শিশু
সিরাজগঞ্জে টাকার প্রলোভন দেখিয়ে মানসিক প্রতিবন্ধী শিশুকে ‘ধর্ষণ’
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামে টাকার প্রলোভন দেখিয়ে এক মানসিক প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগীর বাবা-মা ঢাকায় গার্মেন্টেসে চাকরি করেন। তাদের মেয়ে ওই গ্রামে নানা বাড়িতে থাকে। সে স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৬ এপ্রিল সকালে ওই শিশু স্কুলে যাওয়ার পথে একই এলাকার শান্ত (২৫) তাকে ২৫ টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। শান্তর বাড়িতে কেউ ছিল না। এ সময় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এ ঘটনার পর ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। শনিবার (২ এপ্রিল) শিশুটিকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (৩ এপ্রিল) রাতে মেয়েটির বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
১৬ ঘণ্টা আগে
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫
দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪৫টি শিশু।
মঙ্গলবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২টি শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ২৬৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৫৪টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৩১৭টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ২৫৯টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৮৬। এই সময়ে ৯৮৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২১৭টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৭৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫ হাজার ৭২৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২৯ হাজার ৮৩১ রোগী, যাদের মধ্যে ২৬ হাজার ৩৬৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
১৯ ঘণ্টা আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। তাদের একজনের বয়স ৬ মাস এবং অন্যজনের ৫ মাস।
সোমবার (৪ মে) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক সময়ে তারা মারা যায়।
৬ মাস বয়সী শিশুটির বাড়ি সিলেটের বিশ্বনাথে এবং ৫ মাস বয়সী শিশুটির বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১৫ শিশু মারা গেছে।
এদিকে, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ ও হাম নিয়ে ২০০ জন ভর্তি আছে। এর মধ্যে ৮৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৬ জন উইমেন্স মেডিকেল হাসপাতালে, ১ জন মা ও শিশু হাসপাতালে, ১ জন আল হারামাইন হাসপাতালে, ৭ জন রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে, ২ জন মাউন্ট এডোরা হাসপাতালে, ২ জন নর্থ ইস্ট হাসপাতালে, ২ জন পার্কভিউ মেডিকেল হাসপাতালে, ৪ জন হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে, ৩ জন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১৫ জন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং ১৫ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছে।
গতকাল (সোমবার) সকাল ৬টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ ও হাম নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৩ জন।
২১ ঘণ্টা আগে
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু
দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৫৬টি শিশু।
সোমবার (৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২টি শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ২৫৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৫২টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৩১১টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১৫৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩০২। এই সময়ে ১ হাজার ২৬টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৬১টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২৮ হাজার ৮৪২ রোগী, যাদের মধ্যে ২৫ হাজার ১৫১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
১ দিন আগে
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬১
দেশে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬১টি শিশু।
রবিবার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ২৪৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৫০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ২৯৪টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৬৬। এই সময়ে ৯০৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৬৫টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪০ হাজার ৪৯১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫ হাজার ৩১৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২৭ হাজার ৮১৬ রোগী, যাদের মধ্যে ২৪ হাজার ৯০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
২ দিন আগে
ফরিদপুরে শিশু আইরিন হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর উদ্ধার হওয়া ৭ বছর বয়সী শিশু আইরিন আক্তার বিনা ওরফে কবিতা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১ মে) বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের কোতয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন তিন জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন— ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) এবং নাছিমা বেগম (৪৫)।
আইরিন আক্তার বিনা ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা পূর্বপাড়া এলাকার বাসিন্দা বাকা মিয়া বিশ্বাসের মেয়ে। সে স্থানীয় বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইরিন বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন ২৫ এপ্রিল কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকেও বিষয়টি জানানো হয়।
এরপর কয়েকদিন ধরে পুলিশ ও স্বজনরা মিলে আইরিনের খোঁজ চালাতে থাকেন। তবে নিখোঁজের ৬ দিন পর ৩০ এপ্রিল সকালে স্থানীয় দুই ব্যক্তি কমিউনিটি ক্লিনিকের পূর্ব পাশে রেললাইনের ঢালে অবস্থিত একটি কলাবাগানে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পান। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা একটি পঁচাগলা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আইরিনের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। একইসঙ্গে হত্যা মামলা করে তদন্ত শুরু করেছে কোতয়ালী থানা পুলিশ ও ডিবি।
তদন্তের একপর্যায়ে পুলিশ সন্দেহভাজনদের চিহ্নিত করে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে তারা।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, প্রধান আসামি ইসরাফিল মৃধা শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আশ্রয়ন কেন্দ্রের একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এতে শিশুটি বাধা দিলে এবং বিষয়টি তার মাকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে ইসরাফিল তাকে গলা টিপে হত্যা করেন।
হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে তিনি মরদেহটি পাশের একটি বাড়ির বাথরুমের সেফটি ট্যাংকের ভেতর লুকিয়ে রাখেন। কয়েকদিন পর ওই বাড়ির মালিক নাছিমা বেগম টয়লেটে সমস্যা বুঝতে পেরে বিষয়টি তার ছেলেদের জানান। পরে ট্যাংক খুলে তারা ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান।
পুলিশ জানায়, এরপর নাছিমা বেগম তার ছেলে শেখ আমিন ও আরেক ছেলে রহমানকে মরদেহটি সরিয়ে ফেলতে বলেন। তারা মরদেহটি একটি প্লাস্টিকের ড্রামে ভরে দূরের একটি কলাবাগানে ফেলে রেখে আসে যাতে কেউ তাদের সন্দেহ না করে।
ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর পরিহিত কাপড়, স্যান্ডেল, মরদেহ বহনে ব্যবহৃত প্লাস্টিকের ড্রাম এবং একটি কম্বল উদ্ধার করেছে পুলিশ ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়েছি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’
তিনি আরও জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যব্স্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪ দিন আগে
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড
কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে ময়নাল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এই রায় দেন শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, ২০২১ সালে উপজেলার ভারেল্লা গ্রামে আসামি ময়নাল হোসেন দ্বিতীয় শ্রেণিপড়ুয়া শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণ শেষে হত্যা করে পলিথিনে পেঁচিয়ে মরদেহ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। এ ঘটনায় নিহত উম্মে হাবিবার মীমের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন।
৫ দিন আগে
নিখোঁজের সাত দিন পর ফরিদপুরে শিশুর গলিত মরদেহ উদ্ধার
ফরিদপুরে সাত দিন ধরে নিখোঁজ থাকা কবিতা আক্তার নামে এক সাত বছর বয়সী মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের অধীনে বাখুন্ডা রেল স্টেশন-সংলগ্ন কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কবিতা বাখুন্ডা আদর্শ গ্রামের বাসিন্দা বাকা বিশ্বাসের মেয়ে ছিল। পাঁচ বোনের মধ্যে কবিতা ছিল সবার ছোট। শিশুটি বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে কবিতা নিখোঁজ ছিল। এ ঘটনায় শিশুটির মা তাহমিনা বেগম গত শনিবার (২৫ এপ্রিল) ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি প্রথম দেখতে পান ওই এলাকার বাসিন্দা সোনা শেখ ও দুলাল মিয়া নামে দুই শ্রমিক। তারা বাখুন্ডা রেলস্টেশনের পাশে অবস্থিত কলাবাগানে পড়ে যাওয়া একটি কলাগাছ অপসারণ করতে গিয়ে প্রথমে দুর্গন্ধ এবং তার সূত্র ধরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্যকে জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহের পরণে কোনো পোশাক ছিল না। সালোয়ার দিয়ে শিশুটির মুখ বাধা ছিল। মরদেহটি উপুড় করা অবস্থায় পড়ে ছিল।
গেরদা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকারিয়া খান জানান, সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কাজ করতে গেলে তারা দেখেন, বাগানে একটি কলাগাছ পড়ে আছে। সেটি অপসারণ করতে গিয়ে তারা গন্ধ পান। পরে মরদেহটি দেখতে পেয়ে তারা আমাকে জানান।
তিনি আরও বলেন, ঘটনাটি জানার পর পুলিশকে খবর দেই। এরপর নিখোঁজ শিশুর মা ও বাবা ঘটনাস্থলে এসে শিশুটিকে শনাক্ত করেন।
মরদেহটি উদ্ধার করেন ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ কান্তি হালদার। তিনি বলেন, মরদেহটি পঁচে বিকৃত হয়ে গিয়েছিল। তা দেখে ধারণা করা যায়, যেদিন শিশুটি নিখোঁজ হয়, ওই দিনই তাকে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে গলিত ও বিকৃত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির পোশাক দেখে তার বাবা-মা তাকে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।
তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
৫ দিন আগে
হামের উপসর্গ নিয়ে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ এই তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫টি শিশু। বর্তমানে মোট চিকিৎসাধীন আছে ১৬৩টি শিশু।
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাসিন্দা ৪ মাস বয়সী হুজাইফা ও বরগুনা জেলার তালতলী উপজেলার ১৩ মাস বয়সী আব্দুল্লাহর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের আগের ২৪ ঘণ্টার তথ্য দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বরিশাল বিভাগে হাম-রুবেলা উপসর্গে আক্রান্ত শনাক্ত ৩ হাজারের বেশি শিশু চিকিৎসা নিয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, হাম রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশনা রয়েছে। আমরা প্রতিদিন বিভিন্ন অঞ্চলে খোঁজখবর নিচ্ছি। বরিশাল বিভাগে হামের টিকার অভাব নেই। ক্যাম্পেইনেও টিকা দেওয়া হচ্ছে। তারপরও রোগীর চাপ অনেক থাকায় হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা।
৭ দিন আগে
কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক হেফাজতে
কুষ্টিয়ায় একটি বেসরকারি হাসপাতালে অ্যানেসথেশিয়া প্রয়োগের পর অস্ত্রোপচারের সময় তাসনিয়া আফরিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অস্ত্রোপচারের সময় উপস্থিত দু্ই চিকিৎসককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে শহরতলীর মোল্লা তেঘরিয়া এলাকায় অবস্থিত একতা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
তাসনিয়া আফরিন কুমারখালী উপজেলার সানপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে ছিল।
পুলিশ জানায়, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার চাপে অস্ত্রোপচারের সময় উপস্থিত দু্ই চিকিৎসককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
নিহতের স্বজনরা জানান, চার-পাঁচ দিন আগে বাড়ির সিঁড়ি থেকে পড়ে তাসনিয়ার বাঁ হাত ভেঙে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল (সোমবার) বিকেলে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া শহরের একতা প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। এরপর হাতে অস্ত্রোপচারের জন্য সন্ধ্যা ৭টার দিকে তাসনিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক আবদুল হাদী এবং অ্যানেসথেসিয়া প্রয়োগের জন্য তাহেরুল আল আমীন উপস্থিত ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, অ্যানেসথেসিয়া প্রয়োগের কয়েক মিনিটের মধ্যেই তাসনিয়ার মৃত্যু হয়।
এ খবর অপারেশন থিয়েটারের বাইরে থাকা স্বজনদের কাছে পৌঁছালে তারা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালান। এ সময় স্থানীয় লোকজনও ভাঙচুরে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১১টা পর্যন্ত পুলিশ ও সেনা সদস্যরা সেখানে অবস্থান করেন। পরে অবরুদ্ধ দুই চিকিৎসককে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
শিশুটির খালু আতিয়ার রহমান বলেন, অ্যানেসথেসিয়া প্রয়োগে চিকিৎসকদের অবহেলার কারণেই তাসনিয়ার মৃত্যু হয়েছে। আমি এর কঠিন বিচার চাই।
ঘটনার রাতে চিকিৎসক তাহেরুল আল আমীন সাংবাদিকদের বলেন, তাসনিয়ার শারীরিক পরীক্ষা–নিরীক্ষায় সব ঠিক ছিল। জেনারেল অ্যানেসথেসিয়া দেওয়ার পর সে মৃত্যুবরণ করে। হয়তো হার্ট অ্যাটাকের কারণে মেয়েটির মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, এটাকে আমরা ‘হাইপার সেনসিটিভ কেস’ বলে থাকি, অর্থাৎ হৃদযন্ত্রের বৈদ্যুতিক গোলযোগের কারণে হঠাৎ পাম্পিং বন্ধ হয়ে যাওয়া। অনেক সময় মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের অ্যানেসথেসিয়া প্রয়োগের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।
তিনি বলেন, নিহতের পরিবার সম্ভবত ময়নাতদন্ত করতে চাচ্ছে না। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিতভাবে জানা যাবে।
একতা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলাম বলেন, শিশুটিকে অজ্ঞান (অচেতন করা) করানোর পরপরই তার মৃত্যু হয়। অ্যানেসথেসিস্ট বেশ কয়েক বছর ধরে সেখানে এসে কাজ করেন। অ্যানেসথেসিয়া কীভাবে প্রয়োগ হয়েছে বা কতটুকু প্রয়োগ হয়েছে, সেটা চিকিৎসকই ভালো বলতে পারবেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন এস এম কামাল হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কোনো গাফিলতির প্রমাণ মিললে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এমন অভিযোগে এর আগেও তিনটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দেওয়া হয়নি। রাতেই দুই চিকিৎসককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের সদস্যরা মরদেহের কাছে না থাকায় এখনও সুরতহাল প্রতিবেদন করা সম্ভব হয়নি।
৭ দিন আগে