কিশোরগঞ্জ
পাঁচ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত
প্রায় পাঁচ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এবার শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদুল ফিতরের জামাত।
নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই হয়েছে ঈদের জামাত। সকাল ১০টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।
এবারের ঈদ জামাতে বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলমসহ কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ ও জেলা প্রশাসক এবং মাঠ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা মাঠে নামাজ আদায় করেন।
আগত মুসল্লিদের প্রত্যেককে তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হয়। জেলার স্থানীয় মুসল্লিসহ দেশ-বিদেশের পাঁচ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে এ জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শুরুর ঘণ্টাখানেক আগেই পুরো মাঠটি মুসল্লিতে ভরে যায়। পরবর্তীতে আগত মুসল্লিরা মাঠে জায়গা না পেয়ে পাশের রাস্তায়, বিভিন্ন বাড়ির আঙ্গিনায় নামাজ আদায় করেন।
এ সময় নিরাপত্তার জন্য ১১০০ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। সেই সঙ্গে ছিল সেনাবাহিনী ৪ প্লাটুন, র্যাবের ৬টি টিম, ৫ প্লাটুন বিজিবিসহ সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা। মাঠের ভেতরে নির্মিত ৬টি ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিকক নজরদারি করে পুলিশ প্রসাশন।
এই জামাতে অংশ নেওয়ার সুবিধার্থে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেন দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে।
রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শটগানের ৬টি ফাঁকা গুলি ছোড়া হয়। ৩টি গুলি করা হয় জামাত শুরুর ৫ মিনিটি আগে, ২টি ২মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর ১ মিনিট আগে।
২২ ঘণ্টা আগে
১৯৯তম ঈদুল ফিতরের জামাত আয়োজনে প্রস্তুত শোলাকিয়া
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের দিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহৎ এই জামাত।
শতবর্ষের ধারাবাহিকতায় এবার শোলাকিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত। এতে দেশ-বিদেশ থেকে আগত লাখো মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এবারের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
জামাতকে কেন্দ্র করে মাঠের দাগ কাটা, মেহরাব নির্মাণ, দেয়ালে চুনকাম, ওজুখানা স্থাপন এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানান, একসঙ্গে বিপুল সংখ্যক মুসল্লির নামাজ আদায় ও দোয়া কবুলের বিশেষ গুরুত্বের কারণে শোলাকিয়ায় নামাজ পড়তে মুসল্লিদের আগ্রহ থাকে।
সরেজমিনে দেখা গেছে, ২০১৬ সালের জঙ্গি হামলার অভিজ্ঞতা মাথায় রেখে এবারও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাঠ ও আশপাশে বসানো হয়েছে ৬৪টি সিসিটিভি ক্যামেরা। ছয়টি ওয়াচ টাওয়ার থেকে পুলিশ ও র্যাব সার্বক্ষণিক নজরদারি করবে। মোতায়েন থাকবে প্রায় এক হাজার ১০০ পুলিশ সদস্য, র্যাবের ছয়টি টিম, পাঁচ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন আনসার ও চার প্লাটুন সেনাবাহিনী। এছাড়া থাকবে ড্রোন নজরদারি, মেটাল ডিটেক্টর, আর্চওয়ে এবং একাধিক চেকপোস্ট। মুসল্লিদের ঈদগাহে প্রবেশের আগে পুলিশের চারটি নিরাপত্তা স্তর অতিক্রম করতে হবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মেডিক্যাল টিম এবং কুইক রেসপন্স ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে।
ঐতিহ্য অনুযায়ী, ঈদ জামাত শুরুর আগে বন্দুকের গুলির মাধ্যমে সংকেত দেওয়া হবে। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং ৫ মিনিট আগে একটি গুলি ছুড়ে মুসল্লিদের সতর্ক করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, এবারও মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করতে হবে।
৩ দিন আগে
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) জেলার সদর ও কটিয়াদী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে গরুকে ঘাস খাওয়ানোর সময় ইমন মিয়া (২৬) নামে এক যুবক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই গরুসহ নিহত হন।
নিহত ইমন আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
অন্যদিকে, দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড়ে একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটে। এতে দুই কিশোর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্র ইরফানকে (১৬) মৃত ঘোষণা করেন। এছাড়া অবস্থার অবনতি হলে অপর কিশোর নৌশাদকে (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারও মৃত্যু হয়।
নিহত ইরফান শহরের হারুয়া এলাকার ফোরকান মিয়ার ছেলে। কিশোরগঞ্জ উচ্চ বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল সে।
এ ছাড়াও দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ–ভৈরব আঞ্চলিক সড়কে একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী অজ্ঞাতনামা এক নারী নিহত হন।
একই দিন বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়। তবে নিহত নারী ও শিশুটির পরিচয় জানা যায়নি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া এবং কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খুরশেদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
৫ দিন আগে
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বিজয়ী হয়েছেন ৭৬ হাজার ৯০৭ ভোটে।
ফজলুর রহমান এ আসনের ১৫০ কেন্দ্রে ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ঢাকা সিটি করপোরেশন উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।
এই আসনে মোট ভোটার আছে ৪ লাখ ৮ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ১৮২ জন, নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ১৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
৩৭ দিন আগে
কিশোরগঞ্জে ভোট দিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে আব্দুর রাজ্জাক রেজু মিয়া (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার আগানগর ইউনিয়নের মনতাজ চেয়ারম্যানের এলাকায় একটি দোকানে বসে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রেজু মিয়া ওই এলাকার মৃত আলাউদ্দিন ওরফে চান মিয়ার ছেলে ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরে তার বাড়ির পাশের এলাকার কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। বাড়ি ফেরার পথে একটি দোকানে বসেন তিনি। এ সময় নির্বাচনি টলহরত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এর ফলে হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। পরে স্থানীয়রা তাকে প্রথমে এলাকার একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তাতেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই বৃদ্ধের ছেলে মর্তুজ মিয়া বলেন, সেনাবাহিনীর গাড়ি দেখে ভয়ে আমার বাবা আতঙ্কিত হয়ে পড়েন। এর ফলে অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসক বলেছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এ বিষয়ে স্থানীয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য জানায়, ঘটনাটি শুনেছি। তবে এটা আমার ভোটকেন্দ্রের বাইরে। তবে এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।
৩৭ দিন আগে
কিশোরগঞ্জে জাল ভোট দিতে গিয়ে ধরা যুবকের ২ বছরের কারাদণ্ড
কিশোরগঞ্জ-১ আসনের হোসেনপুর উপজেলায় এক যুবককে জাল ভোটের চেষ্টায় ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার জিনারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই কেন্দ্রে দুপুরের আগে জাল ভোট দিতে যান ইমরান হোসাইন (২১)। এ সময় জনগণ তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। এরপর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. কাউসার আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইমরানকে কারাগারে পাঠানো হয়েছে।
৩৭ দিন আগে
কিশোরগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রাম অভিমুখী ‘ঢাকা মেইল-২’ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছেড়ে কিছু দূর যাওয়ার পরই ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।
আজ (মঙ্গলবার) সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বগিটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় এই রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এই বিষয়ে আজ সকালে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, রাতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে। পরে সামনে অগ্রসর হওয়ার সংকেত পেয়ে জংশনের প্রায় ১৫০ মিটার দূরে গিয়ে ইঞ্জিন থেকে চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই লাইন থেকে ট্রেন সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে উদ্ধার কাজ চলছে।
৫৪ দিন আগে
পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে ৩৫ বস্তা টাকা, চলছে গণনা
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান বাক্স খোলা হয়েছে। এবারে বাক্সগুলোতে মিলেছে ৩৫ বস্তা টাকা। সেই সঙ্গে বরাবরের মতো মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।
তিন মাস ২৭ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনসহ ১৮ জন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, আনসার ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির লোকজনের উপস্থিতিতে একে একে মসজিদের দান বাক্সগুলো খোলা হয়।
এরপর প্লাস্টিকের বস্তায় টাকা ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। তারপর শুরু হয় গণনা। পাগলা মসজিদের মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার ৩৬০ শিক্ষার্থী এবং রুপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৪৬০ জন এবং মসজিদ ও মাদ্রাসার ৩৩ জন কর্মকর্তা কর্মচারী গণনায় অংশ নিয়েছেন।
এর আগে, চলতি বছরের ৩০ আগস্ট মসজিদটির দান বাক্স থেকে পাওয়া গিয়েছিল ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছিল।
পাগলা মসজিদের দানসিন্দুক থেকে প্রাপ্ত অর্থ মসজিদের উন্নয়ন, গরিব ও অসহায়দের সাহায্য, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনাসহ নানাবিধ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়ে থাকে।
কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে এই মসজিদটির অবস্থান। প্রথমে মাত্র ১০ শতাংশ জমির ওপর নির্মিত হলেও বর্তমানে এটি ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর বিস্তৃত। তিনতলা বিশিষ্ট মসজিদটিতে রয়েছে একটি সুউচ্চ মিনার, যা পাঁচতলা ভবনের সমান উচ্চতা বিশিষ্ট এবং দূর থেকেও দৃশ্যমান।
এখানে একসঙ্গে ৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং নারীদের জন্য রয়েছে পৃথক নামাজের জায়গা।
৮৫ দিন আগে
কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, দুই নেতা বহিষ্কার
কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— কিশোরগঞ্জ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়ভার দল বহন করবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার
কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান (জিএস) শরীফ বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গতকাল (শুক্রবার) বিকেলে কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মো. হিমেল (২৪) নামের এক যুবক নিহত হন এবং কমপক্ষে ১০ জন আহত হন।
এই ঘটনাকে কেন্দ্র করে নিহত ব্যক্তির পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ-সেনাবাহিনীসহ প্রশাসনের বাড়তি নিরাপত্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২১১ দিন আগে
কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবক মো. হিমেল (২৪) ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে এবং যুবদল নেতা রাজনের অনুসারী। এদিকে হিমেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকালে রাজনের পক্ষের লোকজন এমদাদের বাড়িঘরে আগুন দেয়।
স্থানীয়রা জানান, জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদের পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুসারে ব্যাবস্থা নেওয়া হবে।
পড়ুন: দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস
২১১ দিন আগে