও ভৈরব হয়ে ঢাকা পাঠানো হয় ট্রেনটিকে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন বলেন, আজ বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটি ময়মনসিংহ ছেড়ে যায়। এছাড়া ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ভৈরব হয়ে ময়মনসিংহে আসবে বলেও জানান তিনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ হয়ে পড়ায় ঢাকা-তারাকান্দি রুটের আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫ নম্বর) ট্রেন, তারাকান্দি-ঢাকা রুটের আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬ নম্বর) ট্রেন, দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটের আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৪ নম্বর) ট্রেন, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকা রুটের আন্তঃনগর হাওর এক্সপ্রেস (৭৭৮ নম্বর) ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এসব ট্রেনের জন্য কাটা টিকিটের মূল্য ফেরত পেতে অনলাইনে লগইন করে রিফান্ড গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ রেলওয়ের পরিবহন পরিদর্শক শাহীনুর ইসলাম বলেন, উদ্ধারকারী ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধারকাজ শেষ হতে আরও ২ থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।
৮২ দিন আগে
রেললাইন তুলে ফেলায় দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন তুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে গফরগাঁও স্টেশনের আগে দুর্বৃত্তরা ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় এই ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ বলেন, আমি এখনও ঘটনাস্থলে পৌছাতে পারিনি। তবে রেলওয়ে নিরাপত্তাবাহিনী জানিয়েছে, ওই এলাকার ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, রেলওয়ে নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
প্রসঙ্গত, গত শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা রেললাইন এলাকায় আন্দোলন শুরু করেন।
৮৩ দিন আগে