গাছ
দিনাজপুরে অটোরিকশার ওপর গাছ উপড়ে পড়ে চালক নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তার পাশের একটি মরা গাছ উপড়ে চলন্ত অটোরিকশার ওপর পড়ে আব্দুল গফুর নামে এক চালক নিহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কাঁচদহ-খালাশপীর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল গফুর অটোরিকশা চালিয়ে কাঁচদহ থেকে খালাশপীরের দিকে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশের একটি মরা গাছ হঠাৎ অটোরিকশার উপড়ে ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রংপুরের পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নাজমুল সরকার বলেন, আজ (বুধবার) সকাল ১০টার দিকে রাস্তার পাশের একটি মরা গাছ উপড়ে পড়ায় অটোরিকশার চালক নিহত হন। পরে গাছটি অপসারণ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০৩ দিন আগে
পাথর তুলতে বাধা, ২০ লাখ টাকার গাছ কেটে প্রতিশোধ নেয়ার অভিযোগ
নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় এক পরিবেশ কর্মীর প্রায় ২০ লাখ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে তারই আপন চাচার বিরুদ্ধে।
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বড়বিল্লাহ গ্রামে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সহ-সভাপতি কাজী মকছেদুর রহমান তার আপন চাচা কাজী মাহবুবুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।
আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সারা দেশে গাছ কাটা বন্ধে রিট
অভিযোগে মকছেদ জানান, তার আপন চাচা বহুদিন ধরে জমিতে নিষিদ্ধ ড্রিল ড্রেজার দিয়ে বিনা বাধায় পাথর উত্তোলন করে আসছিলেন। পরিবেশ আন্দোলনের নেতা হিসেবে এলাকার প্রকৃতি রক্ষা ও ভূমিকম্পের হাত থেকে তেঁতুলিয়াকে বাঁচাতে ড্রেজারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন মকছেদ। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেন তিনি। এতে করে মাহবুব ভাতিজা মকছেদের ওপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে এ কাণ্ড করেন।
বিষয়টি তেঁতুলিয়া মডেল থানাকে অবগত করলেও প্রভাবশালী ড্রেজার মেশিন মালিকদের দাপটে ৭ দিনেও থানা পুলিশ আনত অভিযোগ এজাহার হিসেবে গণ্য করেনি বলে জানান মকছেদ। পরে তিনি জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন।
মকছেদ বলেন, ‘২০ বছর আগে জমিতে আমি ও আমার বাবা ১ হাজার ২০০ ইউক্যালিপটাস গাছ রোপণ করি। ঈদের আগের দিন থেকে আমার চাচা গাছ কাটা শুরু করেন। এ পর্যন্ত দুইশ'র বেশি গাছ কেটে বিক্রি করেছেন তিনি।’
সরেজমিনে দেখা যায়, অভিযোগকারীর চাচা মাহবুবের নির্দেশে কাঠ ব্যবসায়ী রহমতুল্লাহ ১০-১৫ জন নিয়ে গাছ কাটছেন। কাটা গাছগুলো কয়েকটি ভ্যানে লোড করে কাঠের মিলে নেয়া হচ্ছে।
৫৫৯ দিন আগে
যশোরে গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি
যশোর সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার যশোরের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান মুন্সি মেহেরুল্লাহ সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘গাছ সুরক্ষায় নতুন আইন, নিষিদ্ধ হচ্ছে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া’
আরও উপস্থিত ছিলেন— যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, যশোরের সহকারী বন সংরক্ষক খন্দকার মোহাম্মদ গিয়াস উদ্দিন, আব্দুল ওয়াহিদ সরদারসহ যশোর সামাজিক বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
মাসব্যাপী চলমান এই কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে যশোর জেলার অন্যান্য গাছগুলো থেকে পেরেক অপসারণ করা হবে। আজ থেকে যশোর জেলাসহ বাংলাদেশের ২৮টি জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে।
৬০০ দিন আগে
প্রতিবেশির মেয়েকে নিয়ে পালাল ছেলে, গাছে মিলল বাবার ঝুলন্ত লাশ
কুমিল্লার চৌদ্দগ্রামে তৈয়ব আলী নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে নিজ বসতঘরের সামনের একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তৈয়ব আলী দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি রাঙ্গামাটিয়া গ্রামেই বসবাস করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি সকালে তাদের ছেলে আবদুল করিম জনি পাশের নোয়াপাড়া গ্রামের এরশাদ মিয়ার মেয়ে মাদরাসাছাত্রী মাইমুনা সুলতানা লুবনাকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় লুবনার পরিবার থানায় অভিযোগ করেন। এ সময় লুবনার পরিবার তাদের মেয়েকে দ্রুত ফিরিয়ে না দিলে হত্যাসহ গ্রাম ছাড়ার হুমকি দেয় তাদের। হত্যাসহ গ্রাম ছাড়ার ভয়ে তৈয়ব আলী মানসিকভাবে ভেঙে পড়েন ও বাড়ির বাইরে বাগানে গিয়ে সময় কাটাতে শুরু করেন।’
‘এ সময় স্থানীয় এক ব্যক্তি তাকে বাড়ির পাশের বাগানে দেথতে পেয়ে বাড়িতে দিয়ে যান। একটু পরে তিনি আবার চলে যান। আমিও ঘরে তালা লাগিয়ে অন্য বাড়িতে গিয়ে ঘুমাই। বুধবার সকালে বাড়িতে গিয়ে আশপাশে তাকে খুঁজতে গিয়ে দেখতে পাই আম গাছের ডালের সঙ্গে গামছা পেছানো অবস্থার তার লাশ ঝুলে আছে। পরে লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেয়।’
মেয়ের মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার মেয়ে লুবনাকে নিয়ে তৈয়ব আলীর ছেলে আবদুল করিম জনি পালিয়েছে। এ ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ করেছি। আমরা আত্মীয়স্বজন ও পুলিশ নিয়ে তাদের বাড়িতে গিয়েছি, তবে কাউকে হত্যাসহ গ্রাম ছাড়ার হুমকি দিইনি।’
রাঙ্গামাটিয়া গ্রামের রাশেদুল ইসলাম বলেন, ‘মেয়ের পক্ষের লোকজন পুলিশ নিয়ে তৈয়ব আলীর পরিবারকে হুমকি দেয়। গত কয়েকদিন ধরে তৈয়ব আলী মানসিকভাবে ভেঙে পড়েন।’
মোহাম্মদ আলী নামে রাঙ্গামাটিয়া গ্রামের আরেক বাসিন্দা বলেন, ‘গত পরশুদিন মেয়ের চাচাসহ পুলিশ এসে তৈয়ব আলীর হাত ধরে টানাটানি করে। গ্রামবাসীর প্রতিবাদে দুইদিনের সময় দিয়ে যায়। হতাশাগ্রস্ত তৈয়ব আলী গ্রামের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। আজ তার মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। তবে এটা হত্যা না আত্মহত্যা তদন্ত করে বের করা উচিত।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘তৈয়ব আলী নামের একজনের লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
৬০৭ দিন আগে
পুলিশ কর্মকর্তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে দিল জনতা
হবিগঞ্জের বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষ চৌধুরীকে পিঠিয়ে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে। নিহত ওই পুলিশ কর্মকর্তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়।
আরও পড়ুন: লালমনিরহাটে ২ এমপি ও শতাধিক আ. লীগ নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, ৬ জনের লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৫ আগস্ট) সকালে মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি বানিয়াচং থানার কাছে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজন মারা যান, আহত হন শতাধিক। এমতাবস্থায় হাজার হাজার গ্রামবাসী থানায় ঘেরাও করে আগুন লাগিয়ে দেয়। এতে আটকা পড়ে প্রায় ৩৫ জন পুলিশ সদস্য।
পরে রাতের বেলা হবিগঞ্জ থেকে সেনাবাহিনী গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। এসময় জনতা এসআই সন্তোষকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন সন্তোষ।
পরের দিন (মঙ্গলবার) বেলা ১২টা পর্যন্ত তার লাশ রাস্তায় পড়ে থাকে। এসময় জনতা তার ওপর লাথি ও থুথু মেরে ধিক্কার জানান। এরপর এক পর্যায়ে তার লাশ রাস্তা থেকে তুলে নিয়ে জনতা গাছে ঝুলিয়ে দেয়।
আরও পড়ুন: পালানোর সময় সোনা মসজিদ ইমিগ্রেশনে রাজশাহী সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা আটক
সেনাবাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদল
৮০৪ দিন আগে
খুলনায় ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়ে যুবকের মৃত্যু
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে লালচাঁদ মোড়ল নামের এক যুবক মারা গেছেন।
রবিবার(২৬ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ৩ জেলায় দেয়াল ধসে ৪ জনের মৃত্যু
নিহত লালচাঁদ মোড়ল সুরখালি ইউনিয়নের গড়িয়ারডাঙ্গা গ্রামের গওহরলাল মোড়লের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে জাকির হোসেন বলেন, ঝড়ের রাতে নিজের ঘরে শুয়ে ছিলেন লালচাঁদ। ঘরের পাশে একটা বড় জামগাছ ঝড়ে উপড়ে ঘরের উপর পড়ে। ঘটনাস্থলেই নিহত হন তিনি।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে নিহতের পরিবার লাশ দাফনের ব্যবস্থা করছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু
পটুয়াখালীতে জোয়ারে ভেসে যাওয়া যুবকের মৃত্যু
৮৭৫ দিন আগে
আগে আওয়ামী লীগ গাছের মতো ছিল কিন্তু এখন পরগাছা হয়ে গেছে: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগে আওয়ামী লীগ একটা গাছের মতো ছিল। কিন্তু এখন সেটা পরগাছা হয়ে গেছে। তারা নানা কারণে দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তার বৈশিষ্ট্য হারিয়েছে। এছাড়া কিছু সরকারি কর্মচারী আর পেশাজীবীদের নিয়ে একটা সংঘবদ্ধ দল হয়েছে আওয়ামী লীগ।
রবিবার (১৯ মে) দুপুরে রংপুর সফরে গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: আ.লীগকে কটাক্ষ করে নির্বাচন প্রক্রিয়ার সমালোচনায় জিএম কাদের
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমি রেসপেক্ট করি। তিনি অনেক কথাই বলেন। তারা এখন শক্তিশালী দল হয়েছে বলে শুনি। কিন্তু এটা দানবীয় শক্তি নাকি শুভশক্তি। যদি দানবীয় শক্তি হয় তাহলে সে শক্তিতো আমরা পছন্দ করতে পারি না। কারণ এটা জনগণের কাছে অত্যাচার করার শক্তি।
দেশে রিজার্ভ কমে গেছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দেশ চলছে। সামনের দিকে আরও বিপদজনক অবস্থার সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, আমরা জানি, স্বাভাবিকভাবে তিন মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ থাকতে হয়। আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ৭-৮ বিলিয়নের জায়গায় এখন ৪-৫ বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। তারপরও ১৫ বিলিয়ন ডলার এখন আমাদের নেই। আমাদের এখন ১১ বিলিয়ন ডলার আছে কি না সন্দেহ।
তিনি আরও বলেন, সত্যিকার অর্থে এগুলো আমাদের জন্য অশনি সংকেত। টাকা নড়বড়ে হয়ে গেছে ডলারের কাছে। ডলারের কাছে টাকার মান প্রতিদিনেই কমছে।
জিএম কাদের বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষ অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি চায়। কিন্তু আমরা সামনে কোনো মুক্তি দেখতে পারছি না। আইএমএফ যে লোন দিচ্ছে সেটি সামান্য। বিদেশি বিনিয়োগ কমে গেছে। সামনে না খেয়ে থাকার মতো অবস্থা হতে পারে। সরকারকে এসবের জবাবদিহি করতে হবে। কিন্তু সরকার এসব গোপন করছে। তারা গ্যাস, বিদ্যুৎ খাতে লুটপাট করেছে। প্রচুর টাকা বিদেশে পাচার করেছে।
সরকার সংবিধান লঙ্ঘন করেছে জানিয়ে জিএম কাদের বলেন, সংবিধানে বলা হয়েছে, যেকোনো বৈদেশিক চুক্তি করা হলে তা রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উপস্থাপন করতে হবে। কিন্তু তা করা হচ্ছে না। তারা সংবিধান মানছে না।
নিজ দল প্রসঙ্গে জিএম কাদের বলেন, আমরা জনগণের স্বার্থে রাজনীতি করি। জনগণের মনের কথা বলতে চাই। এটা জনগণের দল, জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত রেখেছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আরও পড়ুন: সিন্দবাদের দৈত্যের মতো দেশ শাসন করছে আ.লীগ সরকার: জিএম কাদের
ব্যাংক সংকট সমাধানে সরকার ব্যর্থ : জিএম কাদের
৮৮৩ দিন আগে
পরিবেশ রক্ষায় সারা দেশে গাছ কাটা বন্ধে রিট
পরিবেশ রক্ষায় রাজধানী ঢাকাসহ সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার (৫ মে) মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে এ রিট পিটিশন দায়ের করে।
আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী, আইনজীবী মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া ও আইনজীবী রিপন বাড়ৈই হাইকোর্টে এই রিটটি করেছেন।
আরও পড়ুন: সংবাদমাধ্যমের স্বাধীনতার র্যাংকিং নির্ধারণ পদ্ধতির ভুল তুলে ধরা হবে: তথ্য প্রতিমন্ত্রী
রিটের পক্ষের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সোমবার (৬ মে) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হতে পারে।
সম্প্রতি তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যেও বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে মর্মে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রিট পিটিশনে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঢাকা শহরে যে পরিমাণ গাছপালা থাকা দরকার তা দিন দিন কমছে এবং সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠছে। যে কারণে সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হচ্ছে।
তিনি আরও বলেন, অন্যদিকে সামাজিক বনায়ন চুক্তিতে সারা দেশে লাগানো গাছগুলো কেটে ফেলার কারণে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। যা বন্ধ না হলে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ঘটবে এবং মানুষের বেঁচে থাকার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
আরও পড়ুন: নিষিদ্ধ সব জালের ব্যবহার বন্ধ করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী
রিটে যেসব নির্দেশনা চাওয়া হয়েছে-
১. গাছ কাটা নিয়ন্ত্রণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে ৭ দিনের মধ্যে পরিবেশবাদী, পরিবেশ বিজ্ঞানী, প্রফেসর, পরিবেশ বিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর পরিবেশ বিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একটি সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন, যারা প্রয়োজনে ঢাকা শহরে গাছ কাটার অনুমতি প্রদান করবে।
২. গাছ কাটা বন্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ দিনের মধ্যে একটি সার্কুলার ইস্যু করে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পরিবেশ অফিসার, সরকারি কলেজের অধ্যক্ষ, সমাজকর্মী, পরিবেশবাদী, জেলা আইনজীবী সমিতির সভাপতি/সেক্রেটারি এবং সিভিল সার্জনের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ প্রদান করবেন, যাদের অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না।
৩. গাছ কাটা বন্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের মধ্যে একটি সার্কুলার ইস্যু করে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে; কলেজের অধ্যক্ষ, সমাজকর্মী, পরিবেশবাদী, সমাজকল্যাণ অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব ল্যান্ড এবং এলজিইডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ প্রদান করবেন, যাদের অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না।
৪. কমিটি গঠন হওয়ার আগ পর্যন্ত সব বিবাদী নিজ নিজ এলাকায় যাতে কোনো গাছ কাটা না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ চাওয়া হয় এবং দুই সপ্তাহের মধ্যে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল নির্দেশনা চাওয়া হয়।
৫. গাছ কাটা বন্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, ঢাকা শহরসহ অন্যান্য জেলা এবং উপজেলা শহরে গাছ কাটা বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ এর বিধানে গাছ লাগানোর চুক্তিভুক্ত পক্ষকে অর্থ দেওয়ার বিধান সংযুক্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না সে মর্মে রুল চাওয়া হয়েছে।
রিট আবেদনে কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালণয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, এলজিইডি’র প্রধান প্রকৌশলী, প্রধান বন সংরক্ষক, সড়ক মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পুলিশের আইজিপিকে বিবাদী করা হয়েছে।
আরও পড়ুন: মৌলিক শিক্ষা অধিকার: প্রাথমিক থেকে নিম্ন-মাধ্যমিক স্তরে উত্তরণে কাজ করবে দুই মন্ত্রণালয়
৮৯৭ দিন আগে
সিরাজগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কায় যাত্রীর মৃত্যু
সিরাজগঞ্জে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।
সোমবার (২২ এপ্রিল) সকাল দিকে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি নামক স্থানে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
নিহত আল শামীম (২৪) পাবনা জেলার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি বাস বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: চট্টগ্রামে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
৯১০ দিন আগে
গাজীপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধুর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক বন্ধু আহত হয়েছেন।
সোমবার কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শফিকুল খন্দকার ও রায়হান খন্দকার এবং আহত বন্ধু হলেন- বিল্লাল খান।
আরও পড়ুন: গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্থানীয়রা জানায়, সোমবার তিন বন্ধু মিলে মোটরসাইকেলে ঘুরতে যান। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে তিন বন্ধু গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল খন্দকার ও রায়হান খন্দকারকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আহত অপরজন বিল্লাল খানকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে দুই দিনে সড়ক দুর্ঘটনায় ৩ তরুণ নিহত
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৯১৭ দিন আগে